‘পরিচ্ছন্ন নগর চাই’ প্রবক্তারা কী বলেন—

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আপনার নগর সুন্দর ও পরিচ্ছন্ন রাখুন...।’ সিলেট সিটি করপোরেশনের মেয়র কিংবা কাউন্সিলরদের মুখ থেকে এ কথা প্রায়ই শোনা যায়। সিটি করপোরেশন থেকে জনস্বার্থসংবলিত বিজ্ঞাপনেও এ কথা গুরুত্ব সহকারে প্রকাশ পায়। এ দৃষ্টিকোণ থেকে পরিচ্ছন্ন নগরের প্রথম দায় কিন্তু নগর ভবনের জনপ্রতিনিধিদের। বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে এ রকম মত প্রকাশ করেন নগরবাসী। এ ব্যাপারে ‘পরিচ্ছন্ন নগর চাই’ প্রবক্তারা কী বলেন, তা জানতে কয়েকটি ওয়ার্ড ও মেয়রের মুখোমুখি হলে তাঁরাও অভিন্ন সুরে বর্জ্য অপসারণ খাতটিকে গুরুত্ব সহকারে দেখছেন বলে প্রথম আলোকে জানান।সিলেট সিটি করপোরেশনের ৪ নম্বর ওয়ার্ড এলাকা হচ্ছে নগরের অপেক্ষাকৃত ঘনবসতির। কাউন্সিলর রেজাউল হাসানের উদ্বেগ ঘনবসতির কারণ নিয়ে। তিনি বলেন, ‘নির্দিষ্ট সময়ের মধ্যে ময়লা অপসারণ না করায় নগরবাসীকে ভোগান্তির শিকার হতে হচ্ছে। যানবাহনের অপ্রতুলতার পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুষ্ঠু তদারকির সমস্যা রয়েছে। এ ছাড়া নগরে প্রয়োজনীয়সংখ্যক ডাস্টবিন না থাকায় মানুষজন যেখানে খুশি সেখানে ময়লা ফেলছে। তবে সিটি কর্তৃপক্ষ ডাস্টবিন তৈরির জন্য স্থান নির্ধারণ করলেও এলাকাবাসী দুর্গন্ধ ছড়াবে এমন অজুহাত দেখিয়ে ডাস্টবিন নির্মাণে বাধা দেন। এ অবস্থায় সিটি কর্তৃপক্ষ অনেকটা অসহায়।’সংরক্ষিত ১ নম্বর আসনের কাউন্সিলর বেগম সালমা সুলতানা বলেন, ‘নগরবাসীকে সচেতন করতে হবে। কারণ অনেকেই অসচেতন থাকায় সিটি করপোরেশনের নির্ধারিত স্থানে ময়লা-আবর্জনা না ফেলে নিজেদের ইচ্ছেমতো জায়গায় ফেলছেন। তাই আমরা বিভিন্ন সময় নগরবাসীকে সচেতন করতে পরামর্শ দিয়ে থাকি।’ ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জগদীশ চন্দ্র দাস বলেন, ‘বিভিন্ন নালা-নর্দমার বর্জ্য যথাসময়ে পরিষ্কার করার জন্য প্রতিটি ওয়ার্ডে দুজন করে পরিচ্ছন্নতাকর্মী নিয়োজিত রয়েছেন। এ ছাড়া ময়লা-আবর্জনা পরিষ্কার করার জন্য তো আলাদা কর্মী রয়েছেনই। তবে যথাসময়ে ময়লা পরিষ্কার না করায় বাতাসে দুর্গন্ধ ছড়ায়। সিটি করপোরেশনের আগামী মাসিক সভায় আমি বিষয়টি গুরুত্ব সহকারে আলাপ করব।’ নগরের বুক চিরে প্রবহমান সুরমা নদী। এ নদীর ওপারে দক্ষিণ সুরমা। সিটি করপোরেশনভুক্ত ওই এলাকায় বর্জ্যের অব্যবস্থাপনা অনেকটা নগরবহির্ভূত বলে মনে হচ্ছে। ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সেলিম আহমদ বললেন, ‘সবার আগে নাগরিক সুবিধা নিশ্চিত করতেই ডাস্টবিনগুলো যাতে সময়মতো পরিষ্কার করা হয়, সেদিকে সংশ্লিষ্ট বিভাগকে সতর্ক থাকার বিষয়টি আমি অবহিত করি। তবু যেন কাজ হচ্ছে না। আসলে এ বিষয়ে বৃহত্ পরিকল্পনা দরকার। নইলে ভবিষ্যত্ সংকটাপন্ন হবে।’সার্বিক বিষয়ে সিলেট সিটি করপোরেশনের মেয়র বদরউদ্দিন আহমদ বলেন, ‘একটি নির্দিষ্টসংখ্যক বর্জ্য থাকলে সেটাকে রূপান্তর করে তবেই সারে পরিণত করা হয়। এ ব্যাপারে যাচাই-বাছাই করে সিটি করপোরেশন কার্যকর পদক্ষেপ গ্রহণ করছে। আমরা ইতিমধ্যে বিভিন্ন দাতা সংস্থার সঙ্গে আলাপ-আলোচনা করছি। এ ছাড়া ক্লিনিক্যাল বর্জ্য বিনষ্ট করতে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করারও প্রস্তুতি আমরা নিচ্ছি। কারণ এসব ক্লিনিক্যাল বর্জ্য স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর।’ মেয়র আরও বলেন, ‘প্রতিটি ওয়ার্ডে আমাদের পরিচ্ছন্নতাকর্মীরা কাজ করছেন। সঠিক সময়ে যাতে ময়লা পরিষ্কার করা হয়, এ ব্যাপারে তাঁদের আন্তরিকভাবে কাজ করতে বলা হয়েছে। প্রয়োজনে আরও নজরদারি বাড়ানো হবে। ময়লা-আবর্জনার দুর্গন্ধে জনদুর্ভোগ যাতে চরমে না ওঠে সে দিকে আমরা সবাই বিশেষ দৃষ্টি দিচ্ছি। এ ছাড়া জনসাধারণকেও সচেতন হওয়ার প্রয়োজন রয়েছে। যেখানে-সেখানে ময়লা না ফেলে নির্দিষ্ট স্থানে সবাইকে ময়লা ফেলতে হবে। তাহলে সমস্যা কিছুটা হলেও কমবে বলে আমি মনে করি।’সংকট প্রসঙ্গে মেয়র জানান, বর্জ্য অপসারণে গাড়িসংকট থাকলেও অপসারণের কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকতার কোনো ঘাটতি নেই। লোকবল সংকট তেমন একটা না থাকলেও ময়লা বহনকারী গাড়ির সংকট রয়েছে। সম্প্রতি ময়লা অপসারণের জন্য ঢাকা থেকে দুটি অত্যাধুনিক গাড়ি ক্রয়ের দরপত্র আহ্বান করা হয়েছে।