১৩ ডিসেম্বর কাঠমান্ডুতে শুরু আইএইচএফ অনূর্ধ্ব-২১ আন্তর্জাতিক হ্যান্ডবল চ্যালেঞ্জ ট্রফি। ভারত, পাকিস্তান, নেপাল, ইয়েমেন, আফগানিস্তানের সঙ্গে আছে বাংলাদেশও। টুর্নামেন্ট নিয়ে আশার কথা শোনাচ্ছেন বাংলাদেশ দলের সম্ভাব্য অধিনায়ক কুষ্টিয়ার তরুণ নাহারুল কাউসাইন আইএইচএফ কাপ আন্তর্জাতিক হ্যান্ডবল খেলতে যাচ্ছে বাংলাদেশ। প্রস্তুতি কেমন হয়েছে?নাহারুল কাউসাইন: আমাদের প্রস্তুতি ভালোই হয়েছে। এক মাসের ক্যাম্প করেছি। কোচ এবং সহকারী কোচ ভালোভাবে অনুশীলন করিয়েছেন। খেলোয়াড়রাও মনোযোগ দিয়েছে অনুশীলনে। সবার মধ্যেই ভালো কিছু করার আগ্রহ আছে। যাওয়ার আগে কোনো প্রস্তুতি ম্যাচ কি খেলা হচ্ছে?নাহারুল: বিজিবির সঙ্গে খেলেছি, এ ছাড়া বাংলাদেশ জাতীয় দলের সঙ্গেও বেশ কয়েকটা ম্যাচ খেলা হয়েছে। জাতীয় দলের বিপক্ষে সঙ্গে একটা ম্যাচ আমরা জিতেছিও। এতে আমাদের আত্মবিশ্বাস বেড়েছে। দুই বছর আগে ঢাকায় এশিয়ার পিছিয়ে থাকা দেশগুলোর আন্তর্জাতিক চ্যালেঞ্জ টুর্নামেন্টে বাংলাদেশ তৃতীয় হয়েছিল। এবার ফলাফল কেমন হতে পারে?নাহারুল: আশা করছি, ভালো কিছু করতে পারব। তবে আন্তর্জাতিক টুর্নামেন্টে খেলতে দীর্ঘ মেয়াদে অনুশীলনের বিকল্প নেই। আরও আগে অনুশীলন শুরু করলে ভালো হতো। কিন্তু এসব এখন বলে লাভ নেই। আপনারা ভালো কিছু করতে চান। এতে কিন্তু লক্ষ্যটা পরিষ্কার হয় না...নাহারুল: আমরা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়েই যাব। কিন্তু এখনই বলতে চাই না। তার জন্যই রাখঢাক। টুর্নামেন্টে কোন দলকে বেশি কঠিন প্রতিপক্ষ মনে হচ্ছে?নাহারুল: ভারত আর পাকিস্তানের সঙ্গে আমাদের লড়াই হতে পারে। সেমিফাইনালে উঠলে এই দুই দলের যেকোনো একটা দলের মুখোমুখি হতেই হবে। অন্য যে দলগুলো আছে আশা করি ওদেরও হারাতে পারব। অন্য দলগুলো সম্পর্কে কোনো ধারণা আছে?নাহারুল: ভারত, পাকিস্তানের সঙ্গে আমরা আগেও খেলেছি। কিছুদিন আগে ভারতের হলদিয়ায় একটা আন্তর্জাতিক টুর্নামেন্টে খেলে এসেছে আমাদের এই দলের কয়েকজন খেলোয়াড়। ওই অভিজ্ঞতাটা আমাদের ভালো কাজে দেবে। এ ছাড়া আফগানিস্তান, ইয়েমেনের খেলার টেকনিক সম্পর্কে অনুশীলনের সময় কোচ অল্পবিস্তর ধারণা দিয়েছেন। সাধারণত জাতীয় হ্যান্ডবল দলে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) খেলোয়াড়ই বেশি থাকে। কিন্তু এই দলে বিজিবিও একজনও নেই। কারণ কী? নাহারুল: এবার ফেডারেশন একটু ভিন্ন রকম দল গড়েছে। সার্ভিসেস খেলোয়াড় বাদ দিয়ে শুধুই সিভিল খেলোয়াড়দের নিয়েছে। এর কারণ—ফেডারেশন কর্মকর্তারা ভাবছেন, যাতে আমাদের মতো খেলোয়াড়দের দেখে অন্য সাধারণ খেলোয়াড়েরাও অনুপ্রাণিত হয়। স্বতঃস্ফূর্তভাবে হ্যান্ডবল খেলতে আসে। আপনি এমনিতে কী করেন? নাহারুল: আগে ফুটবল খেলতাম। শখের বশে হ্যান্ডবলে এসেছি। ক্লাস সিক্সে পড়ার সময় গাজী ফরহাদ স্যার আমাকে হ্যান্ডবলে নিয়ে আসেন। সেই থেকে এখনো খেলছি। কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউট থেকে পাস করেছি সম্প্রতি। এই বছর মেনেজিস ক্রীড়াচক্রের হয়ে প্রিমিয়ার হ্যান্ডবলে খেলেছি। তবে চাকরি করলেও খেলাটা ধরে রাখব। খেলাটা আমার রক্তে ঢুকে গেছে। চাইলেও ছাড়তে পারব না।