বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাংসদ সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল মঙ্গলবার জবানবন্দি দিয়েছেন রাষ্ট্রপক্ষের ১৪তম সাক্ষী গোপাল চন্দ্র দাস। জবানবন্দিতে তিনি বলেন, কুণ্ডেশ্বরী ঔষধালয়ের প্রতিষ্ঠাতা নূতনচন্দ্র সিংহকে পাকিস্তানি সেনারা ব্রাশফায়ার করার পর সাকা চৌধুরী দুই-তিনটি গুলি করেন।বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ প্রত্যক্ষদর্শী গোপাল চন্দ্র দাসের জবানবন্দি নেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি জেয়াদ-আল-মালুম। আসামির কাঠগড়ায় সাকা চৌধুরী হাজির ছিলেন।গোপাল চন্দ্র দাস জবানবন্দিতে বলেন, মুক্তিযুদ্ধের সময় তাঁর বয়স ছিল ৩৪ অথবা ৩৫ বছর। একাত্তরে তিনি ছিলেন কুণ্ডেশ্বরী বালিকা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ। এর প্রতিষ্ঠাতা ছিলেন নূতনচন্দ্র এবং তিনি ছিলেন প্রতিষ্ঠাতা অধ্যক্ষ। সে সময় কুণ্ডেশ্বরীতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৩০ জন অধ্যাপকের পরিবার আশ্রয় নিয়েছিল। এঁদের মধ্যে ছিলেন অধ্যাপক সৈয়দ আলী আহসান, ড. আনিসুজ্জামান, ড. মাহমুদ শাহ কোরাইশি প্রমুখ। দেশের বিভিন্ন স্থানে পাকিস্তানি সেনাদের আক্রমণের বিষয়টি শোনার পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে তাঁরা জরুরি আলোচনায় বসেন। সেখানে সৈয়দ আলী আহসান বলেছিলেন, ‘যুদ্ধ আসন্ন, আমরাও আক্রান্ত হতে পারি।’সাক্ষী বলেন, ওই সভায় সিদ্ধান্ত হয়, তাঁরা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা ১০ এপ্রিলের মধ্যে কুণ্ডেশ্বরী ভবন ছেড়ে ভারতে চলে যাবেন। ১০ এপ্রিলের মধ্যেই ভবনের বাসিন্দারা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা কুণ্ডেশ্বরী ভবন ত্যাগ করেন। নতুন চন্দ্র সিংহকেও ভারতে যাওয়ার জন্য তিনি ও সৈয়দ আলী আহসানসহ সবাই অনুরোধ করেন। কিন্তু সংকল্পে অনড় নতুন চন্দ্র বলেন, এ দেশ তাঁর জন্মভূমি, এখানে তাঁর প্রিয় প্রতিষ্ঠান স্থাপন করেছেন এবং এখানে মা কুণ্ডেশ্বরীর মূর্তি আছে, তাই তিনি এখান থেকে যাবেন না।রাষ্ট্রপক্ষের সাক্ষী বলেন, পরদিন থেকে সবাই কুণ্ডেশ্বরী ত্যাগ করতে থাকেন। তিনিও স্ত্রী ও মেয়েকে নিয়ে গ্রামের বাড়িতে চলে যান। সেখানে এক রাত থেকে সকালে তিনি কুণ্ডেশ্বরী ভবনে গিয়ে নতুন চন্দ্রকে একা দেখেন। নতুন চন্দ্র তাঁকে জড়িয়ে ধরে প্রায় কাঁদো কাঁদো স্বরে তাঁকে থেকে যেতে বলেন। তিনি তাঁকে ছেড়ে যাবেন না বলে আশ্বস্ত করেন এবং দুপুর ১২টা-একটা পর্যন্ত সেখানে ছিলেন। তিনি সেখানে গৌরাঙ্গ সিংহকে দেখেছিলেন। পরে তিনি (সাক্ষী) দুপুরের খাবারের জন্য পাশের জগৎমল্লপাড়ায় বড় শ্যালিকার বাড়িতে যান। বিকেলে আবার কুণ্ডেশ্বরীতে যান। নতুন চন্দ্রকে সঙ্গ দিয়ে রাত ৯-১০টার দিকে শ্যালিকার বাড়িতে যান। পরদিনও নতুন চন্দ্রের সঙ্গে দেখা করেন। সেদিন আরও ছয়-সাতজন নতুন চন্দ্রের সঙ্গে দেখা করেন। তাঁদের মধ্যে ছিলেন ব্রজহরি কর্মকার, শশাঙ্ক মোহন পালিত, হিমাংশু বৈদ্য, মনোরঞ্জন সিংহ ও গৌরাঙ্গ সিংহ। তাঁরা সবাই নতুন চন্দ্রের সঙ্গে আলোচনা করেন এবং নিরাপত্তার জন্য কুণ্ডেশ্বরী ভবন ত্যাগের সিদ্ধান্ত নেন। পরে তাঁরা ওই ভবন থেকে বের হয়ে যে যাঁর মতো চলে যান। বিকেলে আবার কুণ্ডেশ্বরী ভবনে যান এবং রাতে শ্যালিকার বাড়িতে চলে যান।গোপাল চন্দ্র দাস বলেন, একাত্তরের ১৩ এপ্রিল সকাল নয়টা-সাড়ে নয়টায় তিনি কুণ্ডেশ্বরীতে যাওয়ার সময় রাস্তায় গোলাগুলির শব্দ শোনেন। তিনি দ্রুত কুণ্ডেশ্বরী ভবনে গিয়ে দেখেন, ব্রজহরি, হিমাংশু, মনোরঞ্জন ও গৌরাঙ্গ মন্দিরের ওঠানে নতুন চন্দ্রের সঙ্গে কথা বলছেন। তিনি সবাইকে দেরি না করে সেখান থেকে চলে যেতে বলেন। কিন্তু কিছুক্ষণের মধ্যেই পাকিস্তানি সেনাদের একটি জিপ কুণ্ডেশ্বরী ভবনের বাইরের উঠানে থামে। তাঁরা দেখেন, অস্ত্র উঁচিয়ে পাকিস্তানি সেনারা নামছে। একজন সেনা কর্মকর্তার সঙ্গে কয়েকজন বেসামরিক বাঙালি জিপ থেকে নামেন। তাঁদের দেখে সবাই বলে ওঠেন, ওই সালাউদ্দিন কাদের চৌধুরী, ওই মাবুদ। তাঁদের দেখে তিনি ও ব্রজহরি নতুন চন্দ্রের দ্বিতল বাড়ির দোতলায় ব্রজহরির ঘরে লুকান। অন্যরা বাড়ির দক্ষিণ-পশ্চিম দিকে বাঁশঝাড় ও ঝোপের আড়ালে লুকান।রাষ্ট্রপক্ষের সাক্ষী বলেন, তিনি ও ব্রজহরি নিজেদের আড়াল করে জানালা দিয়ে ঘটনা দেখেন। সেখানে সালাউদ্দিন কাদের চৌধুরী, তাঁর সঙ্গে থাকা দুই-একজন বাঙালি এবং পাকিস্তানি সেনারা নতুন চন্দ্রের সঙ্গে কথা বলেন। কিছুক্ষণ পর তাঁরা জিপে উঠে চলে যান। তাঁরা ভেবেছিলেন, বিপদ কেটে গেছে। কিন্তু ৮-১০ মিনিট পর আবার গাড়ির আওয়াজ শোনা গেলে তাঁরা আবারও ওই ঘরে লুকান। দেখেন, পাকিস্তানি সেনারা ও তাদের সঙ্গের লোকেরা ফিরে এসে মন্দির ঢোকে এবং নতুন চন্দ্রকে টেনে-হিঁচড়ে উঠানে নিয়ে আসে। তাঁকে লক্ষ্য করে ব্রাশফায়ার করা হয় এবং তিনি মাটিতে ছটফট করছিলেন। তিনি (সাক্ষী) দেখেন, এ সময় সালাউদ্দিন কাদের চৌধুরী পিস্তল অথবা রিভলবার দিয়ে নতুন চন্দ্রকে দুই-তিনটি গুলি করেন এবং বলেন, তাঁকে হত্যার জন্য বাবার নির্দেশ আছে। এভাবে নতুন চন্দ্রের মৃত্যু নিশ্চিত করে তাঁরা চলে যান। নতুন চন্দ্র ঘটনাস্থলেই মারা যান।গোপাল বলেন, ওই দিনই তিনি স্ত্রীসহ পালিয়ে কলকাতায় চলে যান। দেশ স্বাধীন হওয়ার ১২ দিন পর ২৮ ডিসেম্বর দেশে ফিরেন। প্রায় এক ঘণ্টার জবানবন্দি শেষে সাক্ষীকে জেরা শুরু করেন আসামিপক্ষের আইনজীবী আহসানুল হক। কবে ঢাকায় এসেছেন—আইনজীবীর এ প্রশ্নে তিনি বলেন, গত ১ সেপ্টেম্বর। আইনজীবী বলেন, যে গোপাল চন্দ্র দাসকে এ মামলায় সাক্ষী করা হয়েছে, তিনি অনেক আগে মারা গেছেন। জবাবে সাক্ষী বলেন, এটি সত্য নয়। আরেক প্রশ্নের জবাবে বলেন, গৌরাঙ্গ নতুন চন্দ্রের বাবুর্চি নন, ভাতিজা। তিনি অশিক্ষিত ছিলেন। আরেক প্রশ্নের জবাবে বলেন, আবদুল্লাহ আল হারুন ও আবদুল্লাহ আল নোমান একাত্তরের ১০, ১১, ১২ এপ্রিল কুণ্ডেশ্বরীতে গেছেন কি না, তা তাঁর মনে নেই। তবে তাঁরা প্রায়ই যেতেন। আরেক প্রশ্নের জবাবে সাক্ষী বলেন, জগৎমল্লপাড়া থেকে কুণ্ডেশ্বরীর দূরত্ব সিকি মাইলের মতো।পরে জেরা অসমাপ্ত অবস্থায় মামলার কার্যক্রম আজ বুধবার পর্যন্ত মুলতবি করেন ট্রাইব্যুনাল।