‘পঞ্চাশে অনিন্দ্য তুমি’তে গাইবেন শাকিলা
সংগীতশিল্পী শাকিলা জাফরের জন্মদিন ফেব্রুয়ারি মাসের ২৮ তারিখ। ২১ জানুয়ারি শনিবার সন্ধ্যায় রাজধানীর জাতীয় জাদুঘর মিলনায়তনে এ উপলক্ষে শাকিলা জাফরের একক সংগীতানুষ্ঠানের আয়োজন করেছে ‘আমরা সূর্যমুখী’। ‘পঞ্চাশে অনিন্দ্য তুমি’ শিরোনামের এই একক গানের এ অনুষ্ঠানটিতে গাইবেন শাকিলা।এ প্রসঙ্গে শাকিলা জাফর জানিয়েছেন, ‘যত দূর জানি, আমরা সূর্যমুখী সংগঠনটি একটি অলাভজনক প্রতিষ্ঠান। তাই এদের যেকোনো অনুষ্ঠানে গান করে বেশ ভালোই লাগে। আমার বয়স যখন ৩০, তখনো সংগঠনটি একটি অনুষ্ঠানের আয়োজন করেছিল। এবার আমার ৫০ বছরে আবারও এমন একটি গানের অনুষ্ঠানের আয়োজন করেছে। এর আগে আমরা সূর্যমুখী সংগঠনের একটি অনুষ্ঠানে আমি ও তপন দা (তপন চৌধুরী) গান করেছিলাম।’শাকিলা জাফর আরও বলেন, ‘অনুষ্ঠানটি নিয়ে আমার বন্ধুবান্ধব ও পরিচিতজনদের কাছ থেকে বেশ আগ্রহ লক্ষ্য করছি।’জাতীয় জাদুঘর মিলনায়তনে শাকিলা জাফরের একক সংগীতানুষ্ঠানটি শুরু হবে সন্ধ্যায়।অনুষ্ঠানে কী থাকছে, এমন প্রশ্নে উত্তরে শাকিলা জাফর বলেন, ‘পুরো অনুষ্ঠানে গানের গল্পসহ এক থেকে দেড় ঘণ্টা পর্যন্ত গান করব। অ্যালবামের গানের পাশাপাশি চলচ্চিত্রের কিছু জনপ্রিয় গানও করব।’আমন্ত্রিত অতিথিরা অনুষ্ঠানটি উপভোগ করতে পারবেন।