‘পশ্চিমবঙ্গ স্বাধীন হয়েছে’
ভারতের পশ্চিমবঙ্গের লড়াকু নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্ন পূরণ হতে চলেছে। রাজ্যের প্রথম নারী মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন তিনি। রাজ্য বিধানসভা নির্বাচনে তাঁর দল তৃণমূল কংগ্রেস নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে।নির্বাচনে বিজয় নিশ্চিত হওয়ার পর গতকাল শুক্রবার কলকাতায় নিজের বাড়িতে সমর্থকদের উদ্দেশে মমতা বলেন, ‘বছরের পর বছর ধরে চলে আসা দমন-পীড়নের বিরুদ্ধে এটা জনগণের বিজয়। এর মাধ্যমে পশ্চিমবঙ্গ স্বাধীন হয়েছে।’তৃণমূল নেত্রী জানান, তাঁর দলের এই ঐতিহাসিক বিজয়ে তাঁকে অভিনন্দনবার্তা পাঠিয়েছেন প্রধানমন্ত্রী মনমোহন সিং ও কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানান মমতা।রাজ্যপালের কাছে শপথ নেওয়ার পর মমতা মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব বুঝে নেবেন। বর্তমান মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য গতকাল পদত্যাগ করেছেন। ১৯৭৭ সালের ২১ জুন কংগ্রেসের কাছ থেকে ক্ষমতা নিয়েছিলেন বামফ্রন্টের নেতা জ্যোতি বসু। তখন মুখ্যমন্ত্রী ছিলেন সিদ্ধার্থ শঙ্কর রায়। ২০০০ সাল পর্যন্ত জ্যোতি বসু ওই পদে বহাল থেকে শারীরিক অসুস্থতার কারণে বুদ্ধদেব ভট্টাচার্যের ওপর দায়িত্ব দিয়ে অবসর নেন। মমতার আগে মুখ্যমন্ত্রী ছিলেন যথাক্রমে প্রফুল্ল চন্দ্র ঘোষ (১৯৪৭-৪৮), বিধান চন্দ্র রায় (১৯৪৮-৬২), প্রফুল্ল চন্দ্র সেন (১৯৬২-৬৭), অজয় কুমার মুখার্জি (মার্চ ১৯৬৭ থেকে নভেম্বর ৬৭), প্রফুল্ল চন্দ্র ঘোষ (১৯৬৭-৬৮), অজয় কুমার মুখার্জি (১৯৬৭-৭১), সিদ্ধার্থ শঙ্কর রায় (১৯৭২-৭৭), জ্যোতি বসু (১৯৭৭-২০০০) ও বুদ্ধদেব ভট্টাচার্য (২০০০-২০১১)।মমতার জন্ম কলকাতায় ১৯৫৫ সালের ৫ জানুয়ারি। ১৯৭০ সালে তিনি কংগ্রেসের রাজনীতির সঙ্গে যুক্ত হন। ১৯৭৬ সালে তিনি মহিলা কলেজের সাধারণ সম্পাদিকা হন। তিনি ইতিহাসে সম্মানসহ স্নাতক। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এমএ পাস করেন ইসলামের ইতিহাসে। আইন শাস্ত্রেও তিনি ডিগ্রি নেন। ১৯৮৪ সালে যাদবপুর কেন্দ্রে সিপিএম নেতা সোমনাথ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে লড়ে তিনি প্রথম সাংসদ নির্বাচিত হন। ১৯৯১ সালে প্রথম কেন্দ্রীয় সরকারের মন্ত্রী হন। তিনি পশ্চিমবঙ্গ যুব কংগ্রেসের সভানেত্রীও হন। সারা জীবন তিনি পশ্চিমবঙ্গে বামফ্রন্টের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে এসেছেন। কিন্তু কংগ্রেসে বামবিরোধী আন্দোলন শক্তিশালী না হওয়ায় তিনি ১৯৯৮ সালের ১ জানুয়ারি কংগ্রেস থেকে বেরিয়ে এসে তৃণমূল কংগ্রেস গড়েন। মমতা প্রথমবার কেন্দ্রীয় রেলমন্ত্রী হন ১৯৯৯ সালে। তখন ক্ষমতায় ছিল ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন এনডিএ বা জাতীয় গণতান্ত্রিক মোর্চা। কিন্তু এনডিএর সঙ্গে বনিবনা না হওয়ায় ২০০১ সালে তিনি রেলমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন। আবার ২০০৪ সালে তিনি ওই এনডিএ মন্ত্রিসভায় যোগ দেন কয়লা ও খনিমন্ত্রী হিসেবে। এরপর ২০০৪ সালের লোকসভা নির্বাচনের আগেই তিনি এনডিএ থেকে বেরিয়ে আসেন। ২০০৪ সালের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের ৪২টি আসনের মধ্যে মমতার দল তৃণমূল কংগ্রেস পায় মাত্র একটি আসন। সেটি তাঁর নিজের আসন। ২০০৯ সালে কংগ্রেসের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে লোকসভা নির্বাচন করে ছিনিয়ে আনেন ১৯টি আসন। দ্বিতীয়বারের মতো হন কেন্দ্রীয় রেলমন্ত্রী।২০০৭ সালে সিঙ্গুর আন্দোলন ও ২০০৮ সালে নন্দীগ্রামে জমি অধিগ্রহণবিরোধী আন্দোলন করে পশ্চিমবঙ্গে তৃণমূলের ভিত মজবুত করেন মমতা। তারই পথ ধরে ২০০৮ সালে পঞ্চায়েত নির্বাচন, ২০০৯ সালে লোকসভার নির্বাচন এবং ২০১০ সালের পৌর নির্বাচনে ব্যাপক সাফল্য পায় তাঁর দল। সেই ধারাবাহিকতা নিয়ে এবারের বিধানসভা নির্বাচনে ব্যাপক সাফল্য পেলেন তিনি।