‘পথের সাথী...’
হালচাষের জন্য ব্যবহূত ট্রাক্টরের পেছনে কয়েকটি লম্বা কাঠ দিয়ে তৈরি বিশেষ ধরনের গাড়ি। এলাকাবাসী এর নাম দিয়েছেন ‘পথের সাথী’। সুনামগঞ্জের শাল্লা উপজেলায় যেতে হলে এসব গাড়ির আধিক্য যে কারোর চোখে পড়ে। বহুদূরের পথ পাড়ি দিতে এলাকাবাসীও অনেকটা বাধ্য হয়ে এসব গাড়িতে চড়ছেন। তবে এসব গাড়ি নির্মাণে ত্রুটি থাকায় প্রায় সময় ঘটছে দুর্ঘটনা। খোঁজ নিয়ে জানা যায়, দিরাইয়ের নতুনবাজার থেকে শাল্লার জয়পুর, জয়পুর থেকে শাল্লার ঘুঙ্গিয়ারগাঁও বাজার এবং ঘুঙ্গিয়ারগাঁও বাজার থেকে আজমিরীগঞ্জের পাহাড়পুর যেতে হলে এসব ‘পথের সাথী’ নামের বিশেষ ট্রলিতেই যেতে হবে। সরেজমিনে দেখা যায়, দুর্গম হাওর এলাকার বিচ্ছিন্ন এ অঞ্চলে পরিবহনের বিকল্প কোনো সুযোগ না থাকায় যাত্রীরা জীবনের ঝুঁকি নিয়ে এসব গাড়িতে চড়ছেন। এলাকাবাসী ও চালকেরা জানান, কোনো ধরনের অনুমতি ছাড়াই এসব গাড়ি চলছে। রামপুর গ্রামের বাদল সরকার বলেন, ‘কাঁচা রাস্তা হওয়ায় এ গাড়িতে উঠলে সব সময় প্রচণ্ড ঝাঁকুনি পোহাতে হয়। একবার গাড়িতে চড়লে সাত দিন শরীরে ব্যথা থাকে। এ ছাড়া দুর্ঘটনার ভয় তো আছেই।’ তবে ইয়ারাবাদ গ্রামের মো. সাইফুর রহমান বলেন, ‘এইসব গাড়িতে চড়তে হলে মৃত্যু সঙ্গে নিয়ে পথ চলতে হয়। এর নাম “পথের সাথী” না হয়ে হওয়া উচিত ছিল “মরণের সাথী”। এসব গাড়ির কারণে প্রতিদিন ছোট-বড় অসংখ্য দুর্ঘটনা ঘটলেও স্থানীয় প্রশাসন এ গাড়িগুলো বন্ধে কোনো উদ্যোগ নিচ্ছে না।’