পাইওনিয়ার ফুটবল লিগকে বলা হয় খেলোয়াড় তৈরির কারখানা। সেই পাইওনিয়ার লিগটা এবার কেমন হলো? আজ পাইওনিয়ার লিগের ফাইনাল সামনে রেখে এসব নিয়েই বলল ফাইনালে ওঠা খিলগাঁও ফুটবল একাডেমির অধিনায়ক মোহাম্মদ মিঠু লিগে টানা ১১টা ম্যাচ জিতেছ। ফাইনালেও নিশ্চয় জয়ের ধারাটা ধরে রাখতে চাও?মোহাম্মদ মিঠু: অবশ্যই আমরা এই ম্যাচও জিততে চাই। এত দিন যেভাবে খেলেছি, ফাইনালেও সেভাবেই খেলতে চাই। আমরা যথেষ্ট আত্মবিশ্বাসী। অনুশীলনও ভালো হয়েছে। আমরা খেলার জন্য পুরোপুরি প্রস্তুত। ফাইনাল তো খেলবে বঙ্গবন্ধু স্টেডিয়ামে। গ্রুপ পর্বে কেমন মাঠে খেলছ তোমরা?মিঠু: পাইওনিয়ার লিগের মাঠ মোটেও ভালো ছিল না, বড় সমস্যা এই মাঠই। খেলতে অনেক সমস্যা হয়েছে। ফাইনাল বঙ্গবন্ধুতে পেলাম। সেমিফাইনাল খেলেছি কমলাপুরে। এর বাইরে সব ম্যাচই খেলেছি ন্যাড়া মাঠে। বল ঠিকমতো রিসিভ করতে পারতাম না। বল হুট করেই ওপরে উঠে যেত। কাউকে যে পাস দেব, সে উপায়ও ছিল না। দেখা গেল, বল পাস দিতে চেষ্টা করছি, কিন্তু মাঠ খারাপ হওয়ায় বল চলে গেছে প্রতিপক্ষের পায়ে। এভাবে ভালো খেলা সম্ভব নয়। মাঠ থাকে উঁচু-নিচু। অনেক সমস্যা। মাঠের ব্যাপারে আয়োজকদের নজর কম ছিল। তোমাদের ক্লাব খিলগাঁও ফুটবল একাডেমি সম্পর্কে বলো। ক্যাম্প করো কোথায়?মিঠু: খিলগাঁও জোড়াপুকুর মাঠের ওখানে আমাদের ক্যাম্প। সাততলায় থাকি আমরা। প্র্যাকটিস করি ফুটবল ভবনের অ্যাস্ট্রো টার্ফে। গাড়িতে করে আমাদের নিয়ে আসা হয় মাঠে। আবার প্র্যাকটিস শেষে ক্যাম্পে ফিরি। সবাই একসঙ্গে থাকি। অনেক আনন্দ করি। তোমাদের টাকাপয়সা দেন ক্লাব কর্মকর্তারা?মিঠু: আমরা এখনো অনেক ছোট। আগে খেলি। পরে টাকার চিন্তা। স্যাররা আমাদের এখানে নিয়ে এসেছেন। আমরা ছোট মানুষ। টাকাপয়সার কী আবদার করব বলেন? ক্যাম্পে থাকা-খাওয়ার বাইরে অবশ্য প্রতিদিন শ খানেক টাকা হাতখরচ দেন। পাইওনিয়ার লিগ তো শেষ। এরপর কী করবে তোমরা?মিঠু: আমরা চাই লিগ যেন নিয়মিত হয়। লিগ চললেই খেলোয়াড় বের হবে। আরেকটা কথা, শুধু ঢাকা শহরে পাইওনিয়ার চললে হবে না। ঢাকার বাইরেও খেলাতে হবে। জেলা পর্যায়ে যদি টুর্নামেন্ট হয়, তাহলে আরও খেলোয়াড় বের হবে। তুমি অনূর্ধ্ব-১৩ ও অনূর্ধ্ব-১৪ দলের হয়ে ইরান-ভারতে খেলেছ। ম্যানচেস্টার ইউনাইটেড সকার স্কুলে গিয়েছ। বাফুফের ফুটবল একাডেমিতেও সুযোগ পেয়েছ? নিজেকে কোথায় দেখতে চাও? মিঠু: আমি স্বপ্ন দেখি একদিন জাতীয় দলে খেলব। আগামী দুই-তিন বছরের মধ্যে জাতীয় দলে খেলতে চাই। আমি জাতীয় দলের অধিনায়কও হতে চাই। ম্যানচেস্টার ইউনাইটেড থেকে দেশে ফেরার পর কেমন প্রতিক্রিয়া পেয়েছিলে?মিঠু: সবাই বলত, ওই যে ওই ছেলে ম্যানচেস্টার থেকে ঘুরে এসেছে। অনেক দেশে খেলতে গেছে। পরিচিত, অপরিচিত কেউ দেখলেই কথা বলেছে। আগে যখন প্র্যাকটিসে যেতাম, আমার পাড়ার ছেলেরা বলত, দূর.. ফুটবল খেলে কী হবে। এখন আমার দেখাদেখি আশপাশের আরও অনেকে ফুটবলে এসেছে।