‘পরিচয় জানাজানি হলে সাঈদী পালিয়ে যান’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধ শেষে দেলাওয়ার হোসাইন সাঈদী যশোরের বাঘারপাড়া থানার দোহাকোলা গ্রামে আত্মগোপনে ছিলেন। তবে তাঁর রাজাকার পরিচয় ও মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার বিষয় জানাজানি হলে তিনি সপরিবারে অন্যত্র পালিয়ে যান। তাঁর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার তদন্ত কর্মকর্তা মো. হেলালউদ্দিন গতকাল বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ জবানবন্দিতে এ তথ্য জানান।বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের এই ট্রাইব্যুনাল রাষ্ট্রপক্ষের ২৮তম সাক্ষী হেলালউদ্দিন গতকাল টানা অষ্টম দিনের মতো জবানবন্দি দেন। জামায়াতে ইসলামীর নায়েবে আমির সাঈদী আসামির কাঠগড়ায় বসা ছিলেন। তাঁকে সকালে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।জবানবন্দিতে তদন্ত কর্মকর্তা বলেন, সাঈদী দোহাকোলা গ্রামের রওশন আলীর বাড়িতে আত্মগোপনে ছিলেন। সেখানে তিনি মাঠে গরু চরাতেন। অনেক দিন পর তাঁর পরিচয় জানাজানি হলে তিনি পরিবারসহ গরুর গাড়িতে করে অন্যত্র পালিয়ে যান। পরে তিনি পিরোজপুর ফিরে যান। সেখানে তিনি ওয়াজ মাহফিল করে এবং দুবার সংসদ নির্বাচনের প্রচারণার মাধ্যমে মুক্তিযুদ্ধকালে করা অপরাধ আড়ালের চেষ্টা করেন। তদন্তে এসব তথ্য পাওয়া গেছে।হেলালউদ্দিন দোহাকোলার রওশন আলীর বাড়ি ও এর আশপাশের এলাকার স্থির ও ভিডিওচিত্র ট্রাইব্যুনালকে দেখান।রাষ্ট্রপক্ষের ১৫তম সাক্ষী মো. সোলায়মান হোসেন ও ১৬তম সাক্ষী জুলফিকার আলীও এর আগে ট্রাইব্যুনালে জবানবন্দিকালে ওই গ্রামে সাঈদীর আত্মগোপনে থাকার বিষয়টি জানিয়েছিলেন।হেলালউদ্দিন গতকাল একাত্তরের ১৬ ডিসেম্বর মিত্রবাহিনীর কাছে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের দলিলের ফটোকপি ট্রাইব্যুনালে উপস্থাপন করেন। একপর্যায়ে তিনি বলেন, তদন্তকালে তিনি বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে গিয়ে অনেক নথিপত্র পাননি। পঁচাত্তরে বঙ্গবন্ধুর হত্যার পর বিভিন্ন সরকারের আমলে এসব নথিপত্র নষ্ট করে ফেলা হয়েছে।তদন্ত কর্মকর্তা একাত্তরে আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত ও প্রচারিত সংবাদের ওপর ভিত্তি করে তৈরি করা একটি ভিডিও সংকলন ট্রাইব্যুনালকে দেখান। এতে মুক্তিযুদ্ধকালীন গণহত্যা, নৃশংসতা ও জীবন বাঁচাতে মানুষের শরণার্থী হিসেবে আশ্রয় নেওয়া প্রভৃতি রয়েছে। তিনি বেসরকারি টিভি চ্যানেল এটিএন বাংলায় প্রচারিত ‘একাত্তরের ঘাতকেরা’ শীর্ষক একটি ধারাবাহিক প্রতিবেদনের ২৩টি পর্বও ট্রাইব্যুনালকে দেখান। এর একটির বিষয়বস্তু ছিল সাঈদীর বিরুদ্ধে মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধ সংঘটনের অভিযোগ-সংক্রান্ত। অন্য পর্বগুলো ছিল এ কে এম ইউসুফ, সালাউদ্দিন কাদের চৌধুরী, মতিউর রহমান নিজামী, আশরাফ হোসাইন, চৌধুরী মাঈনউদ্দীন, এ টি এম আজহার, আবুল কালাম আযাদ, আবদুল আলীম, আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ, মো. কামারুজ্জামান, আবদুল কাদের মোল্লা, মীর কাসেম আলী প্রমুখকে নিয়ে। প্রায় দুই ঘণ্টা ধরে এসব পর্ব ট্রাইব্যুনালে দেখানো হয়।হেলালউদ্দিন জবানবন্দিতে বলেন, তদন্তকালে তিনি ৬৮ জন সাক্ষীর জবানবন্দি লিপিবদ্ধ করেন। সাক্ষ্য দিতে এসব সাক্ষীকে ট্রাইব্যুনালে হাজির করেন। তবে গুরুত্বপূর্ণ ১৫ জন সাক্ষীকে তিনি ও স্থানীয় পুলিশ প্রশাসন ট্রাইব্যুনালে হাজির করতে ব্যর্থ হয়েছেন। ওই সাক্ষীদের হাজির করা ব্যয়বহুল, সময়সাপেক্ষ ও অসম্ভব হওয়ায় ট্রাইব্যুনালে তিনি প্রতিবেদন দাখিল করেন।বিকেলে হেলালউদ্দিনের জবানবন্দি অসমাপ্ত অবস্থায় মামলার কার্যক্রম ২৩ এপ্রিল পর্যন্ত মুলতবি করা হয়।