‘নীল বিপ্লবে’ হারিয়ে গেছে শিল্পসমৃদ্ধ খুলনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বয়লারের পাকানো ধোঁয়া, জাহাজের কানফাটানো ভেঁপু, মালগাড়ির হুইসেলে কর্মব্যস্ত হাজারো শ্রমিকের আনাগোনা— এ সবই এখন ইতিহাস। স্বাধীনতার আগে ও পরে খুলনা ছিল এশিয়ার অন্যতম শিল্পসমৃদ্ধ অঞ্চল। এখানকার বিভিন্ন পণ্য এশিয়া ও ইউরোপের বাজারে রপ্তানি হতো।কিন্তু এখনকার দৃশ্যপট আলাদা। বিগত দুই দশকে এ অঞ্চলে শিল্পের ভিত্তি ধ্বংস করে চিংড়ি চাষকে স্থলাভিষিক্ত করা হয়েছে। এই রূপান্তরকে অনেকে নাম দিয়েছেন ‘নীল বিপ্লব’। খুলনার মানুষের অভিমত, এতে কৃষির বর্ধিত বাণিজ্যিকীকরণ ঘটেছে। আর ফল ভোগ করছে ভূস্বামী, মহাজন, বণিক ও মুষ্টিমেয় কিছু রপ্তানিকারক। এর বিপরীতে ধ্বংস করা হয়েছে শতাধিক ছোট-বড় শিল্পকারখানা। সৃষ্টি হয়েছে হাজার হাজার বুভুক্ষু ও নিঃস্ব মানুষ। দৌলতপুর জুটমিলের মেশিনম্যান শহিদুল্লাহ সরদার। চাকরি হারালেও তিনি মিলের মায়া ছাড়তে পারেননি। আশা, আবার হয়তো কোনো এক দিন মিলটি চালু হবে। জীবিকার তাগিদে মিলের সামনেই চা-সিগারেটের দোকান দিয়েছেন তিনি।সরকারি হিসাবে দেশের সব অঞ্চলের দারিদ্র্যের হার কমলেও খুলনা বিভাগে বেড়েছে। ২০০৫ সালের খানা আয় ও ব্যয় জরিপ অনুযায়ী, খুলনা বিভাগে দারিদ্র্যের হার আড়াই শতাংশ বেড়েছে। এরপর সিডর ও আইলার মতো ভয়ংকর ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত অসংখ্য দরিদ্র পরিবার যুক্ত হয়েছে এই কাতারে। ফলে স্বাধীনতা-পরবর্তীকালে চার দশকে উন্নয়ন-বৈপরীত্যের এক প্রতীকী চিত্র হয়ে দাঁড়িয়েছে খুলনা।সরকারি হিসাবে ১৯৫০ থেকে ১৯৮১-৮২ সাল পর্যন্ত বড় ও মাঝারি আকারে ১৮৫টি শিল্পকারখানা খুলনার খালিশপুর, রূপসা, আটরা ও দৌলতপুর এলাকায় প্রতিষ্ঠিত হয়। এগুলো ছিল পাটকল, বস্ত্রকল, নিউজপ্রিন্ট, হার্ডবোর্ড ও জাহাজ নির্মাণ কারখানা। বর্তমানে এর বেশির ভাগই বন্ধ বা রুগ্ণ হয়ে পড়েছে। দেশের বিভিন্ন অঞ্চলের অর্থনৈতিক পরিস্থিতি ও কর্মকাণ্ড বিষয়ে দেশে ১৯৮৬ এবং ২০০১ থেকে ২০০৩ সাল সময় দুটি অর্থনৈতিক জরিপ পরিচালিত হয়েছে। এই জরিপ অনুযায়ী, খুলনা জেলায় ১৯৮৬ থেকে ২০০৩ সময়ে ১০ জনের বেশি শ্রমিক বা কর্মচারী কাজ করে—এমন স্থায়ী প্রতিষ্ঠানের সংখ্যা কমেছে। ১৯৮৬ সালে এ রকম প্রতিষ্ঠান ছিল এক হাজার ৫৩৮টি এবং কর্মরত মানুষের সংখ্যা ছিল এক লাখ ১৭ হাজার ২১০ জন। ২০০৩ সালে এই সংখ্যা কমে হয়েছে এক হাজার ২০১টি এবং এসব প্রতিষ্ঠানে কর্মরত মানুষের সংখ্যা অর্ধেকেরও নিচে নেমে হয়েছে ৫৪ হাজার ৬২৮ জন। ২০০৭ সালে পিপলস জুটমিলসহ আরও বেশ কয়েকটি প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। শ্রমিক-কর্মচারী ছাঁটাই হয়েছে অনেক প্রতিষ্ঠান থেকে। খুলনার ব্যবসায়ী ও শ্রমিকনেতাদের মতে, কর্মরত লোকের সংখ্যা ৩০ হাজারের বেশি হবে না। শিল্পের এই ক্রমাবনতির সময়ই খুলনা-সাতক্ষীরা-বাগেরহাট অঞ্চলে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) এবং বিশ্বব্যাংক চিংড়ি চাষের জন্য উত্সাহ দিতে থাকে। আর এ সময় বাঁধ কেটে লোনা পানি ঢুকিয়ে এলাকার কৃষিজমিতে সম্প্রসারিত হতে থাকে চিংড়ি চাষ। আবার এ সময়ই এডিবি ও বিশ্বব্যাংকের পরামর্শে রাষ্ট্রায়ত্ত বড় বড় প্রতিষ্ঠান থেকে সরকারি সমর্থন প্রত্যাহার শুরু হয়। একসময়ের ঘেরমালিক ও চিংড়ি রপ্তানিকারক, বর্তমান খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি সাহারুজ্জামান মর্তুজা বিগত দুই দশকে খুলনা শিল্পনগরের উন্নয়নের এই বৈপরীত্যের চিত্র তুলে ধরেন। প্রথম আলোকে তিনি বলেন, ‘খুলনা শহরের শিল্পায়ন-ব্যর্থতার দায়ভার সবার। অর্থনৈতিক প্রসারতার জন্য এর গুরুত্ব খুলনার রাজনীতিবিদ ও ব্যবসায়ী থেকে শুরু করে জাতীয় নেতাদের কেউই উপলব্ধি করেননি।’ ফলে একসময়ের জমজমাট শিল্পনগরে খুলনা তার ঐতিহ্য হারিয়ে ফেলেছে। হাতের কাছেই নদীবন্দর, ৪০ কিলোমিটারের মধ্যে সমুদ্রবন্দর, রেলপথ, আধুনিক সড়ক যোগাযোগের সব সুবিধা থাকা সত্ত্বেও শুধু অবহেলা ও ভুল নীতির জন্য খুলনার শিল্পাঞ্চল এখন ‘এক মৃত নগর’। অধুনালুপ্ত শিল্প ব্যাংকের খুলনা শাখা প্রায় ৬০টি প্রকল্পে ঋণ দিয়েছে। এর মধ্যে মাত্র নয়টি বর্তমানে চালু আছে। শিল্প ব্যাংকের রেকর্ডপত্রে ৩৯টি প্রকল্প সম্পর্কে জানা গেছে। এর সিংহভাগই ঋণখেলাপি এবং বন্ধ। ২৫টি প্রকল্পের ঋণ অবলোপন করা হয়েছে, যার পরিমাণ ১৪৫ কোটি ১০ লাখ টাকা। শিল্প ব্যাংক ও শিল্পঋণ সংস্থার পুনর্গঠিত প্রতিষ্ঠান বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক স আ জলিল আল আজাদ খুলনায় শিল্পপ্রতিষ্ঠানগুলো টিকতে না পারার কারণ ব্যাখ্যা করে বলেন, ‘নিরবচ্ছিন্ন বিদ্যুত্ সরবরাহ এবং মংলা বন্দর ঠিকমতো চালু না থাকার ফলে অনেক প্রতিষ্ঠান ব্যবসায়িকভাবে দুর্বল হয়ে পড়ে।’ খুলনার শিরোমণিতে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটিরশিল্প সংস্থা বিসিকের শিল্পনগরে অবস্থিত ছোট ছোট কারখানারও একই হাল। সরেজমিনে গিয়ে বিসিকের বিবর্ণ চিত্র দেখা যায়। রাস্তাঘাট ভাঙা, নতুন প্লট খালি না থাকলেও আগে প্রতিষ্ঠিত শিল্পকারখানার অনেকগুলোই বর্তমানে বন্ধ বা নিষ্ক্রিয়। বন্ধ আছে খুলনা বিসিকের অন্যতম বড় শিল্পপ্রতিষ্ঠান ফরিদপুর টেক্সটাইল মিলস লিমিটেড। আশির দশকে শিল্প ব্যাংকের কাছ থেকে ঋণ নিয়ে এটি তৈরি হলেও বন্ধ হয়ে আছে প্রায় দুই লাখ বর্গফুটের এই বস্ত্রকলটি। বন্ধ আছে তেলকল, পলিথিনসহ প্রায় ১৯টি শিল্পপ্রতিষ্ঠান। ছোট ও মাঝারি এসব প্রতিষ্ঠান মূলত খুলনা বিভাগের স্থানীয় চহিদা মেটাতেই গড়ে উঠেছিল। তবে বড় বড় শিল্পকারখানা বন্ধ হওয়ায় কমে গেছে সামগ্রিক খুলনা এলাকার মানুষের ভোগ-ব্যয়। যার প্রভাব পড়েছে অনেক বরফকল, বিস্কুট তৈরির কারখানা, প্লাস্টিক কারখানা, আটা-ময়দার মিলের ওপর। বিসিকের খুলনা-বরিশাল বিভাগের আঞ্চলিক পরিচালক সরওয়ার ই জাহান বলেন, পাটশিল্পগুলোর করুণ অবস্থার কারণে বিগত তিন দশকে যেসব সংযোগ শিল্প গড়ে উঠেছিল সেগুলোর অবস্থা খারাপ। একসময় খুলনা এলাকায় লাখের ওপর শ্রমিক কাজ করতেন। তাঁদের কাপড় থেকে শুরু করে নিত্যদিনের চাহিদা পূরণের জন্য অনেক ছোট ও মাঝারি শিল্প গড়ে উঠেছিল। বড় বড় মিল বন্ধের পর খুলনা থেকে অনেক শ্রমিক পরিবার চলে গেছে। ফলে গড়ে ওঠা ছোট ও মাঝারি শিল্পগুলো হয় রুগ্ণ বা বন্ধ হয়ে গেছে।