‘নোবেল পাওয়ার যোগ্যতা ছিল তাঁর’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যাপক জামাল নজরুল ইসলাম যে পর্যায়ের জ্ঞানী ছিলেন, সে পর্যায়ে অনেকেই নোবেল পুরস্কার পেয়েছেন। তিনি পাশ্চাত্যে থাকলে এ দেশ আরও একজন নোবেল বিজয়ীকে পেত। কিন্তু তিনি দেশকে ভালোবেসে, এ দেশের মানুষের টানে রাজধানীকেন্দ্রিক জীবন নয়, চট্টগ্রামকে বেছে নিলেন। দেশ হয়তো তাঁকে প্রাপ্য মর্যাদা দিতে পারেনি। তবে এসব কিছুর জন্য তাঁর কোনো আক্ষেপও ছিল না। সদ্যপ্রয়াত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিজ্ঞানী ও গণিতবিদ অধ্যাপক জামাল নজরুল ইসলামের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে এসে গতকাল রোববার এসব কথা বললেন দেশের খ্যাতনামা শিক্ষাবিদ, বিশিষ্ট নাগরিক ও তাঁর সুহূদেরা। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের নতুন ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই স্মরণসভার আয়োজন করে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি ও প্রথম আলো। স্মরণসভার বক্তারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তাঁর নিজের গড়া গণিত ও ভৌত বিজ্ঞান ইনস্টিটিউটের নাম জামাল নজরুল ইসলামের নামে করার আহ্বান জানান। এ ছাড়া তাঁকে নিয়ে দেশের বিজ্ঞানী ও গণিতবিদদের লেখার একটি স্মারক গ্রন্থ করারও প্রস্তাব করা হয়। স্মরণসভা ও বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সভাপতি অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী এর দায়িত্ব নিতে প্রথম আলোকে অনুরোধ জানান। প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম এ ধরনের একটি বই প্রকাশের প্রস্তাব সমর্থন করেন।জামিলুর রেজা চৌধুরী বলেন, জামাল নজরুল ইসলামের নোবেল পুরস্কার পাওয়ার সব যোগ্যতা ছিল। কিন্তু তিনি দেশের টানে সব ছেড়ে এখানে চলে আসেন। তাঁর মতো এত বড় আলোকিত মানুষ বাংলাদেশে কম দেখা যায়। রাষ্ট্রীয়ভাবে কিছু স্বীকৃতি তিনি পেয়েছেন। তবে তা যথেষ্ট নয়। দেশের প্রতি বিরল এই ভালোবাসার জন্য তাঁর আরও স্বীকৃতি পাওয়া উচিত। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান এ কে আজাদ চৌধুরী বলেন, ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের প্রাকৃতিক সৌন্দর্য মনোমুগ্ধকর। তবে জামাল নজরুলের মতো এত বড় মাপের বিজ্ঞানীর জন্য এটা সঠিক জায়গা কি না, আমরা সেটা ভাবতাম। তিনি দেশকে গড়তে এসেছিলেন। কিন্তু আমরা সর্বাত্মক সহায়তা দিতে পারিনি।’ জামাল নজরুলের গড়া গণিত ও ভৌত বিজ্ঞান ইনস্টিটিউটের উন্নয়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন আজাদ চৌধুরী। জামাল নজরুল ইসলামের বড় ভাই কে জেড ইসলাম বলেন, কলকাতার লরেন্স কলেজে পড়ার সময় জামাল নজরুল ইসলামের মেধাকে সবাই ভয় পেত। লন্ডনেও জামাল নজরুল তাঁর সঙ্গে ছিলেন। সেখানে এক ব্রিটিশ দম্পতি জামালের মেধায় আকৃষ্ট হয়ে তাঁদের সন্তানের নাম রাখেন জামাল। কে জেড ইসলাম আরও বলেন, ‘আমি তাকে বলেছিলাম তুমি দেশে গিয়ে নোবেলটা হারালে। পরে সেটা প্রমাণিত হয়েছে। তার সহপাঠী কিংবা সহকর্মী অনেকেই নোবেল পেয়েছেন। এ জন্য জামালের একটুও আক্ষেপ ছিল না।’সাবেক অর্থমন্ত্রী এম সাইদুজ্জামান বলেন, ‘১৯৮৬ সালে জামাল নজরুল ইসলামকে আমি জিজ্ঞেস করেছিলাম, আপনি কি এ দেশে কাজ করতে পারবেন? তিনি বলেছিলেন, কাজ করার জন্যই তিনি এসেছেন এবং অনেক ভেবে সিদ্ধান্ত নিয়েছেন। আমি তাঁর মতো মেধাবীর সঙ্গে পরিচিত হতে পেরে গর্বিত।’প্রথম আলোর চট্টগ্রামের আবাসিক সম্পাদক আবুল মোমেন বলেন, জামাল নজরুলের যে পর্যায়ের লেখাপড়া ও পারিবারিক ঐতিহ্য তাতে সাধারণ মানুষ থেকে তাঁর দূরে থাকার কথা। কিন্তু তিনি তা না করে সব মানুষের দুঃখ-কষ্টে ঝাঁপিয়ে পড়তেন। সবার ডাকেই তিনি সাড়া দিতেন, জড়িয়ে যেতেন। পশ্চিমা শিক্ষা, একজন মুসলিম ও বাঙালি—সবগুলো মূল্যবোধই তাঁর ছিল। শুধু বিজ্ঞান নয় শিল্প, সাহিত্য ও এ দেশের মানুষের আর্থসামাজিক ও রাজনৈতিক বিষয়ও তাঁর চর্চার মধ্যে ছিল। জামাল নজরুল ইসলামের বড় মেয়ে সাদফ সায সিদ্দিকী বলেন, বাবা বাংলাদেশের সম্ভাবনা নিয়ে খুবই আশাবাদী ছিলেন। ক্ষমতার অপব্যবহার, সাম্প্রদায়িকতা, নারীর প্রতি সহিংসতা কিংবা দুর্নীতি দেখলে তিনি বিচলিত হতেন। পশ্চিমের জীবন ছেড়ে দেশে আসার কারণে তিনি কখনোই অনুতপ্ত ছিলেন না। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদ বলেন, জামাল নজরুল জ্যোতির্বিজ্ঞানী বা পদার্থবিদ হয়েও কম্পিউটার বিজ্ঞানের অনেক খুঁটিনাটি বিষয় জানতেন। বিজ্ঞানের সব শাখাতেই তাঁর বিচরণ ছিল। এত বড় মাপের একজন মানুষ যুক্তরাজ্যের কেমব্রিজ বিশ্ববিদ্যালয় ছেড়ে রাজধানী ঢাকা নয়, চট্টগ্রামে ঘাঁটি গাড়েন। এটা অবিশ্বাস্য। স্মরণসভার শুরুতে পাওয়ার পয়েন্ট উপস্থাপনার মাধ্যমে জামাল নজরুল ইসলামের জীবনী, তাঁর গবেষণাকর্ম ও তাঁর লেখা বইয়ের বর্ণনা তুলে ধরা হয়। এরপর রেকর্ড করা তাঁর গাওয়া একটি গান শোনানো হয়।স্মরণসভায় আরও বক্তৃতা করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক অধ্যাপক হামিদা বানু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক নুরুল ইসলাম, গণিতবিদ অধ্যাপক খোদাদাদ খান, প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম। অনুষ্ঠানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, গবেষক ও বিজ্ঞানীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন গণিত অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক মুনির হাসান।