এই প্রথম দাবা অলিম্পিয়াডে একসঙ্গে যাচ্ছেন বাংলাদেশের পাঁচ গ্র্যান্ডমাস্টারই। পুরো শক্তির দল যাওয়ার চেয়েও বড় কথা, বিভক্ত গ্র্যান্ডমাস্টারদের মধ্যে ঐক্য ফিরে এসেছে। ২৭ আগস্ট থেকে ১০ সেপ্টেম্বর ইস্তাম্বুলে হচ্ছে ৪০তম দাবা অলিম্পিয়াড। বাংলাদেশ দলের প্রস্তুতিসহ নানা বিষয়ে কথা বললেন দেশের প্রথম গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ দাবা অলিম্পিয়াড তো এসে গেল। প্রস্তুতি কেমন চলছে? নিয়াজ মোরশেদ: প্রস্তুতি আর কী! আমরা তো আর বাচ্চা না যে ক্যাম্প-ট্যাম্প করে সারাক্ষণ অনুশীলন করতে হবে। আমরা আমাদের মতো করে প্রস্তুতি নিচ্ছি। তবে মুশকিল হলো, আমরা যাচ্ছি ঠিকই, সবাই ‘বয়স্ক প্লেয়ার’। সবাই ঠিক খেলার মধ্যে সেভাবে নেই। তার পরও গ্র্যান্ডমাস্টাররা যাওয়া মানে তো দেশের জন্যই ভালো...নিয়াজ: অবশ্যই। এমনিতে দেশের অন্য প্লেয়ার পাঠানোর চেয়ে আমাদের গ্র্যান্ডমাস্টারদের যাওয়াটা অনেক ভালো। অন্যদের চেয়ে আমাদের রেজাল্ট তুলনামূলক ভালোই হবে। পাঁচ জিএম যাচ্ছে এটাই বড় দিক। তাহলে সমস্যাটা কোথায়?নিয়াজ: সমস্যা হলো, আমরা অলিম্পিয়াডে যাওয়ার আগে দু-একটা টুর্নামেন্ট খেলে নিজেদের দেখে নিতে পারলে বুঝতে পারতাম কার কী অবস্থা। আমাদের মধ্যে জিয়া খেলার মধ্যে অন্যদের চেয়ে একটু বেশিই আছে। তারপর আমি। তা-ও মাস সাতেকের গ্যাপ আছে আমার। তারপর রাজীব-রিফাত। রাকিব তো বছর চারেক ধরে খেলার মধ্যেই নেই। এটা চিন্তা করলে টিমের অবস্থা ভালো নয় বলব। এটার প্রভাব অলিম্পিয়াডে পড়তে পারে আশঙ্কা করেন?নিয়াজ: না, আশঙ্কা ঠিক করছি না। আরে, আমাদের সবার তো একটা অভিজ্ঞতা আছে। সেই অভিজ্ঞতাও তো অনেক কাজে লাগবে। সেদিক থেকে পাঁচ গ্র্যান্ডমাস্টার পাঠানোর সিদ্ধান্তটা প্রশংসনীয়ই বলব। অলিম্পিয়াডে আপনাদের লক্ষ্য কী থাকবে?নিয়াজ: যতটা সামনে এগোনো যায়, সেই চেষ্টাই আমরা করব। রেটিং অনুযায়ী আমি থাকব ৪ নম্বর বোর্ডে। ১ নম্বরে জিয়া, তারপর রাকিব, তৃতীয় রাজীব এবং পাঁচে রিফাত। অলিম্পিয়াড খুব গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট, আশা করি সবাই নিজ নিজ অভিজ্ঞতা কাজে লাগাতে পারলে হতাশ করব না। রাকিব-রাজীবদের সঙ্গে তো আপনার একটা দূরত্ব ছিল। সেটা অলিম্পিয়াডে যাওয়া উপলক্ষে কি কমে এসেছে?নিয়াজ: হ্যাঁ, ওদের সঙ্গে আমার যোগাযোগটা এখন অনেক বেশি এবং যথেষ্ট ভালো। দেশের দাবার জন্য এটা একটা পজিটিভ দিক। গত কমিটির বিরুদ্ধে অনাস্থা জানিয়ে ওরা খেলেইনি। এখন নতুন কমিটির অধীনে খেলায় ফিরেছে। এটা সামগ্রিকভাবে উৎসাহজনক। অনেক জল ঘোলা করে দাবা ফেডারেশনে ফোরাম সমর্থিত নতুন কমিটি এসেছে। আপনি সহসভাপতি পদে নির্বাচন করেও হেরেছেন। তা এই কয় মাসে কেমন দেখছেন নতুন কমিটিকে?নিয়াজ: এখন পর্যন্ত খারাপ বলব না। সো ফার সো গুড। ওরা অনেকগুলো কাজই করেছে। এর মধ্যে শ্রীলঙ্কায় যুব এশিয়াডে দল পাঠিয়েছে। এখন অলিম্পিয়াডে শক্তিশালী দল যাচ্ছে। সামনে অনেক পরিকল্পনা আছে। আমি সব সময়ই বলেছি ভালো কাজ করলে আমার সমর্থন যে কেউ পেতে পারে। ফোরামের বিরুদ্ধে আমার অবস্থান ছিল এবং এই কমিটি ফোরামের আশীর্বাদপুষ্ট, তার পরও আমি তাদের সমর্থন দিয়ে যাচ্ছি। দাবা নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কী?নিয়াজ: আমি একটা টিভি প্রোগ্রাম করছি। দাবা শেখার অনুষ্ঠান। একটা বেসরকারি টিভিতে এটা সম্ভবত অক্টোবর থেকে যাবে। মোট ১৩টি পর্ব। এই অনুষ্ঠানটা আজকের প্রজন্মকে দাবামুখী করতে ভূমিকা রাখবে আশা করি।