‘পদে পদে ভুল করে মার্কিন বাহিনী’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভুল করে মার্কিন ও আফগান কমান্ডোরা গত মাসে সীমান্তবর্তী এলাকায় বিমান হামলা চালিয়ে ২৪ পাকিস্তানি সেনাসদস্যকে হত্যা করেন। মার্কিন সেনাবাহিনীর তদন্তের বরাত দিয়ে ওয়াল স্ট্রিট জার্নাল আজ বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে।তদন্ত প্রতিবেদনের সঙ্গে সংশ্লিষ্ট নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন সেনাবাহিনীর একাধিক কর্মকর্তার বরাত দিয়ে ওয়াল স্ট্রিট জার্নাল আরও জানায়, তদন্ত প্রতিবেদনে স্বীকার করা হয়েছে, গত ২৬ নভেম্বরের ওই বিমান হামলার জন্য মার্কিন সেনাবাহিনীকে দায়ী ছিল। ওই হামলার সূত্র ধরে যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের সম্পর্কে টানাপোড়েন শুরু হয়। তদন্ত প্রতিবেদনটি কাল শুক্রবার মার্কিন প্রতিরক্ষা দপ্তরে পেশ করার কথা রয়েছে।গত বছর থেকেই যুক্তরাষ্ট্র-পাকিস্তান সম্পর্কে উত্তেজনা দেখা দেয়। গত মে মাসে পাকিস্তানের মাটিতে মার্কিন বাহিনীর হাতে আল-কায়েদার শীর্ষ নেতা ওসামা বিন লাদেনের মৃত্যু, পাকিস্তানের ওপর দিয়ে ন্যাটো বাহিনীর জন্য রসদ পরিবহনের রুট বন্ধ করা এবং সিআইএর একজন ঠিকাদারের গ্রেপ্তারের ঘটনা দুই দেশের সম্পর্ককে সংকটপূর্ণ করে তোলে।প্রতিবেদনে বলা হয়, তদন্তেও ঘটনা সম্পর্কে পাকিস্তান যে বক্তব্য দিয়েছিল, তার সমর্থনে যথেষ্ট তথ্যপ্রমাণ পাওয়া গেছে। এ ছাড়া হামলা সম্পর্কে এর আগে মার্কিন বাহিনীর কিছু দাবি সত্য নয় বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। ২৬ নভেম্বর ঘটনার পর মার্কিন বাহিনী দাবি করেছিল, পাকিস্তানিদের কাছ থেকে তারা ‘সবকিছু ঠিক আছে’ এমন সংকেত পেয়েই হামলা চালিয়েছিল।বিমান হামলার ওই ঘটনা পাকিস্তানিদের ক্ষুব্ধ করে তোলে। তারা ১৫ দিনের মধ্যে মার্কিনিদের শামসি বিমানঘাঁটি ত্যাগ করার দাবি জানায়। পাকিস্তানের ভূখণ্ডের ওপর দিয়ে আফগানিস্তানে মার্কিন বাহিনীর রসদ সরবরাহের পথ বন্ধ করে দেয়। এ ঘটনার জন্য পাকিস্তানিরা যুক্তরাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইতেও বলে।মার্কিন ওই প্রতিবেদনের বরাত দিয়ে পত্রিকাটি জানায়, মার্কিন ও আফগান কমান্ডো বাহিনীর একটি দল পার্বত্য এলাকার একটি উঁচু স্থান থেকে আক্রমণের শিকার হয়। এরপর এফ-১৫ জঙ্গি বিমান এবং এসি-১৩০ উড়োজাহাজ সেখানে পাঠানো হয়। বিমান দুটি সেখানে সতর্কতামূলকভাবে গুলি ছোড়ে।তদন্ত প্রতিবেদনের সঙ্গে সংশ্লিষ্ট একজন কর্মকর্তার বরাত দিয়ে ওয়াল স্ট্রিট জার্নাল আরও জানায়, ন্যাটের ঘাঁটি থেকে মার্কিন ও আফগান কমান্ডোদের তখন ওই অঞ্চলের অবস্থা সম্পর্কে জানাতে বলা হয়। বিমানে থাকা ন্যাটোর সদস্যরা তখন বেতার বার্তায় জানিয়ে দেন, ওই অঞ্চলে কোনো পাকিস্তানি সেনাবাহিনী নেই।পত্রিকাটি বলেছে, ন্যাটোর সেনারা পাকিস্তানি সেনাবাহিনীর সীমান্ত সমন্বয় কেন্দ্রে ভুল তথ্য দিয়ে দ্বিতীয় ভুলটি করেছিল। অবশ্য মার্কিন সেনা কর্মকর্তারা বলেন, জঙ্গিবিমান ও উড়োজাহাজ দেখে পাকিস্তানি বাহিনীর বোঝা উচিত ছিল যে তারা জঙ্গিদের ওপর হামলা করছিল না।একজন মার্কিন কর্মকর্তা পত্রিকাটিকে জানান, এই দলটিকে জঙ্গি ভেবে যে ভুল করা হয়েছে, সেটা মেনে নেওয়া আসলেই কঠিন।