‘ন্যাশনাল মেডেল অব আর্টস’ পেলেন পাচিনো
সম্প্রতি হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার হাত থেকে ‘ন্যাশনাল মেডেল অব আর্টস’ সম্মাননা গ্রহণ করলেন ‘দ্য গডফাদার’খ্যাত মার্কিনতারকা আল পাচিনো। মার্কিন সংস্কৃতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতি হিসেবে এ সম্মাননা পেলেন ৭১ বছর বয়সী হলিউডের এই অভিনেতা ও নির্মাতা।পুরস্কার প্রদান অনুষ্ঠানে পাচিনো সম্পর্কে বলা হয়েছে, ‘রূপালি পর্দায় অভিনয়ের মাধ্যমে স্বকীয় একটি ধারা তৈরি করেছেন আল পাচিনো। আল পাচিনো তাঁর অভিনয় দক্ষতার সুবাদে সারা বিশ্বের দর্শকদের কাছে সুপরিচিত। তাঁর স্থান যুক্তরাষ্ট্রের সবচেয়ে প্রতিভাবান শিল্পীদের কাতারে।’ অনুষ্ঠান ঘোষকের এই স্তুতি পাঠের পরে পাচিনোর হাতে পুরস্কার তুলে দেন প্রেসিডেন্ট ওবামা।১৯৪০ সালে নিউইয়র্কের ইস্ট হার্লেমে জন্মেছিলেন আল পাচিনো। মাত্র নয় বছর বয়সে ধূমপান এবং ১৩ বছর বয়স থেকে মাঝেমধ্যে মাদক সেবন করতেন। ১৭ বছর বয়সে স্কুল থেকে বাদ পড়েন। এরপর অভিনয় নিয়ে লেখাপড়ার সিদ্ধান্ত নেন। কিন্তু মায়ের সম্মতি না পেয়ে বাড়ি থেকে বেরিয়ে যান কিশোর পাচিনো। কাজ শুরু করেন হারবার্ট বারগফ স্টুডিওতে। এই সময়ে পড়ালেখার খরচ জোগাতে হোটেলের বয়, দারোয়ান, এমনকি ডাকপিয়ন হিসেবেও কাজ করেছেন পাচিনো। মাঝেমধ্যেই বেকার থাকতেন। তখন বন্ধুর বাসায়, থিয়েটারে এমনকি রাস্তাতেও রাত কাটাতে হয়েছে এই অভিনেতাকে।১৯৬৭ সালে বোস্টনের নাটকের দল চার্লস প্লেহাউসের সঙ্গে কাজ করেছেন পাচিনো। দলটির ‘অ্যাওয়েক অ্যান্ড সিং’ নাটকে অভিনয় করে সপ্তাহে মাত্র ১২৫ ডলার আয় করতেন। ১৯৬৯ সালের ফেব্রুয়ারিতে ‘ডাজ আ টাইগার ওয়্যার আ নেকটাই?’ নাটকে অভিনয়ের মধ্য দিয়ে ব্রডওয়েতে পাচিনোর অভিষেক ঘটে। একই বছর ‘মি. নাটালি’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটে তাঁর। দুই বছর বিরতি দিয়ে অভিনয় করেন ‘দ্য প্যানিক ইন নিডল পার্ক’ ছবিতে। ১৯৭২ সালে মুক্তি পায় পাচিনো অভিনীত বহুল আলোচিত ছবি ‘দ্য গডফাদার’। পরে এই ছবির সিকুয়েলসহ আরও অসংখ্য হিট ছবি উপহার দিয়েছেন বর্ষীয়ান এই অভিনেতা। বাফটা, গোল্ডেন গ্লোব, এমিসহ অসংখ্য পুরস্কার ঝুলিতে ভরেছেন। এ ছাড়া ১৫ বার গোল্ডেন গ্লোব এবং আটবার অস্কার মনোনয়ন পেয়েছেন এই গুণী অভিনয়শিল্পী।