‘পল’ হয়ে গেলেন ওয়ার্ন!
ফুটবল বিশ্বকাপে ছিল এক ‘পল’, ভবিষ্যদ্বাণী করে সাড়া ফেলেছিল ওই অক্টোপাস। ক্রিকেট বিশ্বকাপের ‘পল’ হবেন কে? কেন শেন ওয়ার্ন! অস্ট্রেলিয়ার সাবেক এই স্পিন-বিস্ময় জ্যোতিষীর ভূমিকায় পরশু যে পাণ্ডিত্যের পরিচয় দিয়েছেন, তাতে ‘ক্রিকেটের পল’ উপাধি তাঁর প্রাপ্যই!অক্টোপাস পল তো খ্যাতির চূড়ায় ওঠে ম্যাচের পর ম্যাচে সঠিক ভবিষ্যদ্বাণী করে। ‘ক্রিকেটের পল’ ওয়ার্ন এক ম্যাচেই সাড়া ফেললেন। ভারত-ইংল্যান্ড ম্যাচের প্রথম বলের আগেই তিনি টুইটারে লিখে দিয়েছিলেন ম্যাচটি ‘টাই’ হবে! ‘ভারত ও ইংল্যান্ড ম্যাচে ফাটাফাটি লড়াই দেখার জন্য তাকিয়ে আছি। আমার ভবিষ্যদ্বাণী, ম্যাচটা “টাই” হবে।’ সাত-আট ঘণ্টা পরে ক্রিকেট-বিশ্ব অবাক বিস্ময়ে দেখল, জ্যোতিষী হিসেবে নতুন ক্যারিয়ারের শুরুতেই ওয়ার্ন সফল। ভারত-ইংল্যান্ডের রান-বন্যার ম্যাচের শেষ পরিণতি ‘টাই’। ভারতের ৩৩৮ রানের জবাবে ইংল্যান্ডও ৩৩৮/৮!ইংল্যান্ড অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউস তো ওয়ার্নের জ্যোতিষীগিরিতে মহা বিস্মিত। ওয়ানডে ক্যারিয়ারের সর্বোচ্চ ১৫৮ রান করেছেন, তবু জিতল না দল। সেই হতাশা আছে। আবার আছে ‘টাই’-এর আনন্দও। স্ট্রাউস বলছেন, ‘আমি কিছুটা হতাশ, কিছুটা খুশি।’ ম্যাচ নিয়ে ইংল্যান্ড অধিনায়ক আনন্দ-বেদনার দোলাচলে দুললেও জ্যোতিষী ওয়ার্নে তিনি মুগ্ধ, ‘আমি মনে করি, “টাই” ভবিষ্যদ্বাণী করে ওয়ার্ন বিস্ময়কর প্রতিভার পরিচয় দিয়েছে। এর বেশি আমি আর কী বলতে পারি।’রোমাঞ্চকর ম্যাচ শেষে ওয়ার্ন অবশ্য বলেছেন, তাঁকে জ্যোতিষী ভাবার কারণ নেই। তিনি আসলে ম্যাচটি উত্তেজনায় ভরপুর হবে ধরে নিয়ে অমন কথা বলেছিলেন। ম্যাচ টাই হবে—এটা স্রেফ কথার কথা। কিন্তু সেটাই সঠিক হয়েছে।