‘পরমাণু গুপ্তচর’ আটক করেছে ইরান
ইরানের রাষ্ট্রীয় নিরাপত্তাবিষয়ক মন্ত্রী হায়দার মোসলেহি বলেছেন, ইরানের পরমাণু কর্মসূচি ধ্বংস করার সঙ্গে জড়িত সন্দেহে বেশ কয়েকজন গুপ্তচরকে তাঁরা আটক করেছেন। খবর আইএএনএস।গত রোববার ব্রিটেনের দ্য গার্ডিয়ান পত্রিকায় প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, স্ট্যাক্সনেট সফটওয়্যারের মাধ্যমে ইরানের শিল্প কম্পিউটার নেটওয়ার্কে আক্রমণ করা হবে এবং এ আক্রমণের লক্ষ্যবস্তু হবে দেশটির পরমাণু সুবিধাকে ধ্বংস করা। এর মধ্যে ইরানের পরমাণু কর্মসূচির অন্যতম বুশেহার পাওয়ার প্ল্যান্টও রয়েছে। এ সংবাদের ভিত্তি ধরেই এই ‘গুপ্তচর’দের আটক করা হয়েছে।এদিকে খবরে প্রকাশ, স্ট্যাক্সনেট ইরানের ৩০ হাজারেরও বেশি কম্পিউটারকে আক্রমণ করেছে। সম্প্রতি সন্দেহ করা হচ্ছে, এই ওয়ার্মটি ইরানের পরমাণু কর্মসূচির ওপর গোয়েন্দাবৃত্তির জন্যই তৈরি করা হয়েছে।হায়দার মোসলেহি আরও বলেন, ‘আমি সব নাগরিককে আশ্বস্ত করছি, ইরানের সাইবারস্পেস পুরোপুরি গোয়েন্দা বাহিনীর পর্যবেক্ষণে রয়েছে এবং কাউকে আমাদের পরমাণু কর্মসূচির কোনো রকম ক্ষতি করতে দেওয়া হবে না।’