‘নৈতিকতার স্বার্থে’ প্রধানমন্ত্রীকে পদত্যাগ করার আহ্বান
‘নৈতিকতার স্বার্থে’ প্রধানমন্ত্রীকে পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, সরকার পদ্মা সেতু নির্মাণে ব্যর্থ হয়েছে। কোনো সভ্য-গণতান্ত্রিক দেশের প্রধানমন্ত্রী হলে দুর্নীতির দায় মাথায় নিয়ে পদত্যাগ করতেন। আজ বিকেলে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর ১৮ দল আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে মির্জা ফখরুল এ কথা বলেন। ‘বিএনপি নেতা ইলিয়াস আলী গুম, সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা, সৌদি কূটনীতিক হত্যার প্রতিবাদ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে’ ঢাকা মহানগর ১৮ দল ওই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।ট্রানজিট দিতে ভারতের সঙ্গে উপকূলীয় জাহাজ চলাচলের চুক্তির সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, ‘আমরা তিস্তার পানি পাই না, সীমান্তে মানুষ হত্যা হচ্ছে। এর মধ্যে আবার ট্রানজিট নবায়ন করা হয়েছে।’ তিনি বলেন, বিএনপিও প্রতিবেশী দেশের সঙ্গে ভালো সম্পর্ক চায়। তবে নিজেদের সব স্বার্থ জলাঞ্জলি দিয়ে নয়।মির্জা ফখরুলের ভাষায়, সরকারের শীর্ষস্তর থেকে শুরু করে নিম্নস্তর পর্যন্তই দুর্নীতিগ্রস্ত। পদ্মা সেতুর ঘুষের টাকা লেনদেন হয়ে গেছে আর সরকারের সবাই এর সঙ্গে জড়িত। এ কারণে সরকার কাউকে ধরতে পারছে না।ফখরুলের অভিযোগ, গত সাড়ে তিন বছরে সরকার ইলিয়াস আলীসহ বিরোধী দলের ১৩০ জনকে গুম করেছে। মানবাধিকার চরমভাবে লঙ্ঘন করা হচ্ছে। সরকারের নিজেদের লোক হওয়ায় বিডিআর বিদ্রোহের ঘটনায় জড়িত প্রকৃত অপরাধীদের বিচার করা হয়নি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ অভিযোগ করেন, পদ্মা সেতুর দুর্নীতির সঙ্গে সরকারের উচ্চপর্যায়ের লোকজন এবং প্রধানমন্ত্রীর কানাডা প্রবাসী আত্মীয় জড়িত।ঢাকা মহানগর বিএনপির সদস্যসচিব আবদুস সালামের সভাপতিত্বে অন্যদের মধ্যে জামায়াতে ইসলামীর সহাকারী সেক্রেটারি জেনারেল মজিবুর রহমান, জাগপার সভাপতি শফিউল আলম প্রধান, ইসলামী ঐক্যজোটের মহাসচিব আবদুল লতিফ নেজামী প্রমুখ বক্তব্য দেন।