‘পদকের মোহটা কেটে গেছে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৮৬ সালে জাতীয় সাইক্লিংয়ে ছিলেন, আছেন গতকাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে শুরু হওয়া ৩৫তম জাতীয় সাইক্লিংয়েও। আকাশী সুলতানা শুধু সাইক্লিস্টই নন, বর্তমানে বাংলাদেশের সবচেয়ে সিনিয়র মহিলা খেলোয়াড়ও। তবে ২৮ বছর ধরে আনসারে চাকরি করা নরসিংদীর শিবপুরের মেয়ের এটিই হতে পারে শেষ প্রতিযোগিতা এ নিয়ে কটা জাতীয় টুর্নামেন্ট হলো?আকাশী সুলতানা: ২৬টা জাতীয় সাইক্লিং খেলছি। বিদেশেও অনেক টুর্নামেন্টে গিয়েছি। সব মিলিয়ে ৪৬টা সোনা আমার ভান্ডারে। মোট পদক ১২৩টা।  পদক জেতার নেশাটা কি এখনো আগের মতো আছে?আকাশী: না, আগের মতো নেই। বিজয়মঞ্চে ১২৩ বার দাঁড়িয়েছি। পদকের মোহটা কেটে গেছে। তবে আমি এখনো খেলায় নামলেই পদক জিতি। আজ (কাল) যেমন মাত্র ৪-৫ দিন অনুশীলন করেই উন্মুক্ত ইভেন্টে রুপা জিতলাম। তবে কাল ও পরশুর ইভেন্ট দুটিতে আশা করি সোনাই জিতব। মন খারাপ হয় একটা জিনিস ভেবে, আমার ছবি তো ছাপা হবে না পত্রিকায়।  এমন মনে হচ্ছে কেন?আকাশী: মনে হবে না কেন বলেন! কম তো দেখলাম না। দুই-তিন বছর ধরে যারা খেলে, দেখা যায় পত্রিকায় আসে তাদের ছবিই। যাদের ফেস ভালো আসে, তাদেরই ছবি দেন আপনারা। এটা আমাকে খুব কষ্ট দেয়।  কেন, আপনার ছবি তো ছাপা হয়েছে...আকাশী: শুনুন একটা কথা বলি, বাংলার নারীরা নাকি কুড়িতে বুড়ি। একটা পত্রিকায় লেখা হয়েছিল, ‘আকাশী সুলতানা কুড়িতে বুড়ি ধারণাটা ভেঙে দিয়েছে।’ অথচ আমার কোনো মূল্যায়ন তো নেই। মূল্যায়ন নেই কেন বলছেন। এই যে এখন সাক্ষাৎকার দিচ্ছেন। আগেও আপনার সাক্ষাৎকার ছাপা হয়েছে প্রথম আলোতে...আকাশী: আপনাকে ধন্যবাদ। সাক্ষাৎকার নিয়েছেন, তবে ছবিটা এসেছে ছোট করে। স্টেডিয়ামে দেখেন, এত ব্যানার, আমার কোনো ছবি নেই। দুঃখ লাগে।  একটা ব্যাপার ভেবে তো আপনার খুব ভালো লাগার কথা, দেশের সবচেয়ে সিনিয়র মহিলা খেলোয়াড়...আকাশী: হ্যাঁ, এটা ভাবলে ভালো লাগে। প্রথম জীবনে ডলি ক্রুজের সঙ্গে হকি খেলেছি, ’৮৫তে মেয়েদের হকি খেলা নিষিদ্ধ হলে অ্যাথলেটিকসে আসি, এই খেলায় ৪০০ মিটারে জাতীয় চ্যাম্পিয়নও ছিলাম। জাতীয় পর্যায়ে তায়কোয়ান্দোতে সোনা জিতেছি। দেশের বাইরে আন্তর্জাতিক তায়কোয়ান্দোতে খেলেছি।  আপনার সংসারজীবন নিয়ে কিছু শুনতে চাই...আকাশী: আমার এক ছেলে, সে মাদ্রাসায় পড়ে। স্বামী আলেম। উনি খেলাটা ছেড়ে দিতে বলছেন এখন। কিন্তু ছাড়তে পারছি না।  যা-ই হোক, সাইক্লিংয়ে প্রয়োজনীয় সুযোগ-সুবিধা পাচ্ছেন? আকাশী: আর সুযোগ-সুবিধা! একটা ভালো সাইকেলই তো পেলাম না। দেশের বাইরে গেলে আমরা পেছনে থাকি। আমাদের ভেলোড্রাম নেই, বিদেশে ভেলোড্রামে চালাতে পারি না। এসএ গেমসে যে সাইকেল চালিয়েছি, সেগুলো তেমন ভালো ছিল না। পাকিস্তানি সাইক্লিস্টদেরও ৩-৪ লাখ টাকা দামের সাইকেল ছিল। আর আমাদের সাইকেল ৬০-৭০ হাজার টাকার।  এত বছর জাতীয় সাইক্লিংয়ে খেলছেন। কোনো পরিবর্তন দেখছেন? আকাশী: পরিবর্তন তেমন নেই। নতুন খেলোয়াড় সেভাবে উঠে আসছে না। সবচেয়ে বড় সমস্যা, বাংলা সাইকেল চলে না। বাইরের সাইকেল কেনার সামর্থ্য কার আছে বলেন!  অবকাঠামোর কী অবস্থা?আকাশী: খুব খারাপ। বাংলাদেশের সব রোডই ব্যস্ত। আমরা সাইক্লিং করব কোথায়? জোড়াতালি দিয়েই সব চলছে। সরকারের উচিত এদিকে নজর দেওয়া। সাইক্লিংয়ে আপনার শুরুটা কীভাবে?আকাশী: ছোট থেকে সাইকেল চালাতে ভালো লাগত। এক খালাতো ভাইয়ের মাধ্যমে শিখেছি। ক্লাস সিক্স থেকে আমি এই খেলার সঙ্গে আছি। কে জানে, হয়তো এটাই আমার শেষ ন্যাশনাল!