‘পত্রিকা-টিভিগুলো সত্য-মিথ্যা মিশিয়ে যা ইচ্ছা বলছে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘পত্রিকা ও টেলিভিশনগুলো এখন সত্য-মিথ্যা মিশিয়ে যা ইচ্ছা বলছে। আমরা তো কিচ্ছু বলছি না। বিএনপির সময় আপনারা তো এটা পারতেন না। আমরা জানি, আমার সাংবাদিক বন্ধুরা তা ভুলে যাননি।’গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদের দ্বাদশ অধিবেশনের সমাপনী বক্তব্যে সংসদ নেতা শেখ হাসিনা এ কথা বলেন।জাতীয় সংসদের শীতকালীন অধিবেশন গতকাল শেষ হয়েছে। বিরোধী দলের উপস্থিতিতে তিন কার্যদিবস উত্তপ্ত থাকলেও শেষ দিনে তারা না আসায় সংসদ ছিল নিরুত্তাপ। বিরোধী দল সংসদে না আসায় অধিবেশনের শুরুতে মহাজোটের সাংসদেরা তাঁদের সমালোচনা করেন। সংসদে বিরোধী দলের অশ্রাব্য ভাষায় গালিগালাজ ও স্পিকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলায় এ ব্যাপারে স্পিকারের বক্তব্য দাবি করেন তাঁরা। জবাবে স্পিকার বলেন, ‘বিরোধী দলের সাংসদদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যেত। কিন্তু তা করলে বিরোধী দল সংসদ বর্জনের অছিলা পেত। স্পিকার হিসেবে আমি চাই বিরোধী দল সব সময় সংসদে আসুক।’বিরোধী দলের সমালোচনা করে তোফায়েল আহমেদ বলেন, বিরোধী দল বলেছে, সংসদের কিছু বক্তব্য এক্সপাঞ্চ না হলে তারা সংসদে আসবে না। তারা স্পিকারের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তুলেছে। আসলে বিরোধী দল সংসদে এসেছিল বেতন-ভাতা নিতে।ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেনন বলেন, সাংসদদের উপস্থিতির বিধান সংশোধনের সময় এসেছে। বিরোধী দল শুধু সদস্যপদ রক্ষার জন্য আসছে। খারাপ ভাষায় কথা বলা হচ্ছে। এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া দরকার। একই বক্তব্য তুলে ধরেন মঈন উদ্দীন খান বাদল।শেখ ফজলুল করিম সেলিম বলেন, ‘বিরোধী দলের সাংসদেরা ফজিলাতুন নেসার (বাপ্পি) দিকে তেড়ে গিয়েছিলেন। সেদিন আমরা তেড়ে গেলে কী হতো!’বিরোধীদলীয় সাংসদদের আচরণ, বক্তব্য এবং তাঁদের অনুপস্থিতির ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে স্পিকার বলেন, বিরোধী দলের সদস্যদের ওপর তাঁর ক্ষমতা তিনি প্রয়োগ করতে পারতেন। কিন্তু তিনি তা করেননি। তিনি অন্য যেকোনো দেশের স্পিকারের চেয়ে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করছেন।আবদুল হামিদ বলেন, ‘অষ্টম জাতীয় সংসদে উপনেতা থাকাকালীন আমার কিছু তিক্ত অভিজ্ঞতা রয়েছে। এখন আপনারা আমাকে স্পিকার বানিয়ে দিয়েছেন। তাই আমি আমার দুঃখের কথা বলতে পারি না।’বিএনপি সংসদে তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের দাবি উত্থাপন না করায় হতাশা প্রকাশ করে স্পিকার বলেন, ‘দীর্ঘ অনুপস্থিতির পর সংসদে যোগ দিয়ে বিরোধীদলীয় নেতা তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালের দাবি তোলেননি। তিনি কোনটা মানেন? কোন ধরনের, কোন পদ্ধতির তত্ত্বাবধায়ক, কী রূপরেখার তত্ত্বাবধায়ক চান, তা ওনার বলা উচিত ছিল।’বিরোধীদলীয় সাংসদদের অসংসদীয় ভাষা প্রয়োগের বিষয় উল্লেখ করে স্পিকার বলেন, রেহানা আক্তার যে কথা বলেছেন, তাতে তাঁর কথা বন্ধ করা যেত। কিন্তু সেটা করলে সংসদ বর্জনের অছিলা হতো। স্পিকার বলেন, ‘আমি তো দেখেছি, পেছনের দিকে বসা এক সদস্যের দিকে একজন চড় আরেকজন ঘুষি মারতে গেছেন। আমি তো অ্যাকশন নিতে পারতাম। আমি অ্যাকশন নিলে তাঁরা চলে যেতেন।’বিরোধীদলীয় নেতা বক্তব্য শেষ করে সংসদ নেতার বক্তব্য শুরু হওয়ার সময়েই চলে যাওয়ার সমালোচনা করে স্পিকার বলেন, ‘উনি চলে গেলেন। এটা তো ঠিক নয়। এটা তো তাঁদের বুঝতে হবে। আমি বিবেকের কাছে মুক্ত, আমি নিরপেক্ষ, আমি কোনো পক্ষের নই। আমার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুললে শুধু বলব, আমি দুঃখিত।’সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, ‘যখন মিডিয়া ক্যু ও ভোট কারচুপি হতো, তখন তত্ত্বাবধায়ক সরকার দরকার ছিল। গত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় এসেই আতঙ্ক সৃষ্টি করেছিল। এমনকি আমাকেও জেলে নেওয়া হয়েছিল। তত্ত্বাবধায়ক বাতিল হয়েছে হাইকোর্টের রায়ে।’শেখ হাসিনা বলেন, কথা ছিল রাষ্ট্রপতির ভাষণের ওপর ৪০ ঘণ্টা আলোচনা হবে। অথচ বিরোধী দলকে সংসদে আনার জন্য রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনা হয়েছে ৫০ ঘণ্টা ২৬ মিনিট। বিরোধীদলীয় নেতা দীর্ঘক্ষণ বক্তব্য দিয়েছেন। চলেও গেছেন। এর পরও যদি তাঁরা বলেন কথা বলতে দেওয়া হয় না, সেটা ঠিক না।প্রধানমন্ত্রী বলেন, আসলে তাঁরা সংসদে থাকতে আসেননি। এসেছেন বেতন-ভাতা ও সদস্যপদ রক্ষা করতে। এসে অশালীন বক্তব্য ও গালমন্দ দিয়েছেন। চেয়ার ছেড়ে আক্রমণাত্মক ভঙ্গিতে একজনকে মারতে গেছেন।বিদ্যুতের সমস্যা সম্পর্কে শেখ হাসিনা বলেন, বিদ্যুতের সমস্যা আছে। কিন্তু বর্তমান সরকার বিদ্যুৎ উৎপাদন বাড়িয়েছে। জাতীয় গ্রিডে তিন হাজার ৩০০ মেগাওয়াট অতিরিক্ত বিদ্যুৎ যোগ হয়েছে। ২২ লাখ নতুন গ্রাহক বিদ্যুৎ-সংযোগ পেয়েছেন। বিদ্যুৎ উৎপাদন বাড়াতে কুইক রেন্টাল, স্বল্পমেয়াদি, মধ্যমেয়াদি ও দীর্ঘমেয়াদি প্রকল্প নেওয়া হয়েছে। সেচকাজের সুবিধার জন্য বিদ্যুৎ গ্রামে যাচ্ছে। সে জন্য ঢাকায় লোডশেডিং হচ্ছে। এর দরকারও আছে, মানুষ যাতে ভুলে না যায় লোডশেডিং নামে কিছু একটা ছিল। জনসংখ্যা বৃদ্ধির হারকে আশঙ্কাজনক বলে মনে করেন না প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘বিশ্বের অনেক দেশ বৃদ্ধদের দেশ হয়ে গেছে। সেখানে কর্মক্ষম যুবকের অভাব দেখা দিয়েছে। আমি জনসংখ্যাকে বোঝা বলে মনে করি না, মায়ের মন দিয়ে দেখি। সন্তানদের তো আর ফেলে দেওয়া যায় না। তাই তাদের শিক্ষা-দীক্ষায় মানুষ করার পদক্ষেপ নিয়েছি।’সংসদনেতার বক্তব্য শেষে স্পিকার অধিবেশন শেষ করা-সংক্রান্ত রাষ্ট্রপতির নির্দেশ পড়ে শোনান। এরপর তিনি অধিবেশনের সমাপ্তি ঘোষণা করেন।বিরোধী দল তিন দিন উপস্থিত: চলতি অধিবেশনে বিরোধী দল তিন দিন উপস্থিত ছিল। ১৮ মার্চ তারা অধিবেশনে যোগ দেয়। ২০ মার্চ খালেদা জিয়া ভাষণ দেন।অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাব সম্পর্কে আলোচনা হয় মোট ৫০ ঘণ্টা ২৬ মিনিট। আলোচনা করেন ২১১ জন সাংসদ। অধিবেশনে উত্থাপিত হয় ২৮টি বিল। এর মধ্যে পাস হয় ১৫টি।