‘পাকিস্তান-যুক্তরাষ্ট্র সম্পর্ক স্বাভাবিক হবে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি বলেন, সময়ের পরিপ্রেক্ষিতে পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক হয়ে যাবে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী লিওন প্যানেট্টা পাকিস্তানের ব্যাপারে সহ্যের সীমা কমে যাচ্ছে এবং দেশটিকে সন্ত্রাসীদের স্বর্গক্ষেত্র বলার পরিপ্রেক্ষিতে জারদারি এ কথা বলেন। চীনের রাজধানী বেইজিংয়ে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) এক সম্মেলনে জারদারি বলেন, পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় সম্পর্ক আছে। তাই ধীরে ধীরে হলেও দুই দেশের সম্পর্ক স্বাভাবিক হয়ে যাবে। চায়না ডেইলিকে জারদারি বলেন, ‘আমি মনে করি, রাজনীতিবিদেরা মাঝেমধ্যে রাজনৈতিক কারণে বিবৃতি দেন। সামনে যুক্তরাষ্ট্রে নির্বাচন। তাই যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনৈতিক কারণেই প্যানেট্টা এমন মন্তব্য করে থাকতে পারেন।’ জানা গেছে, সম্প্রতি যুক্তরাষ্ট্রের চালকবিহীন বিমান হামলায় পাকিস্তানের উল্লেখযোগ্যসংখ্যক বেসামরিক নাগরিক নিহত হয়। এতে পাকিস্তানের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রকে হামলা বন্ধে উদ্যোগ নিতে তাগিদ দেওয়া হয়। তবে আপত্তি সত্ত্বেও পাকিস্তানে জঙ্গি দমনে বিমান হামলা অব্যাহত রাখবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র।এ প্রসঙ্গে জারদারি বলেন, ‘কেউই পাকিস্তানে যুদ্ধের প্রভাবটা বুঝছে না। আমরা ইতিমধ্যেই ৪০ হাজার বেসামরিক নাগরিক হারিয়েছি। উপরন্তু সন্ত্রাসী হামলার শিকার হয়ে অর্থনৈতিক দৈন্যে পড়েছি। আমরাই বরং সন্ত্রাসের শিকার। আপাতদৃষ্টিতে মনে হয়, পাকিস্তান সন্ত্রাসীদের মদদ দিচ্ছে। অথচ বাস্তব চিত্র কিন্তু এর বিপরীতটাই।’এসসিও প্রসঙ্গে জারদারি বলেন, এসসিও নতুন হলেও সংগঠনটি বিশ্বকে দেখিয়ে দিয়েছে, তাদের দেখানো পথই সঠিক পথ। তিনি বলেন, পাকিস্তান ও চীনের মধ্যে ট্রেন লাইন হোক, এটা চান।