‘নো-ফ্লাই জোন’ চায় সিরিয়ার বিদ্রোহীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ার বিদ্রোহীরা দেশটিতে ‘নো-ফ্লাই জোন’ দাবি করেছে। একই সঙ্গে জর্ডান ও তুর্কি সীমান্তের কাছে বিদেশি সেনাদের টহলের মাধ্যমে নিরাপদ বলয় চেয়েছে।প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরোধী সিরিয়ান ন্যাশনাল কাউন্সিলের প্রধান আবদেল বাসেত সিদা গতকাল রোববার এ দাবি জানান। ইস্তানবুল থেকে টেলিফোনে বার্তা সংস্থা রয়টার্সকে তিনি এসব কথা বলেন। সিদা বলেন, নো-ফ্লাই জোন নেই বলে বাশার আল আসাদের বাহিনীর কাছে বিদ্রোহীদের অসহায় হয়ে পড়ার বিষয়টি জাতিসংঘ অনুধাবন করেছে।সিরিয়ান ন্যাশনাল কাউন্সিলের প্রধান বলেন, ‘অনেক এলাকা মুক্ত হচ্ছে। কিন্তু সমস্যা হলো বিমান হামলা। বিমান থেকে বোমা হামলায় অনেকেই নিহত হচ্ছে এবং ধ্বংসযজ্ঞ বাড়ছে।’আবদেল বাসেত সিদা বলেন, জর্ডান ও তুর্কি সীমান্তে একটি নিরাপদ এলাকা প্রতিষ্ঠা খুবই জরুরি। বর্তমান শাসকের ক্ষমতা যে একটু একটু করে শেষ হয়ে আসছে, এ পদক্ষেপ তা নিশ্চিত করবে।মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন এক দিন আগেই জানিয়েছেন, নো ফ্লাই জোনসহ অন্যান্য কী পদক্ষেপের মাধ্যমে আসাদের বিরোধীদের সহায়তা করা যায়, তা নিয়ে তুরস্ক ও তাঁর দেশ কাজ করছে। সিরিয়ার আলেপ্পো শহরে গতকাল রোববারও সরকার ও বিদ্রোহীদের মধ্যে লড়াই অব্যাহত ছিল।