‘নূতন চন্দ্র সিংহকে দুই থেকে তিনটি গুলি করেন সাকা চৌধুরী’
বিএনপির নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের চতুর্দশতম সাক্ষী গোপাল চন্দ্র দাশ আজ মঙ্গলবার সাক্ষ্য দিয়েছেন।বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে-১-এ গোপাল চন্দ্র দাশ তাঁর জবানবন্দিতে বলেন, ১৯৭১ সালের ১৩ এপ্রিল তিনি চট্টগ্রামের কুণ্ডেশ্বরী ঔষধালয়ের প্রতিষ্ঠাতা নূতন চন্দ্র সিংহকে খুন হতে দেখেছেন। ওই সময় ঘটনাস্থলে পাকিস্তানি সেনা কর্মকর্তা, সৈনিক ও কয়েকজন বাঙালির সঙ্গে সালাউদ্দিন কাদের চৌধুরী উপস্থিত ছিলেন। প্রথম অবস্থায় পাকিস্তানি সেনারা নূতন চন্দ্র সিংহকে ব্রাশফায়ার করে। এরপর সালাউদ্দিন কাদের চৌধুরী তাঁর সঙ্গে থাকা পিস্তল অথবা রিভলবার দিয়ে নূতন চন্দ্র সিংহকে দুই থেকে তিনটি গুলি করেন। তাঁর (নূতন চন্দ্র সিংহ) মৃত্যু নিশ্চিত হওয়ার পর তাঁরা ঘটনাস্থল ত্যাগ করেন। এক ঘণ্টার জবানবন্দি শেষে সাক্ষীকে জেরা শুরু করেছেন আসামিপক্ষের আইনজীবী। উল্লেখ্য, মুক্তিযুদ্ধের সময় গোপাল চন্দ্র দাশ কুণ্ডেশ্বরী বালিকা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ছিলেন।