‘পরিবর্তন দেখছি না’
রাতারাতি সব বদলে যাবে না ঠিক, তবে বাফুফের বর্তমান কমিটির দুই বছরে দেশের ফুটবলে পরিবর্তন দেখছি না। সুলতান ভাই আর সালাউদ্দিন ভাইয়ের মধ্যে একটাই পার্থক্য—সালাউদ্দিন ভাই তিন বছরে সাড়ে ১৬ কোটি টাকার স্পনসর এনেছেন।লিগগুলো নিয়মিত হলেই খুশি থাকতাম। কিন্তু শুধু পেশাদার লিগ ছাড়া আর খেলা নেই। পেশাদার লিগই তো সব নয়। ঢাকার প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও পাইওনিয়ার লিগ দুই বছর ধরে বন্ধ। তৃণমূল ফুটবলের উন্নয়নে কর্মসূচি নেই। আবাহনী-মোহামেডান ম্যাচে দুই শ লোকও হয় না এখন। ফুটবলাররা হতাশ। জাতীয় দলের প্রতিষ্ঠিত কয়েকজন খেলোয়াড় আমাকে বলেছেন, খেলা ছেড়ে তাঁরা বিদেশে চলে যেতে চান!বাফুফের ১৯-২০ জন কোচ আছেন। তাঁদের ঠিকভাবে কাজে লাগানো হচ্ছে না। ফেডারেশনের সদস্যদের অনেকেই ফেডারেশনে আসেন না।এখন প্রতিষ্ঠানের খরচ বেড়ে গেছে। বেতন-ভাতা এখন অনেক। মনে হচ্ছে ফেডারেশনের খরচ জোগাতেই হিমশিম খাচ্ছে এই বাফুফে। ফুটবলের উন্নয়নের জন্য টাকার দরকার। সেই টাকাই মনে হয় আনতে পারছে না কমিটি। ফুটবলের উন্নয়ন হবে কী করে? সৈয়দ রুম্মন বিন ওয়ালি সাব্বির: জাতীয় দলের সাবেক খেলোয়াড়