‘পন্টিংকে সরাও’
রিকি পন্টিংকে অধিনায়কের পদ থেকে সরিয়ে দিতে বললেন জন বেনো। রিচি বেনোর ভাই, ১৯৭২-৭৩ সালে ৩টি টেস্ট খেলা বেনো মাইকেল ক্লার্ককে অধিনায়ক করতে বলেছেন। অস্ট্রেলিয়ার সাবেক নির্বাচক সরিয়ে দেওয়ার দাবি তুলেছেন বর্তমান প্রধান নির্বাচক অ্যান্ড্রু হিলডিচকেও। ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) একটি গুরুত্বপূর্ণ সভার আগে বেনোর এই আহ্বান। সেই সভায় কর্মকর্তারা আলোচনা করবেন অস্ট্রেলিয়ার ক্রিকেটের অবকাঠামো ও আর্থিক ব্যবস্থপনা নিয়ে। একজন প্রধান নির্বাচকের মেয়াদ পাঁচ বছরই যথেষ্ট বলে মনে করেন বেনো, ‘আমার কথা হচ্ছে যেকোনো ভূমিকাতে আপনি পাঁচ বছর থাকলেই যা অর্জন করতে চান, সেটা করতে পারবেন। ৫ বছরের মধ্যে যদি আপনি নিজের কাজ ঠিকভাবে করতে না পারেন, তাহলে সরে যাওয়া উচিত।’ সিএকে আরেকটা পরামর্শও দিয়েছেন বেনো ভাইদের ছোটজন। গ্রেগ চ্যাপেলকে পূর্ণকালীন নির্বাচকের দায়িত্ব দিতে বলেছেন জন বেনো।মাইকেল ক্লার্ককেই অস্ট্রেলিয়ার ভবিষ্যৎ অধিনায়ক ভাবেন সবাই। পন্টিংয়ের অনুপস্থিতিতে অস্ট্রেলিয়ার অধিনায়কত্ব করছেন এই ব্যাটসম্যানই। ভবিষ্যতের কথা ভেবে পন্টিংকে সরিয়ে এখনই ক্লার্ককে অধিনায়ক করা উচিত বলে মনে করেন বেনো। অস্ট্রেলিয়ার হেরাল্ড সান বেনোকে উদ্ধৃত করে লিখেছে, ‘অধিনায়কত্ব সত্যিই একটি আলোচনার বিষয়। আমি মনে করি রিকির অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ানো উচিত, তবে সে চাইলে ব্যাটসম্যান হিসেবে খেলতে পারে। যদি আমরা প্রধান নির্বাচক হিসেবে একজন নতুন লোক পাই তবে আমার মনে হয় নতুন অধিনায়ক নিয়োগ দিয়ে নতুন যুগের সূচনা করা উচিত।’ ওয়েবসাইট।