‘পাকিস্তান ইস্যুতে ধৈর্য হারাচ্ছে যুক্তরাষ্ট্র’ (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের ব্যাপারে ধৈর্যের শেষ সীমায় পৌঁছেছে যুক্তরাষ্ট্র। আফগানিস্তানের জঙ্গিদের জন্য পাকিস্তানকে নিরাপদ আস্তানা বানানোর অভিযোগ এনে দেশটির সরকারের প্রতি এমন কঠোর বাক্যবাণ ছুড়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লিওন প্যানেট্টা। আজ বৃহস্পতিবার আফগানিস্তানের রাজধানী কাবুলে তিনি এ কথা বলেন।কান্দাহারে বোমা হামলায় বিপুল প্রাণহানির এক দিন পর দেশটিতে গিয়ে প্যানেট্টা বলেন, পাকিস্তানকে নাশকতাকারীদের নিরাপদ স্বর্গ বানানোর বিষয়টি নিয়ে উদ্বেগ বাড়ছে। তাই দেশটির উচিত এখনই এ বিষয়ে কার্যকর ব্যবস্থা নেওয়া। রয়টার্সের খবরে বলা হয়, জঙ্গিবাদ-বিরোধী যুদ্ধে সহায়তার জন্য দীর্ঘ সময় ধরেই পাকিস্তানের প্রতি তাগিদ দিচ্ছে যুক্তরাষ্ট্র। তবে প্যানেট্টার আজকের বক্তব্য ছিল এ পর্যন্ত যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে পাকিস্তানকে দেওয়া সবচেয়ে কঠোর বার্তা। এ বার্তার মাধ্যমে পাকিস্তান-যুক্তরাষ্ট্রের অবনমিত সম্পর্কের স্বরূপ প্রকাশিত হয়েছে। জানা গেছে, যুক্তরাষ্ট্রের বিশেষ অভিযানে আল-কায়েদার শীর্ষ নেতা ওসামা বিন লাদেন নিহত হওয়াসহ বেশ কিছু ঘটনায় পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের সম্পর্কের অবনতি হয়েছে। ২০১৪ সালের শেষের দিকে ন্যাটো আফগানিস্তান ছেড়ে গেলেও দেশ দুটির বর্তমান সম্পর্কের রেশ থাকবে। ফলে ধরেই নেওয়া হচ্ছে, ২০১৪ সালের পর আফগানিস্তানের স্থিতিশীলতা বজায় রাখতে যুক্তরাষ্ট্রকে সাহায্য করবে না পাকিস্তান।