‘নীলফামারী হাসপাতালের সমস্যা চিকিৎসক ও স্থানীয় জনবল’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘নীলফামারী সদর আধুনিক হাসপাতালের বড় সমস্যা হচ্ছে লোকাল চিকিৎসক ও লোকাল জনবল (স্টাফ)’, বললেন নীলফামারী সিভিল সার্জন ডা. মো. আবদুর রশিদ আকন্দ। ২৮ আগস্ট বিকেলে হাসপাতালের সম্মেলনকক্ষে নারীবান্ধব হাসপাতাল কর্মসূচির মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি ওই কথা বলেন।নীলফামারী সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা আ. রশীদ তাঁর বক্তব্যে বলেন, নীলফামারী সদর আধুনিক হাসপাতালকে ২০০৯ সালে নারীবান্ধব করা হলেও গত জানুয়ারি থেকে জুন পর্যন্ত এখানে মাত্র ৫০টি সিজার করা হয়েছে। অথচ পার্শ্ববর্তী লালমনিরহাট জেলা সদর হাসপাতালে একই সময় সিজার করা হয়েছে ১৫৮টি। একটি জেলা সদরের হাসপাতালে এত কম সিজার হওয়ার কারণ জানতে চাইলে সিভিল সার্জন ডা. আবদুর রশিদ আকন্দ ওই মন্তব্য করেন। ইউনিসেফের আর্থিক সহায়তায় বেসরকারি সংস্থা পপি ও নারীপক্ষ ঢাকার সহযোগিতায় স্থানীয় স্বাস্থ্য বিভাগ আয়োজিত মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে এ সময় বক্তব্য দেন নীলফামারী সদর উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন, মশিউর রহমান কলেজের অধ্যক্ষ সারোয়ার মানিক, ভাইস চেয়ারম্যান দৌলতন জাহান, নীলফামারী সদর আধুনিক হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. ফজলুল হক, নারীপক্ষের প্রকল্প পরিচালক রহিমা প্রমুখ। নীলফামারী সদর আধুনিক হাসপাতালের নারীবান্ধবের প্রতিবন্ধকতা হিসেবে চারটি সমস্যাকে চিহ্নিত করা হয়। সেগুলো হচ্ছে নিরাপত্তাকর্মীর অভাব, খাবারের স্বল্পতা, অনিয়ন্ত্রিত দর্শনার্থী ও বিদ্যুৎ সরবরাহের অপ্রতুলতা।