‘পরিবারতন্ত্রে’ অখুশি উত্তর কোরীয় জনগণ
উত্তর কোরিয়ার নেতা কিম জং ইলের উত্তরসূরি হিসেবে তাঁর ছেলে কিম জং উনকে পাদ-প্রদীপের আলোয় নিয়ে আসা হয়েছে বেশ কিছুদিন হলো। তাঁকে সামরিক ও রাজনৈতিক ক্ষেত্রে কিছু পদ-পদবিরও অধিকারী করা হয়েছে। এরই মধ্যে বেশ কয়েকবার বাবা কিম জং ইলের সঙ্গে রাষ্ট্রীয় বিভিন্ন অনুষ্ঠানেও হাজির ছিলেন ছেলে জং উন। দেশের বাইরের শিক্ষায় শিক্ষিত হলেও রাজনীতি ও দেশ পরিচালনায় অনভিজ্ঞ কিম জং উনের ব্যাপারে খুশি হতে পারছে না দেশটির সচেতন শিক্ষিত সমাজ।উত্তর কোরিয়ায় মত প্রকাশের কোনো স্বাধীনতা না থাকায় ব্যাপারটি নিয়ে গোপনে ক্ষুব্ধ হওয়া ছাড়া আর তেমন কিছুই করার নেই উত্তর কোরীয়দের।উত্তর কোরিয়ার সচেতন নাগরিকদের গুমরে মরা ক্ষোভ বার কয়েকই তুলে ধরেছে প্রতিবেশী দক্ষিণ কোরিয়ার পত্র-পত্রিকাগুলো। দক্ষিণ কোরীয় পত্রিকাগুলো গোপন সংবাদদাতাদের মাধ্যমে অনেক উত্তর কোরীয় নাগরিকের কাছে তাদের নতুন নেতা কিম জং উনের ব্যাপারে জানতে চেয়েছিল। নিজেদের নাম-পরিচয় গোপন করে বাক স্বাধীনতাহীন উত্তর কোরিয়ার নাগরিকেরা জানিয়েছে, পুরো ব্যাপারটিকেই তারা দেখছে তুঘলকি কাণ্ড হিসেবে। বেশির ভাগ উত্তর কোরীয় নাগরিক মনে করে, উত্তর কোরিয়া পুরোটাই চলে গেছে কিম জং ইলের স্বেচ্ছাচারিতার খপ্পরে। তারা মনে করে, তাদের বর্তমান নেতা কিম জং ইল কোনো প্রকার যোগ্যতা ছাড়াই তাঁর অনভিজ্ঞ ছেলেকে ভবিষ্যতের নেতা হিসেবে নির্বাচন করেছেন কেবল তাঁর পরিবারতন্ত্রকে টিকিয়ে রাখার স্বার্থে।দক্ষিণ কোরিয়ার অন্যতম বহুল প্রচারিত পত্রিকা ‘চোসন লিবো’ আরও উল্লেখ করেছে, বেশির ভাগ উত্তর কোরীয় নাগরিক মনে করে, উত্তর কোরিয়ায় পরিবারতন্ত্রের এ ধারার মান প্রতি প্রজন্মেই নিচের দিকে নামছে। উত্তর কোরীয়দের মতে, বর্তমান নেতা কিম জং ইলের বাবা কিম ইল সাং ছিলেন পুরো দেশের মানুষের কাছে দারুণ সম্মানিত। উল্টোদিকে বর্তমান নেতা কিম জং ইল একজন একনায়ক ব্যতীত আর কিছুই নন। তারা ক্ষোভের সঙ্গে বলেছে, এ একনায়ক কিম জং ইলই তাঁর অনভিজ্ঞ ছেলে কিম জং উনকে নেতৃত্বের আসনে বসাতে চাচ্ছেন ব্যক্তিগত স্বার্থের খাতিরেই। তাঁর কাছে উত্তর কোরিয়ার সব ক্ষমতা নিজের পরিবারের মধ্যে কেন্দ্রীভূত রাখাই সবচেয়ে বড় ব্যাপার।উত্তর কোরিয়া থেকে পালিয়ে দক্ষিণ কোরিয়ায় নির্বাসিত জীবনযাপন করা একজন বয়োবৃদ্ধ ব্যক্তি দক্ষিণ কোরিয়ার এ পত্রিকাকে জানান, উত্তর কোরিয়ার বয়োবৃদ্ধ ব্যক্তিরা যাঁরা, তাঁদের দেশে জাপানের আগ্রাসন দেখেছে তাঁরাও স্বীকার করেছেন, কিম জং ইলের শাসনামলের চেয়ে জাপানি শাসনামল অনেক ভালো ছিল। সে সময় অন্তত কোনো মানুষ উত্তর কোরিয়ায় না খেয়ে মারা যায়নি। এদিকে উত্তর কোরিয়ার নতুন নেতা কিম জং উনের বিরুদ্ধে ক্রমবর্ধমান সমালোচনার মুখে উত্তর কোরিয়া সরকার গোপনে সে দেশের মানুষের মধ্যে কিম জং উনের ব্যাপারে একটি জরিপ চালানোর সিদ্ধান্ত নিয়েছে।