‘পরিস্থিতির কারণে অসত্য সাক্ষ্য দিতে বাধ্য হই’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিস্থিতির কারণে ২০০৬ সালে আদালতে অসত্য সাক্ষ্য দিয়েছিলেন ১০ ট্রাক অস্ত্র আটক ঘটনার প্রত্যক্ষদর্শী ও ১০ ট্রাক অস্ত্র মামলার সাক্ষী সার্জেন্ট হেলাল উদ্দিন। আজ সোমবার চট্টগ্রামের বিশেষ ট্রাইব্যুনাল-১-এর বিচারক এস এম মজিবুর রহমানের আদালতে আসামিপক্ষের জেরার জবাবে তিনি এ কথা বলেন।সার্জেন্ট হেলাল উদ্দিনের জেরা অসমাপ্ত রেখেই আজ আদালতের কার্যক্রম শেষ হয়। আগামীকাল মঙ্গলবার আবার তাঁকে জেরা করা হবে। এর আগে গত ২৯ ও ৩০ জুলাই ১০ ট্রাক অস্ত্র আটক মামলায় আদালতে সাক্ষ্য দেন হেলাল উদ্দিন। এরপর ৩১ জুলাই তাঁকে আংশিক জেরা করা হয়। আজ দুপুরে হেলাল উদ্দিনকে জেরা শুরু করেন আসামি মেজর লিয়াকতের আইনজীবী মোহাম্মদ আহসান ও কামরুল ইসলাম। মধ্যাহ্নবিরতির পর হেলাল উদ্দিনকে জেরা শুরু করেন আসামি হাফিজুর রহমানের আইনজীবী মাহমুদুর রহমান। বিকেলে জেরা করেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুত্ফুজ্জামান বাবরের আইনজীবী আবদুস সোবহান তরফদার। আইনজীবী মাহমুদুর রহমানের প্রশ্নের জবাবে হেলাল উদ্দিন বলেন, ‘২০০৬ সালের ২২ ও ২৩ মে ডাণ্ডাবেড়ি পরিয়ে আমাকে অসত্য সাক্ষী দিতে বাধ্য করা হয়। পরিস্থিতির কারণে সে সময় অসত্য সাক্ষ্য দিয়েছি।’এরপর আইনজীবীর প্রশ্নের জবাবে সার্জেন্ট হেলাল বলেন, ‘কার নির্দেশে অসত্য সাক্ষ্য দিয়েছিলাম, তা মনে নেই। মূল সাক্ষ্যের প্রায় ছয় বছর পর এখন পুনঃতলবে এবার সত্য সাক্ষ্য দিচ্ছি।’ এর আগে আইনজীবী মাহমুদুর রহমান জানতে চান, ‘২০০৬ সালে আদালতে শপথ নিয়ে সাক্ষ্য দিয়েছিলেন কি না?’ এর জবাবে হেলাল উদ্দিন বলেন, ‘শপথ পড়তে বলেছিল, পড়েছিলাম।’উল্লেখ্য, ২০০৪ সালে ১ এপ্রিল রাতে চট্টগ্রামের সিইউএফএল জেটিঘাটে অস্ত্র আটকের সময় সার্জেন্ট হেলাল উদ্দিন সংলগ্ন কয়লার ডিপো পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। ওই রাতে জেটিঘাটে অস্ত্র খালাসের ঘটনা প্রত্যক্ষ করেছিলেন সার্জেন্ট হেলাল উদ্দিন ও অপর সার্জেন্ট আলাউদ্দিন। ১০ ট্রাক অস্ত্র চালান থেকে দুটি একে-৪৭ বিক্রি করে দেওয়ার অভিযোগে সার্জেন্ট হেলাল ও সার্জেন্ট আলাউদ্দিনকে ২০০৫ সালে গ্রেপ্তার করে র্যাব। এ ঘটনায় নোয়াখালীর সুধারাম থানায় তাঁদের বিরুদ্ধে একটি মামলাও হয়েছিল। পরে ২০০৭ সালের ১৩ নভেম্বর ওই মামলায় জামিন পান সার্জেন্ট হেলাল। সুধারাম থানার মামলায় গ্রেপ্তার থাকা অবস্থায় আদালতে প্রথমবার সাক্ষ্য দেন সার্জেন্ট হেলাল। এর আগে দুপুর ১২টার দিকে কড়া নিরাপত্তার মধ্যে সাবেক শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামী, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুত্ফুজ্জামান বাবরসহ ১১ আসামিকে আদালতে হাজির করা হয়।