‘পদ্মা সেতুতে দুর্নীতির আশঙ্কাও তৈরি হয়নি’
সাবেক মন্ত্রী সৈয়দ আবুল হোসেন দাবি করেছেন, পদ্মা সেতু প্রকল্পে কোনো ধরনের দুর্নীতি হয়নি। প্রকল্পে শত ভাগ স্বচ্ছতা নিশ্চিত করা হয়েছিল। এখানে কোনো ধরনের দুর্নীতি ঘটার আশঙ্কাও তৈরি হয়নি।পদ্মা সেতু প্রকল্পে অনিয়মের অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদ শেষে দুর্নীতি দমন কমিশনের (দুদক) কার্যালয় থেকে বেরিয়ে আজ সোমবার দুপুর ১২টা ১০ মিনিটে সৈয়দ আবুল হোসেন সাংবাদিকদের কাছে এ দাবি করেন।আবুল হোসেন আরও দাবি করেন, ‘বিশ্বব্যাংক কতিপয় স্বার্থান্বেষী মহলের অসত্য অভিযোগ আমলে নেওয়ায় পদ্মা সেতু নির্মাণ নিয়ে এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়েছে।’এর আগে সৈয়দ আবুল হোসেন আজ সকাল সাড়ে নয়টার দিকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) কার্যালয়ে হাজির হন। পদ্মা সেতু প্রকল্পে অনিয়মের অভিযোগের বিষয়ে সকাল ১০টা থেকে তাঁকে জিজ্ঞাসাবাদ শুরু করে দুদক।যোগাযোগমন্ত্রী থাকাকালে পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগ ওঠে সৈয়দ আবুল হোসেনের বিরুদ্ধে। পরে তাঁকে ওই মন্ত্রণালয় থেকে সরিয়ে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী করা হয়। তাঁকে মন্ত্রিসভা থেকে সরিয়ে দেওয়ার ব্যাপারে সরকারের ওপর বিশ্বব্যাংকের চাপ ছিল। বিশ্বব্যাংকের শর্ত মেনেই ২৩ জুলাই তিনি প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দেন।পদত্যাগের এক মাস পর গত ২৩ আগস্ট রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান সৈয়দ আবুল হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করেন। গত ২৩ জুলাই থেকে তাঁর পদত্যাগ কার্যকর করা হয়েছে।সৈয়দ আবুল হোসেন আওয়ামী লীগ সরকারের দুই দফায় দুবার মন্ত্রী হয়েছিলেন। দুবারই তাঁকে পদত্যাগ করতে হয়। ১৯৯৬-০১ মেয়াদে তিনি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন। দুটি পাসপোর্ট ব্যবহার করে বিদেশ ভ্রমণের দায়ে তাঁর মন্ত্রিত্ব যায়।