‘ন্যাটো সন্ত্রাসী সংগঠন’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জিম্বাবুয়ের প্রেসিডেন্ট রবার্ট মুগাবে বলেছেন, ন্যাটো আল-কায়েদার মতো একটি সন্ত্রাসী সংগঠন। কারণ, সংগঠনটি লিবিয়ায় বোমা হামলা করছে।তিনি বলেন, লিবিয়ায় ন্যাটোর হামলার লক্ষ্যবস্তু হচ্ছে দেশটির নেতা মুয়াম্মার গাদ্দাফি ও তাঁর পরিবারের সদস্যরা। যা আন্তর্জাতিক আইনের পরিপন্থী।জিম্বাবুয়ের সংখ্যালঘু সাদাদের শাসনামলে নিহতদের স্মরণে এক অনুষ্ঠানে মুগাবে এসব কথা বলেন। বিবিসির হারারে সংবাদদাতা বলছেন, অনুষ্ঠানে দেড় ঘণ্টাব্যাপী বক্তৃতার বেশির ভাগ অংশেই মুগাবে পশ্চিমা বিশ্বের কঠোর সমালোচনা করেন। মুগাবে বলেন, ন্যাটোর বোমা হামলায় নিরপরাধ বেসামরিক মানুষ প্রাণ হারাচ্ছে। তিনি বলেন, ‘তারা (ন্যাটো) গাদ্দাফিকে হত্যা করতে চাচ্ছে। তারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁর সন্তানদের হত্যা করেছে। এটা ঠিক, তালেবান ও আল-কায়েদাও মানুষ হত্যা করছে। কিন্তু ন্যাটো এ মুহূর্তে লিবিয়ায় যা করছে, তাতে ওই দুটি সংগঠনের সঙ্গে তাদের পার্থক্য কোথায় থাকল? এজন্য আমি ন্যাটোকেও সন্ত্রাসী সংগঠন হিসেবে অভিহিত করব।’ন্যাটো লিবিয়ার বেসামরিক লোকজনকে গাদ্দাফি বাহিনীর হাত থেকে রক্ষার উদ্দেশ্যে গত মার্চ থেকে দেশটিতে ব্যাপক সামরিক অভিযান শুরু করে। এ ছাড়া লিবিয়ার আকাশসীমায় নো-ফ্লাই জোন বাস্তবায়নের কাজও করছে ন্যাটো। তবে ন্যাটোর সামরিক অভিযানে বহু বেসামরিক হত্যাকাণ্ডের ঘটনাও ঘটছে। বিবিসি অনলাইন।