‘পাঁচ বছর থাকি খালি পিলার দেখিয়ার পুল আর অয় না’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘কত স্বপ্ন দেখছিলাম কুশিয়ারা নদীত পুল অইব, আমরার কষ্টর দিন যাইব, কিন্তু পাঁচ বছর থাকি খালি পিলার দেখিয়ার পুল আর অয় না।’ কথাগুলো আক্ষেপ করে বলেন চন্দরপুর বাজারের ব্যবসায়ী মুফজ্জিল আলী।কুশিয়ারা নদীর সুনামপুর-চন্দরপুর অংশে সেতু নির্মাণের দাবি দীর্ঘদিনের। সেতুটির নির্মাণকাজ সম্পন্ন হলে উপকৃত হবে গোলাপগঞ্জ, বিয়ানীবাজার ও মৌলভীবাজারের বড়লেখা ও জুড়ী উপজেলার লক্ষাধিক মানুষ। কিন্তু সাত বছরেও শেষ হয়নি সেতুর নির্মাণকাজ। ভূমি অধিগ্রহণ জটিলতায় পাঁচ বছর ধরে কাজ বন্ধ রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।২০০৩-২০০৪ অর্থবছরে চারদলীয় জোট সরকারের আমলে কুশিয়ারা নদীর চন্দরপুর-সুনামপুর অংশে সেতুর নির্মাণকাজ শুরু হয়েছিল। সে সময় ১৮৬ দশমিক ৭৬ মিটার দীর্ঘ ও শূন্য ৭ দশমিক শূন্য ৬ মিটার প্রস্থের এই সেতু নির্মাণের জন্য পাঁচ কোটি ৭৪ লাখ টাকার প্রকল্প হাতে নেওয়া হয়েছিল। ২৪ মাসের মধ্যে কাজ শেষ হওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত পিলার ছাড়া আর কিছুই চোখে পড়ে না।সরেজমিনে দেখা যায়, সেতু না থাকায় প্রতিদিন নদী পারাপারে মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। তা ছাড়া প্রতি মাসেই যখন সাত থেকে আট দিন ফেরি বন্ধ থাকে, তখন মানুষের দুর্ভোগ চরমে পৌঁছে। চন্দরপুর বাজারের চিকিৎসক প্রদীপ কুমার দে জানান, কয়েক দিন আগে ফেরি বন্ধ থাকায় নদী পার হওয়ার জন্য নৌকায় উঠতে গিয়ে একজন বৃদ্ধা নদীতে পড়ে যান, দু-তিনজন লোক সঙ্গে সঙ্গে ঝাঁপিয়ে পড়ে উদ্ধার না করলে ডুবে তাঁর মৃত্যু হতো।সিলেট সড়ক ও জনপথ বিভাগ সূত্রে জানা যায়, ২০০৩ সালে গুরুত্বপূর্ণ এ সেতুর নির্মাণকাজ শুরু করে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। প্রথম দিকে বেশ দ্রুতগতিতে কাজ হওয়ায় ধারণা করা হচ্ছিল, বিভাগীয় শহর সিলেটের সঙ্গে যোগাযোগের এ বিকল্প সড়কটি খুব শিগগিরই চালু হবে। কিন্তু ২০০৫ সালে হঠাৎ করেই বন্ধ হয়ে যায় এর নির্মাণকাজ। জনসাধারণের অভিযোগ, ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বেচ্ছাচারিতা ও কর্তৃপক্ষের দায়িত্বহীনতার জন্যই পাঁচ বছর ধরে কাজ বন্ধ রয়েছে।সিলেট জজকোর্টের আইনজীবী আমান উদ্দিন বলেন, ‘যখন ল কলেজের ছাত্র ছিলাম, তখন সেতুর কাজ শুরু হয়েছিল। বাড়ি থেকে কলেজে যাওয়া-আসায় প্রচুর সময় ব্যয় হতো, তাই সেতুর কাজ দেখে ভাবতাম, আর মাত্র কয়েক মাস পরই অল্প সময়ে সিলেট যাওয়া-আসা করা যাবে।’নির্মাণকাজ কেন বন্ধ হলো সে সম্পর্কে জানতে চাইলে সওজের উপসহকারী নির্বাহী প্রকৌশলী এন শেখ মো. শাহেদ উল কালাম বলেন, সেতুটির নকশায় কিছু পরিবর্তন প্রয়োজন হওয়ায় এবং ভূমি অধিগ্রহণ জটিলতায় ২০০৫ সালে নির্মাণকাজ বন্ধ হয়ে পড়ে। ২০০৯-২০১০ অর্থবছরে সেতুটির কাজ সম্পূর্ণ করার জন্য এটিকে অসমাপ্ত সেতু সমাপ্তকরণ প্রকল্পের আওতায় এনে সেতুর নকশায় কিছুটা পরিবর্তন করে নির্মাণব্যয় বাড়িয়ে সাত কোটি টাকা করা হয়েছে। ভূমি অধিগ্রহণ জটিলতারও অবসান হয়েছে। আশা করি, এ মাসে সেতুর নির্মাণকাজ শুরু করবে নতুন ঠিকাদারি প্রতিষ্ঠান।