চ্যালেঞ্জ কাপের চূড়ান্ত পর্বে যাচ্ছে বাংলাদেশ, এটা একরকম নিশ্চিত। আজই হয়তো আসতে পারে এএফসির আনুষ্ঠানিক ঘোষণা। কাঠমান্ডুতে বাছাইপর্ব খেলে আসা ফুটবলাররা খুশি। এই পর্বে বাংলাদেশের অধিনায়ক মিডফিল্ডার মামুনুল ইসলাম বলছেন চূড়ান্ত পর্বের সম্ভাবনা নিয়ে বাংলাদেশ এএফসি চ্যালেঞ্জ কাপের চূড়ান্ত পর্বে যাচ্ছে। নিশ্চয়ই জানেন। কেমন লাগছে?মামুনুল ইসলাম: ভীষণ খুশি লাগছে। আমার মতো সব ফুটবলারই খুশি। আমরা কাঠমান্ডু যাওয়ার আগে বলেছিলাম, সালাউদ্দিন ভাইকে একটা উপহার দিতে চাই। উপহারটা তিনি পাচ্ছেন ভেবে আরও ভালো লাগছে। এখনো কিন্তু এএফসি আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। তবে হিসাব বলছে, বাংলাদেশ উঠে গেছে চূড়ান্ত পর্বে। সময়টা কি খুব টেনশনে কাটছে?মামুনুল: একটু উত্তেজনায় আছি, বলতে পারেন। তবে আমাদের বিশ্বাস, আমরা কোয়ালিফাই করেছি। যত দূর শুনেছি, এএফসি কাল (আজ) ঘোষণা দিয়ে দেবে। এই কয়েক দিন এসব নিয়েই আমাদের সবার মধ্যে আলোচনা। তবে যেদিন (২১ মার্চ) কিরগিজস্তান ১-০ গোলে হারিয়ে দিয়েছিল তাজিকিস্তানকে, সেদিনই নিশ্চিত হয়ে যাই, আমরা কোয়ালিফাই করব। কিরগিজস্তান-তাজিকিস্তান ড্র হলে বাংলাদেশ বাদ পড়ে যেত। সে ক্ষেত্রে এই ম্যাচে ভাগ্যও একটু বাংলাদেশের পাশে ছিল না? মামুনুল: হ্যাঁ, ওই ম্যাচ ড্র হলে হয়তো বা আমাদের স্বপ্ন পূরণ হতো না। আল্লাহর রহমত ছিল আমাদের ওপর। তবে এটাও ঠিক, আমরা জান-প্রাণ দিয়ে বাছাইপর্বে খেলেছি। তিন ম্যাচের মধ্যে দুটি জয়, একটি হার। গোলগড় প্লাস পাঁচ। সবচেয়ে গুরুত্বপূর্ণ, অতীতের যেকোনো টুর্নামেন্টের চেয়ে এবার বেশি চেষ্টা করেছে ফেডারেশন। এ জন্য ফেডারেশনকে বিশেষ ধন্যবাদ। কোচ লোভভিক ডি ক্রুইফের অবদান কতটা?মামুনুল: অনেক, অনেক। শুধু ক্রুইফ নন, সহকারী রেনে কোস্টারসহ গোটা বাংলাদেশ কোচিং স্টাফই অবদান রেখেছে। ক্রুইফ অল্প সময়েই আমাদের বোঝাতে পেরেছেন, তিনি কী চান। ডাচ ছন্দে খেলাতে চেয়েছেন কোচ। সেই অনুযায়ী আমরা খেলেছি এবং সফল হয়েছি। দেশি কোচ ও বিদেশি কোচের মধ্যে আসলে পার্থক্যটা কী?মামুনুল: পার্থক্য আসলে তেমন কিছু নেই। আমাদের স্থানীয় কোচরাও ভালো। সবার চাওয়া এবং কোচিং তত্ত্ব প্রায় একই। পার্থক্য হলো, এবার যেমন ক্রুইফকে সহায়তা করেছেন রেনে। এ রকম সহায়তা স্থানীয় কোচরা সেভাবে পান না সহকারী থাকে না বলে। চ্যালেঞ্জ কাপের চূড়ান্ত পর্ব আগামী বছর মার্চে মালদ্বীপে। কী মনে হয়, চূড়ান্ত পর্বটা কেমন হতে পারে বাংলাদেশের জন্য?মামুনুল: চূড়ান্ত পর্বে আমরা চ্যাম্পিয়ন হতে যাব, নাকি ভালো করতে যাব, পরবর্তী লক্ষ্য ঠিক করুক ফেডারেশন। তারা যেভাবে চাইবে, সেভাবেই হবে। আমরা ফুটবলাররা প্রস্তুত। আমরা সৈনিক, যুদ্ধ করাই আমাদের কাজ। এখন কী লক্ষ্যে যুদ্ধ করব, সেটা ম্যানেজমেন্ট ঠিক করলে সেই অনুযায়ী লড়াই করব। সাধারণ হিসাব বলছে, চ্যালেঞ্জ কাপে তাজিকিস্তান, ভারত চ্যাম্পিয়ন হতে পারলে আমাদের জন্য অসম্ভব নয়।মামুনুল: আগেই বলেছি, আমাদের ফেডারেশন যদি চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে দলটাকে প্রস্তুত করে, আমরা খেলোয়াড়েরা জান লড়িয়ে দেব। তাজিকিস্তান প্রথম চ্যালেঞ্জ কাপে চ্যাম্পিয়ন ছিল, যাদের আমরা পরে কলম্বোতে তৃতীয় চ্যালেঞ্জ কাপে ২-১ গোলে হারিয়েছিলাম। কাজেই কোনো কিছুই অসম্ভব নয়। তবে দলের জন্য আপনি কী করছেন, সেটাই বড়। দলের জন্য কী করা উচিত?মামুনুল: এটাও সালাউদ্দিন ভাই ঠিক করুন। খেলোয়াড় বা দলের জন্য কী প্রয়োজন, সেটা সালাউদ্দিন ভাই ভালো জানেন। কাজেই আমি বলতে চাই না এটা দরকার, ওটা দরকার। সালাউদ্দিন ভাইসহ অনেকেই চ্যালেঞ্জ কাপের বাছাইয়ে গিয়েছেন, তাঁরা সবই জানেন। চূড়ান্ত পর্বে আমাদের কী কী সুযোগ-সুবিধা দরকার, এটা ঠিক করে কাজে নামলে বাংলাদেশের ফুটবলের জন্য আরও বড় সাফল্য আমরা আনব ইনশা আল্লাহ।