‘নেমেছিলাম নিজেকে প্রমাণ করতে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাতিলের খাতায় পড়ে গিয়েছিলেন। অন্যরা যখন ভাবছিলেন তাঁকে দিয়ে কিছুই হবে না, তখনই সবাইকে চমকে দিয়ে সামার অ্যাথলেটিকসের ১০০ মিটার জিতলেন বিমানবাহিনীর হাফিজুল ইসলাম। দৌড় শেষে জানালেন নিজের ভেতরে জমে থাকা হতাশা ও অভিমানের কথা... মিটের দ্রুততম মানব হওয়ার পরও উচ্ছ্বাস নেই কেন?হাফিজুল ইসলাম: আমার ভালো লাগছে, আবার কষ্টও পাচ্ছি।  কষ্ট কেন?হাফিজুল: আমার আশপাশের অনেকের কথায় কষ্ট পেয়েছি। তাই আর কোনো দিন ১০০ মিটারে দৌড়াব না। আজ আমি ট্র্যাকে নেমেছিলাম নিজেকে প্রমাণ করতে। আমি যে ফুরিয়ে যাইনি, সেটাই দেখিয়ে দিলাম সবাইকে। কিন্তু এমন আত্মঘাতী সিদ্ধান্ত কেন?হাফিজুল: আমি যাদের শ্রদ্ধা করি, তাদের অনেকেই মানসিকভাবে কষ্ট দিয়েছে আমাকে। যখন আমি ন্যাশনাল ক্যাম্পে ছিলাম তখন অনেকেই আমাকে বলত তোকে দিয়ে কিচ্ছু হবে না। আজ (কাল) যখন ওয়ার্মআপ করছিলাম, তখনো একজন এসে আমাকে বললেন, ‘দৌড়ে কী করবি। তুই তো কিছুই করতে পারবি না।’ এভাবে বললে একজন অ্যাথলেটের আত্মবিশ্বাস অনেক কমে যায়। আপনার তো বরং উল্টোটা হলো...হাফিজুল: আমার ভেতরের জেদটাই আমাকে জিতিয়ে দিয়েছে।  যাঁরা এসব বলে বেড়ান, তাঁরা কি ফেডারেশনের কর্মকর্তা, নাকি কোচ?হাফিজুল: শুধু এতটুকু বলব, ফেডারেশনেরই লোক। এখনো আমার আশপাশেই হেঁটে বেড়াচ্ছেন। পরিচয়টা জানতে পারি?হাফিজুল: স্যরি, এটা বলতে পারব না। এটাই তো আপনার সেরা সাফল্য?হাফিজুল: হ্যাঁ। এর আগে ২০০৫ সালে ১০০ মিটারে রুপা জিতেছিলাম, ২০০৭ সালে ২০০ মিটারেও রুপা।  এর আগে শামসুদ্দিন বিমানবাহিনী থেকে দ্রুততম মানব হয়েছিলেন। আপনার মধ্যে বিমানবাহিনী আরেকজন শামসুদ্দিনকে পাবে?হাফিজুল: সেটা জানি না। তবে আমি থাকলে আমার সেরাটাই দেওয়ার চেষ্টা করব। একটা সময় ছিল যখন গোলাম আম্বিয়া, আবু আবদুল্লাহরা ট্র্যাকে রাজত্ব করেছেন। এখন ওটা দেখা যাচ্ছে না কেন?হাফিজুল: প্রথম কারণ অবশ্যই অনুশীলন। অনুশীলনের কোনো বিকল্প নেই। ফেডারেশন যদি আমাদের বাছাই করে নিয়মিত ক্যাম্পে রাখে তাহলে হয়তো সবাই নিজের রেজাল্ট ধরে রাখতে সচেষ্ট থাকবে। ইলেকট্রনিক স্কোর বোর্ডের বদলে হ্যান্ড টাইমিং, কেমন লাগে?হাফিজুল: আশা ছিল, এই প্রতিযোগিতা ইলেকট্রনিক স্কোর বোর্ডে হবে। কিন্তু ফেডারেশন হতাশ করেছে আমাদের। এখানকার হ্যান্ড টাইমিংয়ের রেজাল্ট নিয়ে বাইরে গেলে অনেক পিছিয়ে থাকি আমরা। আপনার পরিবারের কেউ কি খেলাধুলায় আছেন?হাফিজুল: আমার বাবা ছিলেন ফুটবলার। তিনি আমাকে ঢাকায়, চট্টগ্রামে ফুটবল খেলা দেখাতে নিয়ে যেতেন। স্কুল-কলেজেও খেলতে অনুপ্রেরণা দিতেন। মূলত বাবার কারণেই খেলাধুলায় এসেছি। বিমানবাহিনীতে কত সালে যোগ দিয়েছেন? সুযোগ-সুবিধা কেমন?হাফিজুল: ২০০৬ সালে বিমানবাহিনীতে যোগ দিই। আমার স্যাররা খুবই ক্রীড়ামনস্ক। তাঁরা আমাদের অনেক সুযোগ-সুবিধা দেন। সোনা জিতলে বিশেষ পুরস্কারও দিয়ে থাকেন। অনুশীলনেও কোনো সমস্যা হয় না।  মাঝে তো ইনজুরির কারণে বাইরে ছিলেন?হাফিজুল: হ্যাঁ। গত দুই বছর আমি মাঠে নামতে পারিনি। পায়ের পেশিতে টান লেগেছিল। শুধু মাঠে আসতাম, আর দর্শক হয়ে বসে থাকতাম। স্প্রিন্টে আপনার আদর্শ কেউ আছেন? হাফিজুল: জ্যামাইকার উসাইন বোল্ট। তাঁর দৌড় থাকলেই আমি যেখানেই থাকি টেলিভিশনে দেখি। আমি তাঁর সবগুলো দৌড়ের ডিভিডি কিনেছি। সেগুলো কম্পিউটারে দেখি।