‘নেইমারকে দলে পেয়ে আমি আনন্দিত’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০২ সালে ব্রাজিলকে সর্বশেষ বিশ্বকাপ জিতিয়েছেন তিনি। ১০ বছর পর সেই লুইস ফেলিপে স্কলারিই আবার ব্রাজিলের কোচ। নতুন মেয়াদে দায়িত্ব নিয়ে স্কলারিও বুঝতে পারছেন, তাঁর সামনে লক্ষ্য একটাই, ঘরের মাঠে ব্রাজিলকে ২০১৪ বিশ্বকাপ জেতানো। দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার দুই দিন পর ফিফা ডট কমকে দীর্ঘ এক সাক্ষাৎকার দিয়েছেন স্কলারি। সেই সাক্ষাৎকারের চৌম্বক অংশগুলো তুলে দেওয়া হলো নতুন করে ব্রাজিলের দায়িত্ব নেওয়ার পর আপনার প্রথম প্রতিদ্বন্দ্বিতামূলক টুর্নামেন্টটাই ফিফা কনফেডারেশনস কাপ। সেটি আবার হচ্ছে ব্রাজিলেই। অন্য কোনো টুর্নামেন্টের চেয়ে এটির পার্থক্য কী হতে পারে?লুইস ফেলিপে স্কলারি: স্বাগতিক হওয়াটা সব সময়ই প্রত্যাশার চাপ বাড়িয়ে দেয়। র্যা ঙ্কিংয়ে দলের অবস্থান কত কিংবা সাম্প্রতিক সময়ে দল কী জিতেছে, সেদিকে না তাকিয়েই সবাই ধরে নেয়, এই দলটাই সবার সেরা ও সেরা সব খেলোয়াড় এই দলেই। তাই দলটার ওপর জেতার একটা বাধ্যবাধকতা এসে পড়ে। স্বাগতিক হওয়ায় ২০১৪ বিশ্বকাপের বাছাইপর্ব খেলছে না ব্রাজিল। প্রতিযোগিতামূলক ফুটবলেও দলটি নেই অনেক দিন। এই কারণে ব্রাজিলের কাছে কনফেডারেশনস কাপের গুরুত্ব বেশি নয় কি?স্কলারি: হ্যাঁ, প্রতিযোগিতামূলক বলেই ওটার গুরুত্ব এত বেশি। ওখানেই হয়তো আমরা দু-তিনজন খেলোয়াড়ের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারি, তারা বিশ্বকাপে যাবে কি যাবে না। আমার মনে আছে, ২০০২ বিশ্বকাপের আগে কোপা আমেরিকা হয়েছিল। ওখানেই দেখেছিলাম আমার খেলোয়াড়েরা ম্যাচে কে কেমন খেলে। এটাও দেখেছিলাম, ভিন্ন ভিন্ন পরিস্থিতিতে কে কেমন সাড়া দেয়। তা ছাড়া আমাদের খেলার ধরন পাল্টানো উচিত কি না, সেটাও পরখ করেছিলাম। যেহেতু আমরা আড়াই বা তিন বছর পর বড় একটি টুর্নামেন্ট খেলতে যাচ্ছি, তাই কনফেডারেশনস কাপের গুরুত্ব অপরিসীম। ‘কে কেমন সাড়া দেয়’ এই কথার মাধ্যমে আপনি কি মাঠের বাইরের বিষয়গুলোকেও বোঝাচ্ছেন?স্কলারি: অবশ্যই। কারণ, সাধারণত ক্লাবের কোচদের নিজেদের খেলোয়াড় সম্পর্কে কিছুটা ধারণা থাকে। তবে আমরা অন্য ক্লাবের খেলোয়াড়দের তো আর প্রতিদিন দেখি না। আন্তর্জাতিক পর্যায়ে দেখা যায়, আপনি একজন খেলোয়াড়কে দলে ডাকলেন, একসঙ্গে কয়েক দিন কাজ করলেন এবং এর পরই তার সম্পর্কে স্পষ্ট একটা ধারণা পেলেন।  ঠিক এ কারণেই কি ব্রাজিলের কোচ হিসেবে আপনার প্রথম কয়েকটা ম্যাচের গুরুত্ব আরও বেড়ে যায়নি?স্কলারি: আমাদের প্রথম কাজ হবে কিছু প্রীতি ম্যাচ ও কনফেডারেশনস কাপের জন্য প্রাথমিক দল নির্বাচন। বিশ্বকাপের বেশির ভাগ খেলোয়াড় হয়তো এখান থেকেই পেয়ে যাব। দল কেমন খেলবে, সেটার একটা ছবি কি মনে মনে সাজিয়ে ফেলেছেন, নাকি প্রথমে সেরা খেলোয়াড়দের দলে নিয়ে যে স্টাইলটায় তারা স্বচ্ছন্দ, সেই অনুযায়ী খেলাবেন?স্কলারি: হ্যাঁ, আমি মনে মনে একটা ছবি সাজিয়ে ফেলতে পারি। প্রথম প্রীতি ম্যাচটার জন্য আমি যাদের দলে নিতে পারি, তাদের সম্পর্কে কিন্তু মনে মনে ভেবে রেখেছি। তাদের মাঠে কীভাবে সাজাব, সেটাও কিন্তু ভেবে রেখেছি। এর সবচেয়ে বড় কারণটা হলো, তাদের তো আমি মাত্র দুই দিনের জন্য পাব। তাদের খেলা দেখেই আমি ধারণাটি নিয়েছি। আর এখন ওই দুই দিনের অনুশীলনে ধারণাগুলোর বাস্তবায়ন করতে হবে। এরপর সেটাকে প্রয়োগ করতে হবে ম্যাচে। পরিকল্পনাটা কাজে লেগে গেলে তো ভালো, নইলে অন্য প্রীতি ম্যাচ ও কনফেডারেশনস কাপের পরিকল্পনায় কিছু পরিবর্তন আসবে। যখন আমি সব খেলোয়াড়কে একসঙ্গে পাব এবং আমার ধারণা অনুযায়ী অনুশীলন করাব, তখনই হয়তো কৌশলগত কিছু পরিবর্তনও আনব। ব্রাজিল দলে তরুণ খেলোয়াড়দের সঙ্গে কিছু অভিজ্ঞ খেলোয়াড়ের মিশেল জরুরি কি না?স্কলারি: অবশ্যই। আমি মনে করি, এমন অনেক খেলোয়াড় আছে, যারা ডাক পেতে পারে। সেলেসাওদের হয়ে এখন যারা খেলছে, তাদের চেয়ে অভিজ্ঞতার ভান্ডারটা যাদের বড়, তারা দলে আসতেই পারে। তবে অভিজ্ঞ খেলোয়াড় দলে কতজন থাকবে, এক, দুই, পাঁচ না দশ, সেই সংখ্যাটা এই মুহূর্তে বলা মুশকিল। কোচ হিসেবে আপনি অনেক সাফল্য পেয়েছেন, জিতেছেন বিশ্বকাপ। এসব কি খেলোয়াড়দের সঙ্গে বোঝাপড়ায় প্রভাব ফেলে না? আপনার কাজ সহজ করে দেয় না?স্কলারি: এই ব্যাপারটার প্রভাব কতটা, সেটা নিয়ে আমার তেমন কোনো ধারণা নেই। আমার অভিজ্ঞতার জন্য খেলোয়াড়েরা আমার কথা একটু বেশি মনোযোগ দিয়েই শোনে কি না, তা নিয়েও আমার ধারণা নেই। তবে এটা ঠিক, সারা জীবনের অভিজ্ঞতা থেকে আমরা যেটা শিখি, সেটার মূল্য অনেক। আমার ও পাহেইরার তো বিশ্বকাপের কম অভিজ্ঞতা নেই। তাই আমি মনে করি, খেলোয়াড়েরা আমাদের কথা শুনবে ও নিজেরাও একটু চিন্তা করতে শিখবে। সাম্প্রতিক সময়ে এমন কোনো ফুটবলারকে দেখেছেন কি, যিনি ক্লাব ফুটবলে আপনাকে বেশ ভুগিয়েছেন, কিন্তু এখন তাঁকে নিজের দলেই পাচ্ছেন?স্কলারি: উমম্...নাম যদি বলতেই হয়, একটা নামই বলব। নেইমার! যখন পালমেইরাসে ছিলাম, তখন তাকে দলে পেতে চাইতাম! সে এখন আমার শত্রুপক্ষে নয়, আমার দলেই খেলবে, এটা ভেবেই তো আমি আনন্দিত। তবে এ রকম আরও অনেকেই আছে। ব্রাজিলের মতো একটি দলে এই মুহূর্তে সবচেয়ে বিখ্যাত খেলোয়াড়টির বয়স মাত্র ২০। এটা কি আপনাকে ভাবায় না?স্কলারি: মোটেই না। রোনালদো তো এ বয়সেই সেলেসাওদের হয়ে বিশ্ব মাতিয়েছে। মাত্র ১৯-২০ বছর বয়সেই সে ব্রাজিলের হয়ে আলো ছড়িয়েছে। ১৯৫৮ বিশ্বকাপ জেতার সময় পেলের বয়স ছিল মাত্র ১৭। বয়স কোনো সমস্যা নয়। তবে যেটা দরকার, আপনাকে দৃঢ় হতে হবে ও মাথা ঠান্ডা রাখতে হবে। ছেলেটি হয়তো টেকনিক্যাল দিক দিয়ে অসাধারণ, কিন্তু সে তো দলের নেতা নয়।  এবারের ব্যালন ডি’অরে কার সেরা কোচ হওয়া উচিত—ভিসেন্তে দেল বস্ক, পেপ গার্দিওলা না হোসে মরিনহোর?স্কলারি: আমি হোসে মরিনহোকেই বেছে নেব। কেননা, সে যখন পোর্তোতে শুরু করল, তখন থেকেই সে সেরা কোচদের একজন। এরপর চেলসি, ইন্টার মিলান ও এখন রিয়াল মাদ্রিদেও সে দারুণভাবে কাজটা করে যাচ্ছে। সব ভালো কাজকে সে যেভাবে এক সুতায় বেঁধেছে, তারই জন্য আমি মরিনহোকে বেছে নেব। রিয়াল মাদ্রিদ বা ব্রাজিলের মতো দলে যেখানে অনেক তারকা খেলোয়াড়ের সমাবেশ, ওই সব তারকাকে খুশি রাখতেই কি কোচদের অনেকটা সময় ব্যয় হয় না?স্কলারি: হ্যাঁ, ব্যাপারটা ওরকমই। এত এত তারকার ব্যক্তিগত অহমকে দূরে সরিয়ে নির্দিষ্ট একটি লক্ষ্য অর্জনে একসূত্রে বাঁধাটাই একজন কোচের সবচেয়ে বড় দক্ষতা।  এবার খেলোয়াড় প্রসঙ্গে। আন্দ্রেস ইনিয়েস্তা, লিওনেল মেসি না ক্রিস্টিয়ানো রোনালদো, কে সেরা খেলোয়াড় হবে?স্কলারি: আমি এদের সবাইকে খেলতে দেখেছি, তবে কাজ করেছি শুধু ক্রিস্টিয়ানোর সঙ্গে। ম্যানচেস্টার ইউনাইটেড, পর্তুগাল ও রিয়াল মাদ্রিদের হয়ে তার যে অর্জন, সেটার জন্যই আমার মনে হয় স্বীকৃতিটা তার প্রাপ্য। আমার ভোটটা সে-ই পেত। চার-পাঁচ বছর ধরেই সে অসাধারণ খেলছে, তবে পুরস্কারটা জিতেছে মাত্র একবার। এ কারণেই আমি তাকে বেছে নিতাম। তার সঙ্গে কাজ করেছি বলে আমি জানি, সে কতটা নিবেদিত।  এই মুহূর্তে মনে হয় নেইমার ওই সব খেলোয়াড়ের (মেসি-রোনালদো) মানে পৌঁছে গেছে?স্কলারি: আমি মনে করি, আগামী বছর থেকে নেইমার উঠে আসবে সেরা তিনে। বিশ্বসেরা ফুটবলার হতে নেইমারের ইউরোপে যাওয়ার দরকার নেই। সান্তোসে সে যে কোচের সঙ্গে কাজ করছে, সে-ই যথেষ্ট। বছর খানেক একসঙ্গে কাজ করেই নেইমারের দৃষ্টিভঙ্গি ও মাঠের খেলায় অনেক পরিবর্তন এসেছে। টেকটিক্যাল দিক দিয়েও মুরিসি (রামালহো) নেইমারকে আরও পরিশীলিত করে তুলছেন। নেইমারকে যাঁরা চেনেন, তাঁরা জানেন গত দু-তিন বছরে সে কতটা এগিয়েছে, আর ভবিষ্যতে সে কতটা উন্নতি করবে, সেটা নিয়েও তাঁদের কোনো সন্দেহ নেই।ভাষান্তর: মোহাম্মদ সোলায়মান