‘পথ দেখাইছে মফিজ ভাই’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খেয়া পার হবেন? ঘাট যদি হয় সাহেববাড়ি, তাহলে ওপারে আপনার জন্য অপেক্ষা করবে অপার এক বিস্ময়! খেয়ানৌকা থেকে পা মাটিতে ফেলার সঙ্গে সঙ্গে আপনাকে নিয়ে শুরু হবে রীতিমতো টানাটানি। কার আগে কে সালাম জানাল, হাত মিলিয়ে কুশলাদি বিনিময়, যাচ্ছেন কোথায়, কার বাড়ি ইত্যাদি বলে টানাটানি মোটরসাইকেল-ওয়ালাদের। হাওর-খাল-মেঠোপথ আর ইট-সুরকির রাস্তা ধরে যাতায়াতের একটিই বাহন মোটরসাইকেল। এ পথ দেখাল কে? জানতে চাইলে উত্তরও মেলবে ঝটপট, ‘...পথ দেখাইছে মফিজ ভাই’!সুনামগঞ্জ শহরের তেঘরিয়া সাহেববাড়িঘাট থেকে সদরগড় আর সেখান থেকে মোটরসাইকেলে করে যাওয়া যায় খরচার হাওরপারের বিশ্বম্ভরপুর, টাঙ্গুয়ার হাওরপারের টেকেরঘাট, তাহিরপুর, বাদাঘাট এবং সীমান্ত ঘুরে ঘুরে সেই ধরমপাশা পর্যন্ত মোটরসাইকেল যোগাযোগের সূচনাকারী একজন, তিনি মফিজুর রহমান। সুনামগঞ্জ সদর উপজেলার জানিগাঁওয়ের বাসিন্দা মফিজুর রহমান ওই এলাকায় এক নামে ‘মফিজ ভাই’ নামে পরিচিত। এ প্রতিবেদকের সঙ্গে আলাপকালে তিনি জানান, নব্বইয়ের দশকে এক দিন টেকেরঘাট চুনাপাথর খনি প্রকল্পে যেতে প্রথম মোটরসাইকেল চালান। পরবর্তী সময়ে তার দেখাদেখি বড়ছড়া শুল্কস্টেশন চালু হলে শুরু হয় যাত্রীবাহী মোটরসাইকেল চালানো। মফিজ আর এখন মোটরসাইকেল চালান না। তবে সূচনাকারী হিসেবে তাঁর নাম চালকেরা এখনো নেন। মফিজের দেখানো পথে মোটরসাইকেলে যাতায়াত এখন তাহিরপুর ছাড়া হাওর এলাকার অন্যত্রও ছড়িয়ে পড়েছে।শুষ্ক মৌসুমে মোটরসাইকেলে তাহিরপুর উপজেলায় কাঁচা ও পাকা মোট রাস্তার পরিমাণ হলো ২০৯ কিলোমিটার। যার মধ্যে কাঁচা রাস্তা ২০১ কিলোমিটার, আর পাকা রাস্তা মাত্র আট কিলোমিটার। বর্ষায় নৌকা এবং শুকনা মৌসুমে পায়ে হাঁটা হলো উপজেলাবাসীর যোগাযোগের প্রধান মাধ্যম। সড়ক বিভাগ সূত্রে জানা যায়, সর্বমোট ২১ কিলোমিটার দীর্ঘ তাহিরপুর-সুনামগঞ্জ সড়কের বেশির ভাগই হাওরের মধ্য দিয়ে অতিক্রম করেছে। এ সড়কের বিভিন্ন অংশে ছয়টি ছোট-বড় সেতু ও ২৯টি কালভার্ট রয়েছে। সড়কে মাটির রাস্তার প্রস্থ ২৪ ফুট। এর মধ্যে ১২ ফুট হবে পিচঢালা রাস্তা। ছয়টি সেতুর মধ্যে রক্তি নদীর ওপর নিয়ামতপুর সেতুর দৈর্ঘ্য ৯০ মিটার, প্রস্থ ৯.৫০ মিটার এবং বীরনগর গ্রামের ওপর নির্মিত সেতুর দৈর্ঘ্য ৭৫ মিটার, প্রস্থ ৯.৫ মিটার। সরাসরি সড়ক না হওয়ায় উপজেলাবাসীকে জেলা শহরে ইঞ্জিন নৌকায় আসতে হয়। এতে সময় লাগে সাত ঘণ্টা। শুষ্ক মৌসুমে অবশ্য নৌকাও চলে না। তখন ভরসা পায়ে হাঁটা। উপজেলায় ইউনিয়নের সংখ্যা সাতটি। উপজেলা কিংবা এক ইউনিয়নের সঙ্গে অন্য ইউনিয়নের মধ্যে কোনো সড়ক যোগাযোগব্যবস্থা গড়ে ওঠেনি। এ এলাকায় যাতায়াত বলতে জলপথের যোগাযোগকেই বোঝায়। এই যাতায়াত খুবই সময়সাপেক্ষ এবং ঝুঁকিপূর্ণ। জ্যৈষ্ঠের শুরু থেকে অগ্রহায়ণের শেষ পর্যন্ত এ এলাকায় থাকে বর্ষার আমেজ। বর্ষাকালীন এই সাত মাস বাদে বছরের বাকি পাঁচ মাসের চিত্রটা হয়ে যায় একেবারে ভিন্ন। এ সময় যাতায়াতের একমাত্র মাধ্যম হয় পা। তখন হাঁটার কোনো বিকল্প থাকে না। কারণ রাস্তাঘাট না থাকায় এখানে সড়কপথে চলাচলের কোনো যানবাহন নেই। এ উপজেলায় রয়েছে বড় বড় ফসলের হাওর। এ হাওরগুলোর মধ্যে নেই কোনো সড়কপথ কিংবা খাল, নালা। কৃষকদের জমি রোপণ ও ফসল কর্তনে নানা ভোগান্তিতে পড়তে হয়। ফলে বেড়ে যায় ফসল উৎপাদন খরচ। শনির হাওর কমিটির সাধারণ সম্পাদক নুরুল আমীন জানান, হাওরে রাস্তা হলে ফসল উৎপাদন বাড়বে এবং খরচ কমবে। কিন্তু এ ব্যাপারে কোনো সরকারই কার্যকর কিছু করছে না।তবে স্বাধীনতার পর এ উপজেলার বিভিন্ন রাস্তাঘাটে পর্যাপ্ত মাটির কাজ হয়েছে। কিন্তু অনিয়ম ও পরিকল্পিত উদ্যোগের অভাবে বর্ষার ঢেউয়ে প্রতিবারই রাস্তা ভেঙে আগের অবস্থায় ফিরে গেছে।