‘পরিশ্রমের ফল পাচ্ছি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইনজুরির কারণে প্রথম ম্যাচটা না খেললেও পরের দুই ম্যাচে বাংলাদেশ দলের পেস আক্রমণের মূল ভারটা তাঁর ওপরই ছিল। এই দুই ম্যাচে মাত্র ৩ উইকেট নিলেও নিজের পারফরম্যান্সে খুশি শফিউল ইসলাম। উইকেট নেওয়া নয়, তাঁর মূল লক্ষ্য যে কম রান দেওয়া! সিরিজের শেষ ম্যাচ কাল (আজ)। ৪-০-তে সিরিজ জিততে পারবেন?শফিউল ইসলাম: এটা অনেক বড় একটা সুযোগ। আমরা সবাই আত্মবিশ্বাসী, পারব। ওরা চাপের মধ্যে আছে আর আমরা জয়ের মধ্যে আছি। শেষ ম্যাচে জেতার জন্যই প্রস্তুতি নিয়েছি আমরা। দলের সবাই পারফর্ম করছে। জেতার লক্ষ্যেই নামব, আশা করি পারব। নতুন বলে বল করাটা কেমন উপভোগ করছেন?শফিউল: উপভোগ তো অবশ্যই করছি। এবার বিশেষ করে ম্যাককালামকে একটা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলাম। ও তো নতুন বলে খুব ব্যাট চালায়। আমি চেষ্টা করি ম্যাককালামকে রান না দিতে। রান না পেলে ও এমনিতেই উল্টো-পাল্টা শট খেলবে। আমি উইকেট না পেলেও তখন অন্য কেউ অবশ্যই তার উইকেট পাবে। যখনই বল করতে যাই, আমার চেষ্টা থাকে যত কম রান দেওয়া যায়। ইনজুরির কারণে দলে মাশরাফি নেই। অন্য পেসারদের ওপর কি বাড়তি চাপ পড়ছে তাতে?শফিউল: সে রকম মনে হয় না। তবে মাশরাফি ভাই থাকলে হয়তো আমরা আরও সাহায্য পেতাম। সাহায্য সবাই-ই করে, তবে মাশরাফি ভাই নিজেও যেহেতু পেসার, বিভিন্ন পরিস্থিতিতে তাঁর সাহায্য পাওয়া যায়। স্পিনারদের ওপর বেশি নির্ভরতা থাকলেও পেস বোলিংয়েও আপনারা খারাপ করছেন না এবার। এর পেছনে বাড়তি কোনো চেষ্টা কি আছে?শফিউল: নিউজিল্যান্ড সিরিজের আগে আমরা অনেক বেশি অনুশীলন করেছি। জেমি শুরু থেকে সাহায্য করেছেন। এরপর বোলিং কোচ পন্ট এসেও অল্প সময়ে যতটা সম্ভব সাহায্য করেছেন। আমার মনে হয়, আমরা যে পরিশ্রমটা করেছি তার ফল পাচ্ছি। বোলিং কোচ কি সন্তুষ্ট আপনার বোলিংয়ে?শফিউল: বল ভালো হয়েছে বলেছেন। যে দু-একটা জায়গায় খারাপ করেছি, সেগুলো কমাতে বলেছেন। পাওয়ার প্লেতে ইয়র্কার বা স্লোয়ার যেটাই করি, আত্মবিশ্বাস নিয়ে করতে বলেছেন। আসলে কোচ তো এখনো সেভাবে সময়ই পাননি আমাদের নিয়ে কাজ করার। সময় পেলে পেস বাড়ানো, অ্যাকশন এসব নিয়ে কাজ করবেন। আপনার বলে যথেষ্ট পেস থাকলেও পেস বোলারদের যে রকম শারীরিক গঠন হওয়া উচিত, আপনার ঠিক তা নয়। আপনার কি মনে হয়, শারীরিক গঠন আরও ভালো হলে বলের গতিও আরও বাড়ত?শফিউল: আমারও মনে হয়, শারীরিক গঠন আরও ভালো হলে, আরেকটু শক্তি পেলে আমার পেস বাড়বে। আসলে এটা তো আমার হাতে নেই। আমি খাচ্ছি, চেষ্টা করছি কিন্তু হচ্ছে না...(হাসি)। তবে আমি মোটা হতে চাই না, আমি চাই স্ট্রং হতে। শুধু বল করার জন্য না, ইনজুরি এড়াতেও স্ট্রং হওয়া দরকার।