‘নূতনচন্দ্রকে দুই তিনটি গুলি করেন সাকা চৌধুরী’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাংসদ সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের পঞ্চম সাক্ষী প্রফুল্ল রঞ্জন সিংহ (৭২) জবানবন্দিতে বলেছেন, প্রত্যক্ষদর্শী ব্রজহরি কর্মকারের কাছে তিনি শুনেছেন, গুলিবিদ্ধ নূতনচন্দ্র সিংহ যখন ছটফট করছিলেন, তখন সাকা চৌধুরী পিস্তল দিয়ে তাঁকে দু-তিনটি গুলি করেন।বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ গতকাল বুধবার প্রফুল্ল জবানবন্দি দেন। তিনি কুণ্ডেশ্বরী ঔষধালয়ের প্রতিষ্ঠাতা শহীদ নূতনচন্দ্র সিংহের ছোট ছেলে। রাষ্ট্রপক্ষের কৌঁসুলি জেয়াদ-আল-মালুম তাঁর জবানবন্দি নেন।প্রফুল্ল জবানবন্দিতে বলেন, তাঁরা তিন ভাই ও এক বোন। তাঁর বাবা নূতনচন্দ্র সিংহ বার্মা (বর্তমানে মিয়ানমার) থেকে ১৯৪২ সালে চট্টগ্রামে চলে আসেন। এরপর তিনি চট্টগ্রাম ও কলকাতায় থাকতেন। ১৯৪৬ সালে তিনি নিজ বাড়িতে (গহিরা) এবং কলকাতায় ওষুধ ও সাবানের কারখানা করেন। ১৯৫২ সালে পাসপোর্ট প্রথা চালু হলে তিনি স্থায়ীভাবে চট্টগ্রামে বসবাস শুরু করেন। ১৯৬০ সালে তিনি নারী শিক্ষার জন্য কুণ্ডেশ্বরী বালিকা বিদ্যামন্দির ও ১৯৬৯ সালে কুণ্ডেশ্বরী বালিকা মহাবিদ্যালয় প্রতিষ্ঠা করেন। এ ছাড়া বিভিন্ন স্কুল-কলেজে দান এবং মন্দির ও রাস্তাঘাট নির্মাণ করেন।এ সময় জেয়াদ-আল-মালুম সাক্ষীর কাছে জানতে চান, সত্তরের নির্বাচন সম্পর্কে তিনি কিছু জানেন কি না? জবাবে প্রফুল্ল বলেন, বঙ্গবন্ধুর ছয় দফা ঘোষণার পর সারা পূর্ব পাকিস্তানে আন্দোলন শুরু হয়। তিনি, তাঁর মেজো ভাই সত্যরঞ্জন সিংহ, গহিরার আবদুল ওহাব, নুরুল আমিন, আবদুল্লাহ আল নোমান প্রমুখ আবদুল্লাহ আল হারুন চৌধুরীর নেতৃত্বে এই আন্দোলনে সম্পৃক্ত হন। এ সময় নূতনচন্দ্রের সঙ্গে দেখা করতে বঙ্গবন্ধু তাঁদের বাড়িতে যান। এর কারণ হলো, এর আগে রাউজানে যত নির্বাচন হয়েছে, সেখানে সংখ্যালঘু ভোটাররা কোনোদিন ভোটকেন্দ্রে যেতে পারেননি। তখন ফজলুল কাদের চৌধুরী ওই এলাকা থেকে নির্বাচিত হতেন। তিনি ভোটের আগে গ্রামে এসে সংখ্যালঘু সম্প্রদায়ের লোকদের বলতেন, ‘আপনারা তো আমাকে ভোট দেবেন, অতএব আপনারা সেন্টারে না গেলেই বুঝব আপনাদের ভোট আমি পেয়েছি।’ যাঁরা তাঁর কথা উপেক্ষা করে ভোটকেন্দ্রে যেতেন, তাঁদের নির্যাতন করা হতো। এর জের ধরে নোয়াপাড়ায় সংখ্যালঘুদের অত্যাচার করা হয়েছে, বাড়িঘরে আগুন দিয়েছে, লুটপাট হয়েছে। মুসলিম লীগের গুন্ডারা এসব করেছে। এ জন্য বঙ্গবন্ধু সংখ্যালঘুদের সান্ত্বনা দিতে রাউজান ও কুণ্ডেশ্বরী যান। তাঁর বাবার (নূতনচন্দ্র) সঙ্গে দেখা করে বঙ্গবন্ধু বলেন, ‘কাকাবাবু, আমি একটা বড় কাজে নেমেছি, আমাকে আশীর্বাদ করেন।’ এ সময় তাঁর বাবা বলেন, ‘সত্য ও ন্যায়ের পথে যে থাকবে, ঈশ্বর তাঁর সঙ্গে থাকবে।’ সে সময় তিনি সেখানে ছিলেন।প্রফুল্ল বলেন, সত্তরের নির্বাচনের আগের দিন ফজলুল কাদের চৌধুরী তাঁর বাবার সঙ্গে দেখা করেন। তিনি বলেন, ‘নতুনবাবু, মনে হচ্ছে ছেলেটা আমাকে হারিয়ে দেবে।’ তাঁর বাবা বলেন, ‘আপনি হারলেই কি আপনার জমিদারি চলে যাবে?’ এরপর ফজলুল কাদের ‘নতুনবাবু, আপনি সাদাসিধা মানুষ, আপনি বুঝবেন না’—বলে চলে যান। এ আলাপের সময় তিনি উপস্থিত ছিলেন। রাত ১১টার দিকে ফজলুল কাদের আবার তাঁদের বাড়ি এসে একই কথা বলেন। রাত ১২টার দিকে তিনি তৃতীয়বার এসে একই কথা বললে তাঁর বাবা বলেন, ‘চৌধুরী সাহেব, আপনি কী পাগল হয়ে গেছেন?’ সেটিই ছিল তাঁর বাবার সঙ্গে ফজলুল কাদেরের শেষ দেখা। ফজলুল কাদের নির্বাচনে অধ্যাপক এম এ খালেদের কাছে পরাজিত হন। নির্বাচনের পর রাউজানে সংখ্যালঘুদের ওপর নানা অত্যাচার, অগ্নিসংযোগ, লুণ্ঠন, ধর্ষণ প্রভৃতি শুরু হয়।রাষ্ট্রপক্ষের পঞ্চম সাক্ষী জানান, একাত্তরের ২৯ মার্চের পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ২৭টি পরিবারের ৪০-৫০ জন কুণ্ডেশ্বরী স্কুলে আশ্রয় নেন। তাঁদের মধ্যে ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এ আর মল্লিক ও আনিসুজ্জামান। একদিন (তারিখ মনে নেই) এম আর সিদ্দিকী, জহুর আহমেদ চৌধুরী, আতাউর রহমান খান কায়সার, আবদুল্লাহ আল হারুন চৌধুরী তাঁদের বাড়িতে যান। ওই সময় তাঁর বড় ভাই কলকাতার বাসিন্দা চিত্ত সিংহের সঙ্গে ভারতের যুগান্তর পত্রিকার বার্তা সম্পাদক কল্যাণ বসু বেড়াতে এসেছিলেন। তাঁদের সঙ্গে ত্রিপুরার মুখ্যমন্ত্রী শচীন সিংহের ভালো বন্ধুত্ব ছিল। এ কথা জানার পর আবদুল্লাহ আল হারুন চৌধুরীরা ঠিক করেন, তাঁরা আগরতলা যাবেন। সেখানে গিয়ে পূর্ব পাকিস্তানের ঘটনা বিস্তারিত জানিয়ে তাঁদের সাহায্য চাইবেন। এটা ঠিক হওয়ার পর সেদিন রাতে রামগড়ের সাবরুম সীমান্ত দিয়ে তাঁরা আগরতলা যান। শিক্ষকেরাও কুণ্ডেশ্বরী থেকে ধীরে ধীরে পরিবারসহ রামগড় হয়ে ভারতে যান।প্রফুল্ল বলেন, ‘১১ এপ্রিল বিকেলে আবদুল্লাহ আল নোমান আমাকে এসে বলেন, “তোমাকে চলে যেতে হবে, না হলে মেরে ফেলবে।” আমি স্ত্রী ও ছেলে, দাদার (সত্যরঞ্জন) স্ত্রী ও ছেলেমেয়ে এবং বড় বোনের ছেলেমেয়েদের নিয়ে দুটি জিপে করে সাবরুম যাই। সেখানে পরিবারকে রেখে আমি রামগড় ফিরে আসি এবং বাংলাদেশ সরকারের পক্ষে বর্ডার পাস ইস্যু করতে থাকি। ১৩ এপ্রিল দুপুরের পর থেকে যেসব শরণার্থী আসছিল, তারা আমাকে বলছিল, “আপনি কি বাড়ির খবর জানেন?” আমি “না” বললে তাঁদের কেউ কেউ বলে বাবাকে গ্রেপ্তার করেছে, কেউ কেউ বলে হত্যা করেছে। বিকেল চারটার দিকে রামগড় হাইস্কুলের প্রধান শিক্ষক জ্যোতিষ ধর আমাকে বলেন, “আমি জেনে এসেছি, আপনার বাবাকে হত্যা করা হয়েছে।”’জবানবন্দিতে প্রফুল্ল বলেন, দেশে ফিরে তিনি তখনকার চেয়ারম্যান আমানত খান ও সাবেক চেয়ারম্যান দিদারুল আলম চৌধুরী, ব্রজহরি কর্মকার, অধ্যক্ষ গোপাল দাসের কাছে ঘটনা শুনেছেন। এর আগে কলকাতায় তিনি ভাই গৌরাঙ্গ সিংহের (রাষ্ট্রপক্ষের চতুর্থ সাক্ষী) কাছে ঘটনা শোনেন। ব্রজহরি তাঁকে বলেন, পাকিস্তানি সেনারা যখন তাঁদের বাড়িতে যায়, তখন সেই সময়ের স্বঘোষিত মেজর বা ব্রিগেডিয়ার সালাউদ্দিন কাদের চৌধুরী সেনাদের সঙ্গে ছিলেন। পাকিস্তানি সেনাদের দেখে গৌরাঙ্গ, হিমাংশু বৈদ্য, মনোরঞ্জন সিংহ, গোপাল ও ব্রজহরি—এই পাঁচজনের মধ্যে তিনজন জঙ্গলের দিকে ও দুজন বাড়ির ওপরে চলে যান। ব্রজহরি তাঁকে বলেছিলেন, দোতলার জানালার ফাঁক দিয়ে তিনি দেখেন, সেনারা নূতনচন্দ্রের কাছ থেকে টাকা ও সোনা নিয়ে চলে যায়। ১৫-২০ মিনিট পর ফিরে এসে মন্দির থেকে টেনেহিঁচড়ে তাঁকে সামনে এনে দাঁড় করানো হয়। তখন তাঁকে গুলি করা হয়। তিনি যখন ছটফট করছিলেন, সালাউদ্দিন কাদের চৌধুরী তখন পিস্তল দিয়ে দু-তিনটি গুলি করেন। সেনারা চলে যাওয়ার পর নূতনচন্দ্রের মরদেহ তিন দিন সেখানে ছিল। পরে চেয়ারম্যান আমানত খানের সহযোগিতায় পাশের বাড়ির বড়ুয়ারা মরদেহ দাহ করে। প্রফুল্ল আবেগাপ্লুত হয়ে বলেন, ‘বাবা মারা গেলে ছেলেরা মুখাগ্নি করে, আমরা এতই অভাগা যে সে সুযোগটাও পাইনি।’প্রফুল্ল বলেন, ১৯৭২ সালের জানুয়ারিতে সত্যরঞ্জন সম্পূর্ণ ঘটনা উল্লেখ করে রাউজান থানায় একটি মামলা করেন। এই মামলায় সব আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়েছিল, ওই সময় ফজলুল কাদের চৌধুরী কারাগারে ছিলেন। পরে মামলাটির কী হয়েছে, তা জানা নেই।বিকেলে প্রফুল্লর জবানবন্দি অসমাপ্ত অবস্থায় এই মামলার কার্যক্রম আজ বৃহস্পতিবার পর্যন্ত মুলতবি করা হয়।