‘পাকিস্তান জিন্দাবাদ’ বলার নির্দেশ দিলে মিজানুর বলেন ‘জয় বাংলা’
একাত্তরের ৫ মে পিরোজপুরের ম্যাজিস্ট্রেট সাঈফ মিজানুর রহমানকে পাকিস্তানি সেনাদের কাছে চিনিয়ে দেন দেলাওয়ার হোসাইন সাঈদী। পরে পাকিস্তানি সেনাসদস্যরা তাঁকেসহ তিনজন সরকারি কর্মকর্তাকে বেয়নেট দিয়ে খুঁচিয়ে ও ব্রাশফায়ার করে নৃশংসভাবে হত্যা করে।মুক্তিযুদ্ধ চলাকালে পাকিস্তানি সেনাসদস্যদের হাতে নিহত মিজানুর রহমানের হত্যাকাণ্ডের বিবরণ দেওয়ার সময় তাঁর ভাই সাঈফ হাফিজুর রহমান (৬৫) আজ সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ কথা বলেন। তিনি জামায়াতে ইসলামীর নায়েবে আমির সাঈদীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের ২৭তম সাক্ষী।সকালে বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হলে সাঈফ হাফিজুর রহমানের জবানবন্দি নেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সৈয়দ হায়দার আলী। সাঈদী এ সময় ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন।নড়াইল জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সাবেক সাংসদ সাঈফ হাফিজুর রহমান জবানবন্দিতে বলেন, ৭০-৭১ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র ছিলেন। তাঁর ভাই সাঈফ মিজানুর রহমান তত্কালীন পিরোজপুর সাব-ডিভিশনের ম্যাজিস্ট্রেট ও ডেপুটি কালেক্টর পদে কর্মরত ছিলেন। ওই সময় পিরোজপুরের ভারপ্রাপ্ত এসডিও (সাব-ডিভিশনাল অফিসার) ছিলেন আবদুর রাজ্জাক ও এসডিপিও (সাব-ডিভিশনাল পুলিশ অফিসার) ছিলেন ফয়জুর রহমান আহমেদ (কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের বাবা)। তাঁরা মুক্তিযুদ্ধের পক্ষের লোক ছিলেন এবং স্থানীয় জনগণকে মুক্তিযুদ্ধের জন্য সংগঠিত করছিলেন। তাঁর ভাই মুক্তিযোদ্ধাদের জন্য ট্রেজারি থেকে অস্ত্র বের করে দিয়েছিলেন। এই খবর পাওয়ার পর পাকিস্তানি সেনাসদস্যরা ধরে তাঁর ভাইসহ ওই তিনজনকে ধরে নিয়ে যায়। সেনাদের সঙ্গে ছিলেন সাঈদী ও রাজাকার আবদুল মন্নাফ। সাঈদী পাকিস্তানি সেনাদের মিজানুর রহমানকে চিনিয়ে দেন, তবে তিনি গাড়িতে বসে ছিলেন।হাফিজুর রহমান বলেন, পাকিস্তানি সেনারা তাঁর ভাই মিজানুর রহমান, আবদুর রাজ্জাক ও ফয়জুর রহমানকে গাড়িতে করে বলেশ্বর নদীর পাড়ে নিয়ে যায়। সেখানে প্রথমে তাঁদের বেয়নেট দিয়ে খুঁচিয়ে ও পরে ব্রাশফায়ার করে হত্যা করে লাশ নদীতে ফেলে দেওয়া হয়। হত্যার আগে মিজানুরকে পাকিস্তানি সেনারা ‘পাকিস্তান জিন্দাবাদ’ বলার নির্দেশ দিলে তিনি বলেন ‘জয় বাংলা’।জবানবন্দিতে হাফিজুর আরও বলেন, ভাইয়ের নিহত হওয়ার খবর পাওয়ার পর তিনি, তাঁর বাবা ও ছোট বোন নড়াইল থেকে খুলনায় যান। সেখানে ভাবীর কাছে ভাইয়ের মৃত্যুর বিবরণ শোনেন ও পিরোজপুর যান। সেখানে গিয়ে তিনি সৈয়দ মো. খান বাহাদুর আফজাল ও অন্যান্যের সঙ্গে কথা বলে ভাইয়ের মৃত্যুর ঘটনা সম্পর্কে বিস্তারিত জানতে পারেন। ওই সময় তিনি জানতে পারেন, তাঁর ভাইয়ের হত্যাসহ পিরোজপুরের হত্যা, লুট, ধর্ষণসহ মানবতাবিরোধী বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে দেলোয়ার হোসেন জড়িত। পরে তিনি জেনেছেন, ওই দেলোয়ার হোসেন বর্তমানের দেলাওয়ার হোসাইন সাঈদী।হাফিজুরের জবানবন্দি শেষ হলে আসামিপক্ষের আইনজীবী মিজানুল ইসলাম তাঁকে জেরা করেন।দুপুরে এক ঘণ্টার বিরতি দিয়ে বেলা পৌনে তিনটা পর্যন্ত জেরা চলে। শেষদিকে হাফিজুরকে জেরা করেন আইনজীবী মনজুর আহমেদ আনসারী। ২২ ফেব্রুয়ারি সাঈদীর বিরুদ্ধে মামলায় পরবর্তী সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করা হয়েছে।