‘পঙ্গু, দরিদ্র ছেলেটির প্রতি রাষ্ট্র বিদ্বেষপূর্ণ আচরণ করছে’
র্যাবের গুলিতে পঙ্গু হওয়া ঝালকাঠির কিশোর লিমন হোসেনের বিরুদ্ধে দায়ের করা সব মামলা প্রত্যাহার করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান।গতকাল মঙ্গলবার জাতীয় মানবাধিকার কমিশনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মিজানুর রহমান এ আহ্বান জানান।কমিশনের চেয়ারম্যান বলেন, ‘লিমনের সঙ্গে রাষ্ট্র ইতিমধ্যে যে আচরণ করেছে, সেটা যথেষ্ট হয়েছে। কিন্তু মনে হচ্ছে, পঙ্গু, নিরস্ত্র, অতিদরিদ্র ছেলেটির প্রতি রাষ্ট্র বিদ্বেষপূর্ণ আচরণ করে চলেছে। এটা কেন করা হচ্ছে, কার উদ্দেশ্যে করা হচ্ছে, কার অহমিকায় আঘাত করেছে—এটা বোধগম্য হচ্ছে না।’ তিনি বলেন, ‘রাষ্ট্রের বিশাল লম্বা হাতের তুলনায় একজন নাগরিক অসহায়। এ রকম একজন নাগরিকের পাশে দাঁড়ানো জাতীয় মানবাধিকার কমিশনের দায়িত্ব বলে মনে করি। এ কারণেই লিমনের পাশে কমিশন আছে। কিন্তু রাষ্ট্র অত্যন্ত গোপনীয়তার সঙ্গে চুপিসারে লুকোচুরির আশ্রয় নিয়ে লিমনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে। সেটা প্রকাশ হয়েছে চার দিন পরে। কেউ যেন জানতে না পারে, এ রকম কৌশল অবলম্বন করে পঙ্গু একটি ছেলের বিরুদ্ধে রাষ্ট্র উদ্ধত আচরণ করছে। এটা আইনি শাসনের পরিপন্থী বলে কমিশন মনে করে।’লিমনের ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় কমিশনকে সহযোগিতা করছে না বলে অভিযোগ করেন মিজানুর রহমান। তিনি বলেন, এ ঘটনা তদন্ত করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বারবার চিঠি দেওয়া হলেও তারা কোনো ব্যবস্থা নিচ্ছে না বা উত্তর দিচ্ছে না। তিনি বলেন, লিমনের বিরুদ্ধে দেওয়া অভিযোগপত্র প্রত্যাহার করতে মানবাধিকার কমিশন সরকারের কাছে আবেদন জানাবে। প্রয়োজনে আইনি লড়াইয়ে নামবে—সেটা নিম্ন আদালতে হোক বা উচ্চ আদালতে। মিজানুর রহমান বলেন, ‘লিমনের যে লড়াই, তা ন্যায্য ও ন্যায়সংগত। তার জয় হবেই। কিন্তু রাষ্ট্র তার বিরুদ্ধে একের পর এক মামলা-অভিযোগপত্র দায়ের করে চলছে। আমরা বলতে চাই: “লিমন, তুমি ভয় পেয়ো না, জাতীয় মানবাধিকার তোমার পাশে ছিল, আজও আছে এবং ভবিষ্যতে থাকবে।” আমরা শেষ পর্যন্ত দেখে যাব, এ দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠা হয় কি না।’মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেন, ‘র্যাব যখন মামলা করেছিল, তখন বলেছিলাম, এটা বিচার বিভাগের জন্য বিরাট পরীক্ষা। আজকে সেই কথাই আবার বলতে চাই। বিচার বিভাগের কাছে সাধারণ দরিদ্র মানুষ ন্যায়বিচার পাবে কি না বা বিচার বিভাগের ওপর মানুষের আস্থা ধীরে ধীরে উবে যাবে কি না—এটা তার লিটমাস টেস্ট।’ তিনি বলেন, র্যাবের করা মামলার দ্রুত অভিযোগপত্র দেওয়া হচ্ছে, কিন্তু লিমনকে গুলি করে পঙ্গু করার অভিযোগে তার মায়ের করা মামলা গুরুত্ব দেওয়া হচ্ছে না। লিমনের মা গ্রামের দরিদ্র নারী। না আছে শক্তি, না আছে অর্থবল। তাই এই দরিদ্র নারীকে বৈভবের কাছে মাথা নত করে থাকতে হবে।মিজানুর রহমান বলেন, গত বছর র্যাবের গুলিতে লিমন নামের যে ছেলেটি পঙ্গু হয়ে গিয়েছিল, বিভিন্ন সংবাদমাধ্যম থেকে জানতে পেরে তার পাশে তাৎক্ষণিকভাবে মানবাধিকার কমিশন দাঁড়িয়েছিল। হঠাৎ করে দেখা গেল, তার বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়েছে। এই সংবাদে কমিশন দারুণভাবে ক্ষুব্ধ ও দুঃখিত হয়েছে। এ প্রতিক্রিয়া জানতেই গতকালের সংবাদ সম্মেলন বলে তিনি জানান।লিমনের অভিযোগ, গত বছরের ২৩ মার্চ ঝালকাঠির রাজাপুর উপজেলার সাঁতুরিয়া গ্রামে নিজ বাড়ির কাছের মাঠে গরু আনতে গেলে তাকে র্যাব সদস্যরা ধরে পায়ে অস্ত্র ঠেকিয়ে গুলি করে। এরপর র্যাব নিজেদের অপরাধ ঢাকা দিতে স্থানীয় কিছু দুর্বৃত্তের সঙ্গে লিমনকে আসামি করে রাজাপুর থানায় দুটি মামলা করে। এর একটি অস্ত্র মামলা, অন্যটি বন্দুকযুদ্ধ করে র্যাবকে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে করা মামলা। দুটি মামলাতেই পুলিশ লিমনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে আদালতে।গরিব শ্রমজীবী পরিবারের সন্তান লিমনের পঙ্গু হওয়ার ঘটনা সংবাদমাধ্যমে প্রচারিত হওয়ার পর ঘটনাটি সারা দেশে ব্যাপক আলোচিত হয়। সাধারণ মানুষের আর্থিক সহায়তায় তার চিকিৎসা হয়। কৃত্রিম পা নিয়ে এখন সে চলাফেরা করে। গত বছরই এইচএসসি পরীক্ষার্থী ছিল লিমন। কিন্তু পরীক্ষার কয়েক দিন আগে সে গুলিবিদ্ধ হয়। চলতি বছর সে এইচএসসি পরীক্ষা দিয়েছে।