‘পকেট কাটার’ সুযোগ দিচ্ছে সরকার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারের জ্বালানি, যোগাযোগ মন্ত্রণালয় ও এনার্জি রেগুলেটরি কমিশনের মধ্যে সমন্বয় না থাকায় যানবাহনের মালিকেরা বারবার সাধারণ মানুষের ‘পকেট কাটার’ সুযোগ পাচ্ছেন। জ্বালানির দাম বাড়া বা কমার সঙ্গে সমন্বয় করে একই সঙ্গে যানবাহনের ভাড়া পুনর্নির্ধারণ না করায় যাত্রীদের কাছ থেকে বিপুল টাকা হাতিয়ে নিচ্ছেন যানবাহনের মালিকেরা। জাপানি দাতা সংস্থা জাইকার গত বছরের সমীক্ষায় উল্লেখ করা যাত্রীর সংখ্যা ধরে হিসাব করলে, ঢাকা মহানগরের যাত্রীদের এখন প্রতিদিন ভাড়া বাবদ ১০ কোটি টাকা অতিরিক্ত গচ্চা দিতে হচ্ছে।সরকার ৫ মে নির্বাহী আদেশে জ্বালানি তেলের দাম এবং এনার্জি রেগুলেটরি কমিশন গণশুনানি করে ১২ মে সংকুচিত প্রাকৃতিক গ্যাসের (সিএনজি) দাম বাড়ায়। কিন্তু জ্বালানির দাম বাড়লে পরিবহনের ভাড়া বাড়বে কি না, এ বিষয়ে কোনো সিদ্ধান্ত সরকার থেকে ঘোষণা করা হয়নি। এই সুযোগে পরিবহনের মালিকেরা ইচ্ছামতো ভাড়া বাড়িয়ে যাত্রীদের ‘পকেট কাটা’ শুরু করেন। সর্বশেষ সিএনজির দাম বাড়ানোর পর গত তিন দিন কার্যত ভাড়া নিয়ে নৈরাজ্য শুরু হয় পরিবহন খাতে।২০০১ থেকে ২০১১ সাল পর্যন্ত ১০ বছরে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে নয়বার। দাম কমেছে দুবার। এ পর্যন্ত সিএনজির দাম বাড়ানো হয়েছে চারবার। প্রথম দফা ২০০৮ সালে এবং সর্বশেষ গত বৃহস্পতিবার। এবার ডিজেলের দাম বেড়েছে লিটারপ্রতি মাত্র দুই টাকা এবং প্রতি ঘনমিটার সিএনজির দাম বেড়েছে আট টাকা।১০ বছরে নয়বার জ্বালানি তেল এবং চারবার সিএনজির দাম বাড়ানোর সময় সরকারগুলো সমন্বিতভাবে সিদ্ধান্ত নিয়ে পরিবহনের ভাড়া ঠিক করে দেয়নি। এতে প্রতিবারই আর্থিক ক্ষতির শিকার হয়েছে সাধারণ মানুষ। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, শুধু এই ১০ বছরেই নয়, কখনো কোনো সরকারই জ্বালানির সঙ্গে সমন্বয় করে ভাড়া নির্ধারণ করে দুটোই একসঙ্গে ঘোষণা করেনি।দেখা গেছে, যোগাযোগ মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ভাড়ার হার সমন্বয় করে। কিন্তু বিআরটিএ জ্বালানির দাম বাড়ার কখনো এক সপ্তাহ পরে, কখনো বা এক মাস পরে ভাড়ার হার সমন্বয় করেছে। আর এই সময়টাতে যানবাহনের মালিকেরা ইচ্ছামতো ভাড়া বাড়িয়েছেন। পরে বিআরটিএ যে ভাড়া নির্ধারণ করে দেয়, তা কাগজে-কলমেই থাকে। বাস্তবে সরকারের সিদ্ধান্তহীনতার সময় মালিকেরা ইচ্ছামতো যে ভাড়ার হার নির্ধারণ করেন, তা-ই বহাল থাকে। গত সপ্তাহে সিএনজির দাম বাড়ার পর রাজধানীতে চলাচলকারী বাসে পাঁচ থেকে শুরু করে ১৫ টাকা পর্যন্ত ভাড়া বেড়েছে। এখন বাসে এক কিলোমিটার পথ পাড়ি দিলেও যাত্রীদের ন্যূনতম ৮ থেকে ১৫ টাকা গুনতে হচ্ছে। সিএনজি অটোরিকশায় নির্ধারিত হারের চেয়ে দ্বিগুণ ভাড়া নিতে দেখা গেছে। দূরপাল্লার রুটেও ২০-৪০ টাকা পর্যন্ত ভাড়া বেড়েছে।ভোক্তা অধিকার নিয়ে কাজ করা কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর ভূঁইয়া প্রথম আলোকে বলেন, সরকারগুলোর ভুল নীতির কারণে প্রতিবারই জ্বালানির দাম বাড়লে যাত্রীরা হয়রানির শিকার হয়। জ্বালানির দামের সঙ্গে ভাড়া সমন্বয় করে একসঙ্গে ঘোষণা করা হলে পরিবহনের মালিকেরা সাধারণ মানুষের পকেট কাটার সুযোগ কম পেতেন।যোগাযোগ করা হলে জ্বালানিসচিব মোহাম্মদ মেজবাহউদ্দিন প্রথম আলোকে বলেন, জ্বালানি তেলের দাম লিটারপ্রতি দুই টাকা বাড়ার কারণে পরিবহন খাতে তেমন কোনো প্রভাব পড়ার কথা নয়। আর সিএনজির দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। তারা কবে, কত টাকা বাড়াবে, তা তো মন্ত্রণালয় জানে না। তাই দাম বাড়ানোর প্রভাব নিয়ে মন্ত্রণালয় আগে কোনো সভা করতে বা সিদ্ধান্ত নিতে পারে না।সংশ্লিষ্ট সূত্র জানায়, জ্বালানির দাম বাড়ানোর সঙ্গে সমন্বয় রেখে পরিবহনের ভাড়া নির্ধারণ করে একসঙ্গে ঘোষণা করতে চাইলে কমিশন সংশ্লিষ্ট পক্ষগুলোকে ডাকতে পারে এবং এটা সম্ভব। স্বাধীন কমিশন হিসেবে জনস্বার্থে তারা এটা করতে পারে। তবে এ বিষয়ে বক্তব্য জানার জন্য টেলিফোনে চেষ্টা করা হলেও কমিশনের চেয়ারম্যানের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।পকেট কাটা: জাপানি দাতা সংস্থা জাইকার গত বছরে করা এক সমীক্ষায় বলা হয়েছে, একজন যাত্রীর প্রতিবার বাস ব্যবহারকে এক ট্রিপ ধরে রাজধানী ঢাকায় দৈনিক প্রায় ৭৫ লাখ যাত্রী বাসে চলাচল করে। যাত্রীর এই সংখ্যা ধরে শুধু ঢাকা মহানগরে প্রতিবার পাঁচ টাকা করে বাড়তি ভাড়া গুনতে হলে দৈনিক পৌনে চার কোটি টাকা অতিরিক্ত যায় যাত্রীদের পকেট থেকে। অনেক রুটে ১০ টাকা পর্যন্ত বাড়তি ভাড়া গুনতে হচ্ছে যাত্রীদের। সে ক্ষেত্রে দৈনিক গচ্চা দিতে হয় সাড়ে সাত কোটি টাকা। গড় ধরলে, অতিরিক্ত ভাড়া হিসেবে ঢাকার যাত্রীদের প্রতিদিন প্রায় সাড়ে পাঁচ কোটি টাকা গুনতে হচ্ছে।জাইকার ওই সমীক্ষা অনুযায়ী, ঢাকায় সিএনজি অটোরিকশায় একইভাবে প্রতিদিন ১৫ লাখ যাত্রী চলাচল করে। সিএনজি অটোরিকশাচালকেরা প্রতি যাত্রায় যাত্রীদের কাছ থেকে ১০-৫০ টাকা বাড়তি আদায় করছেন। গড়ে ৩০ টাকা ধরলে চালকেরা যাত্রীদের জিম্মি করে প্রতিদিন গড়ে সাড়ে চার কোটি টাকা হাতিয়ে নিচ্ছেন।বাস ও অটোরিকশার হিসাব ধরলে ঢাকার যাত্রীদের প্রতিদিন ১০ কোটি টাকা বাড়তি ভাড়া গুনতে হচ্ছে। ভাড়ার হার নির্ধারণে সমন্বয় নেই: বিআরটিএ যানবাহনের ভাড়ার হার নির্ধারণের ক্ষেত্রে জ্বালানি খরচের পাশাপাশি বাসের ক্রয়মূল্য, দৈনন্দিন খরচ, মালিকের মুনাফা, কর্মীদের বেতনসহ অন্তত ২০টি ব্যয়ের খাত বিবেচনায় নিয়ে থাকে। ২০০৮ সালে সিএনজির দাম প্রতি ঘনমিটার আট টাকা বাড়ানোর পর বাসের ভাড়া বেড়েছিল প্রতি কিলোমিটারে ২০ পয়সা। কিন্তু সিএনজির দাম বাড়ানোর ঘোষণার কয়েক মাস পর বাসের ভাড়া নির্ধারণ করেছিল বিআরটিএ। ওই সময় সরকার বড় বাসে প্রতি কিলোমিটারে ভাড়া এক টাকা ২০ পয়সা ও মিনিবাসে এক টাকা ১০ পয়সা নির্ধারণ করেছিল। সেটা মানেননি মালিকেরা। সরকার ভাড়া নির্ধারণের আগে বাসের মালিকেরা বাসে উঠলেই সর্বনিম্ন পাঁচ টাকা ভাড়া নেওয়া শুরু করেছিলেন। পরে বাসের মালিকদের তদবিরে বিআরটিএ প্রথমবারের মতো সর্বনিম্ন ভাড়া পাঁচ টাকা রেখে দেয়। কিন্তু বিআরটিএর এই সিদ্ধান্তের কয়েক দিন পরই পরিবহনের মালিকেরা নিজেরাই সর্বনিম্ন ভাড়া আট টাকা আদায় করা শুরু করেন। বিআরটিএর কর্মকর্তারা বলছেন, ডিজেলের দাম প্রতি লিটারে দুই টাকা বাড়ানোর কারণে বাসের ভাড়া দুই পয়সা বাড়তে পারে। আর সিএনজিচালিত বাসের ভাড়াও ১০ পয়সার বেশি বাড়বে না। এর আগে যখন সিএনজির দাম আট টাকা বাড়ানো হয়েছিল, তখন সরকার ভাড়া বাড়িয়েছিল মিনিবাসে ১০ আর বড় বাসে ২০ পয়সা।অটোরিকশা: সিএনজির দাম বাড়তে পারে—এ আলোচনা কয়েক মাস ধরেই বিভিন্ন মহলে চলছিল। দাম বাড়ার আভাস পেয়েই সিএনজিচালিত গাড়ির মালিকেরা ভাড়া ও জমা বাড়ানোর জন্য মন্ত্রণালয়ে তদবির শুরু করেন। গত জানুয়ারি মাসে তাঁরা সফলও হন। কোনো কারণ ছাড়াই সরকার অটোরিকশার ভাড়া ও জমা বাড়িয়ে দেয়। কিন্তু তাদের মিটারে যেতে, নিয়ম মানাতে পারেনি সরকার। অটোরিকশাচালকেরা নতুন নির্ধারিত হারের চেয়ে ৪০-৭০ টাকা পর্যন্ত বেশি আদায় করা শুরু করেন। এ অবস্থায় সিএনজির দাম বাড়ার পর আবারও চালক-মালিকেরা ভাড়া বাড়ানোর জন্য সরকারকে চাপ দিচ্ছেন এবং রাস্তায় নৈরাজ্য শুরু করেছেন।যোগাযোগ মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা নাম না প্রকাশ করার শর্তে বলেন, সিএনজির দাম বাড়বে, সেটা জানাই ছিল। গত জানুয়ারি মাসে অটোরিকশার ভাড়া না বাড়িয়ে জ্বালানি মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে অপেক্ষা করা যেত। যোগাযোগ মন্ত্রণালয় এককভাবে এই সিদ্ধান্ত নিয়ে এখন বিপাকে পড়েছে।ভাড়া বিষয়ে বৈঠক: জ্বালানির দাম বাড়ানোর পরিপ্রেক্ষিতে যানবাহনের ভাড়া সমন্বয় করতে আজ সোমবার যোগাযোগ মন্ত্রণালয় সভা আহ্বান করেছে। যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন গতকাল রোববার তাঁর দপ্তরে সাংবাদিকদের বলেন, আগামীকাল (আজ) সোমবার বিকেলে পরিবহন মালিক, শ্রমিকনেতা ও সংশ্লিষ্ট সবাইকে নিয়ে ভাড়া নির্ধারণের বৈঠক হবে। সরকারের সিদ্ধান্ত নেওয়ার আগে অন্যায়ভাবে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে বলেও ক্ষোভ প্রকাশ করেন তিনি। তবে এ ব্যাপারে কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না, জানতে চাইলে মন্ত্রী কোনো মন্তব্য করেননি।জ্বালানির দাম বাড়ানোর আগেই কেন ভাড়া নির্ধারণ করা হয়নি, জানতে চাইলে যোগাযোগমন্ত্রী বলেন, জ্বালানির দাম বাড়ানোর বিষয়টি এনার্জি রেগুলেটরি কমিশনের স্বাধীন ব্যাপার। তারা স্বাধীনভাবে দাম বাড়িয়েছে।এদিকে যোগাযোগ মন্ত্রণালয়ের এই বৈঠকে ডাকা হয়নি রাজধানীতে চলাচলকারী বাসমালিকদের সংগঠন এবিসির প্রতিনিধিদের। সংগঠনটির নেতারা গতকাল এক বিবৃতিতে বলেন, তাঁরা পরিবহন খাতে ১৬০ কোটি টাকা বিনিয়োগ করেছেন। কিন্তু ভাড়া নির্ধারণের সভায় তাঁদের ডাকা হয়নি।