শেখ জামালকে হারিয়ে লিগে দারুণ শুরু। কিন্তু টাঙ্গাইলে আগের ম্যাচে ফরাশগঞ্জের সঙ্গে ড্র। কাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে হার আবাহনীর কাছে। তার ওপর দলের বিদেশিদের বিরুদ্ধে পাতানো খেলা-সংক্রান্ত অভিযোগে অস্থিরতা চলছে বিজেএমসিতে। এসব একপাশে রেখেই এগিয়ে যাওয়ার প্রত্যয় কোচ জাকারিয়া বাবুর হঠাৎ যেন পথ হারিয়ে ফেললেন। সমস্যাটা কী?জাকারিয়া বাবু: পথ হারাইনি। বরং পথেই আছি আমরা। এ রকম হবেই। কারও আগে, কারও পরে। এটাকে অস্বাভাবিক বলব না। তার মানে পয়েন্ট হারাতে আপনারা প্রস্তুতই ছিলেন?জাকারিয়া: আমরা মাঠে আসি জিততে। তার পরও পয়েন্ট হারাই। আজ নিজেদের দোষেই গোল খেয়েছি। ভুল শুধরে এগোতে হবে আমাদের। বিজেএমসি শুরুর গতিটা শেষ পর্যন্ত ধরে রাখতে পারবে কি না অনেকেরই সংশয়। আপনি কী বলেন?জাকারিয়া: আমার কোনো সংশয় নেই। খারাপ দিন যেতেই পারে। এটা নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। ফেডারেশন কাপে রানার্সআপ হয়ে লক্ষ্য পূরণ করেছিলাম। সামনেও আশা করি লক্ষ্য পূরণ করব। লক্ষ্য পূরণ কঠিন মনে হচ্ছে না এখন? জাকারিয়া: কঠিন হলেও অসম্ভব নয়। খারাপ সময় কেটে যাবে। দলের ওপর আমার আস্থা আছে। আমরা এক-দুইয়ে থাকার লক্ষ্য ঠিক করেছি। এটা অর্জন করার সামর্থ্য আছে আমাদের। শুরু থেকেই বলা হচ্ছিল লিগ হবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। এখন পর্যন্ত আপনার পর্যবেক্ষণ কী?জাকারিয়া: মনে হচ্ছে, চিত্রনাট্য অনুযায়ীই এগোচ্ছে লিগটা। পয়েন্ট হারাচ্ছে সবাই। একটা ম্যাচ জেতা মানে অনেক দূর এগিয়ে যাওয়া। দুটি ম্যাচ টানা জিতলে শীর্ষে চলে যাওয়া যায়। আবাহনী কোচ রেফারিং নিয়ে বরাবরের মতো আজও বিস্তর অভিযোগ করলেন। আপনার চোখে রেফারিং কেমন হচ্ছে?জাকারিয়া: আমারও একই অভিমত। রেফারিং ভালো হচ্ছে না। তাঁরা খেলার সৌন্দর্য নষ্ট করে দিচ্ছেন। ঘন ঘন বাঁশি বাজিয়ে খেলাটা ধীর করে দিচ্ছেন। রেফারি খেলোয়াড়দের সঙ্গে কথা বলবেন কেন? তিনি বাঁশি বাজাবেন, সেই অনুযায়ী সব চলবে। দেখা যাচ্ছে রেফারি অহেতুক খেলোয়াড়দের ডাকছেন, কথা বলছেন, তর্ক করছেন। এসবের তো দরকার নেই। রেফারিংয়ে উন্নতি না হলে আবাহনী কোচ দেশে ফিরে যাওয়ার কথা বলেছেন। এটাকে কীভাবে দেখেন?জাকারিয়া: এটা তাঁর ব্যক্তিগত ব্যাপার। তবে আমার চোখেও রেফারিং সন্তোষজনক নয়। রেফারিংয়ের মান নিয়ে দায়িত্বপ্রাপ্তদের ভাবতে হবে। রেফারিদের আরও উজ্জীবিত করার দরকার আছে। আপনি হঠাৎ করেই সামনের সারিতে চলে এলেন বিজেএমসির কোচ হয়ে। এত দিন নীরবে কাজ করার অভিজ্ঞতা কেমন ছিল?জাকারিয়া: ভালোই। আমি কোচিং করাচ্ছিলাম ২০০০ থেকে। টানা ১০ বছর ওয়ারীর এবং গতবার বাংলাদেশ লিগে মুক্তিযোদ্ধায় সহকারী কোচ ছিলাম। ২০০০ সাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফুটবল টিমেরও কোচ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বন্ধনটা কীভাবে?জাকারিয়া: ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মার্কেটিং এবং শারীরিক শিক্ষার ওপর মাস্টার্স করেছি। একসময় ফুটবল খেলতাম, ছিলাম মিডফিল্ডার। মোহামেডানে জুনিয়র কোটায় ছিলাম। এক বছর মুক্তিযোদ্ধায় খেলেছি। ধানমন্ডি, বাড্ডা, বীমাসহ আরও কয়েকটা দলে ছিলাম। ওয়ারীতে তিন বছর খেলার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০০০ সালে চাকরি হয়। শারীরিক শিক্ষা বিভাগে পরিচালক হিসেবে যোগ দেই। ফাঁকে ‘এ’ লাইসেন্স করেছি। কেমন দেখছেন বাংলাদেশের ফুটবল কোচিং জগৎটা? জাকারিয়া: এখন পর্যন্ত আমি সব দিক দিয়েই স্বাধীনতা পেয়ে আসছি। তবে সামগ্রিকভাবে বলব, কোচদের আরও স্বাধীনতা দরকার।