‘পদ্মা সেতুতে দুর্নীতির প্রমাণ পেলে ব্যবস্থা’
‘পদ্মা সেতুর কাজ থেমে নেই’ শিরোনামে সরকার আজ বৃহস্পতিবার এক প্রেস নোট জারি করেছে। প্রেস নোটে জানানো হয়, পদ্মা সেতুর ভূমি অধিগ্রহণ, পুনর্বাসনসহ যেসব কার্যক্রম শুরু ও বাস্তবায়ন করা হয়েছে, সেসব ব্যাপারে এখন পর্যন্ত কোনো দুর্নীতির অভিযোগ পাওয়া যায়নি। সরকারগৃহীত ব্যবস্থা অনুযায়ী ভবিষ্যতেও দুর্নীতির কোনো সুযোগ থাকবে না। দুর্নীতির প্রমাণ পাওয়া গেলে উপযুক্ত শাস্তির ব্যবস্থা নেওয়া হবে বলে ওই প্রেস নোটে বিশ্বব্যাংককে নিশ্চয়তা দেওয়া হয়।প্রেস নোটে জানানো হয়, বাস্তবায়িত কার্যক্রমে স্বচ্ছতা, সততা ও দ্রুততার রেকর্ড বিবেচনা করে দরপত্রের প্রক্রিয়াকে স্থগিত করার কোনো যৌক্তিকতা নেই। প্রেস নোটে বলা হয়, মূল সেতু নির্মাণকাজে ঠিকাদারদের প্রাকযোগ্যতা মূল্যায়ন সম্পর্কে বিশ্বব্যাংক যে অভিযোগ করছে, সেসব অভিযোগের ব্যাপারে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। সরকার আশা করে, দুদকের তদন্তে বিশ্বব্যাংক সহায়তা করবে। তার ফলাফল অচিরেই পাওয়া যাবে। অভিযোগের বিষয়ে দুর্নীতির প্রমাণ পেলেই শক্ত ব্যবস্থা নেওয়া হবে।আজ বৃহস্পতিবার বিকেলে তথ্য অধিদপ্তর থেকে প্রেস নোটটি জারি করা হয়।