‘পাকিস্তানের জঙ্গিবাদবিরোধী যুদ্ধ ভুয়া’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের সামরিক গোয়েন্দা সংস্থা আইএসআইকে জঙ্গিবাদে অর্থায়নের জন্য অভিযুক্ত করেছেন পাকিস্তানের আলোচিত চিকিত্সক শাকিল আফ্রিদি। তিনি বলেছেন, ‘পাকিস্তানের জঙ্গিবাদ যে আইএসআই-সমর্থিত, এতে কোনো সন্দেহ নেই। জঙ্গিবাদের বিরুদ্ধে পাকিস্তানের যুদ্ধ ভুয়া। যুক্তরাষ্ট্র থেকে অর্থ আদায় ছাড়া এটা কিছুই না।আল-কায়েদার সাবেক প্রধান ওসামা বিন লাদেনকে খুঁজে পেতে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএকে সহায়তাকারী পাকিস্তানি চিকিত্সক শাকিল আফ্রিদি যুক্তরাষ্ট্রের টিভি চ্যানেল ফক্স নিউজ চ্যানেলের কাছে এ দাবি করেছেন। আজ মঙ্গলবার পাকিস্তানের দ্য ডন পত্রিকার অনলাইন এ খবর জানিয়েছে।ওই টিভি চ্যানেলটি দাবি করেছে, তাদের প্রতিনিধি পেশোয়ারের কেন্দ্রীয় কারাগারে বন্দী শাকিল আফ্রিদির সাক্ষাত্ নিয়েছেন। তবে এই সাক্ষাত্কারের কেবল লিখিত প্রতিবেদন প্রচার করেছে চ্যানেলটি। সাক্ষাত্কারটি ভিডিও, নাকি অডিও ছিল—এ ব্যাপারে কিছু জানায়নি চ্যানেলটি। তাদের প্রতিবেদক কী করে ওই কারাগারে প্রবেশ করে আফ্রিদির সাক্ষাত্ নিয়েছেন, চ্যানেলটি সে সম্পর্কেও কিছু জানায়নি।চ্যানেলটির দাবি, তাদের কাছে আফ্রিদি অভিযোগ করেছেন, যুক্তরাষ্ট্রকে সমর্থন করার জন্য আইএসআই তাঁকে শাস্তি দিয়েছে। গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদের সময় তাঁর ওপর নির্মম নির্যাতন চালানো হয়েছে।ফক্স নিউজকে আফ্রিদি বলেছেন, তাঁকে প্রথমে ইসলামাবাদে অবস্থিত আইএসআইয়ের সদর দপ্তরের ভূগর্ভে আটক করে রাখা হয়। সেখানে তাঁকে সিগারেটের আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া ও বৈদ্যুতিক শক দেওয়া হয়। যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করার জন্য আইএসআইয়ের কর্মকর্তারা তাঁর ওপর আক্রমণ চালান।ফক্স নিউজ জানায়, আফ্রিদি বলেছেন, ‘আমি যুক্তি দিতে চেষ্টা করেছি যে, আমেরিকা পাকিস্তানের সবচেয়ে বড় সমর্থক। কারণ, তাদের কাছ থেকে শত শত কোটি ডলার এবং সামাজিক ও সামরিক সহায়তা আসে। কিন্তু তারা (আইএসআই) সবাই বলেছে, “তারা (মার্কিন যুক্তরাষ্ট্র) আমাদের সবচেয়ে নিকৃষ্ট শত্রু। তুমি আমাদের শত্রুদের সহায়তা করেছ।”’আফ্রিদি দাবি করেন, আইএসআইয়ের সদর দপ্তরে আফগানিস্তানসহ বিভিন্ন দেশের জঙ্গিরা আটক আছে। সেখানে আরব বন্দীদের প্রথম শ্রেণীর মর্যাদা ও খাবার দেওয়া হয়। বেশ কিছু পশ্চিমা উগ্রবাদীও সেখানে আছে।ফক্স নিউজের ভাষ্য, আফ্রিদি তাদের বলেছেন, ‘আইএসআই জঙ্গিদের বলে যুক্তরাষ্ট্রের কথা অনুযায়ী আমরা তোমাদের গ্রেপ্তার করেছি। কিন্তু আমরা তোমাদের কোনো ক্ষতি করতে চাই না। এখান থেকে যাওয়ার ব্যাপারে আমরা তোমাদের সহযোগিতা করব। তোমরা আফগানিস্তান যাও এবং মার্কিনিদের শেষ করো। তাহলেই তোমরা মুক্তি পাবে।’আফ্রিদি দাবি করেন, সিআইএ তাঁকে আফগানিস্তানে পালিয়ে যাওয়ার উপদেশ দিয়েছিল। তারা তাঁকে বলেছে, সেখানে তিনি ও তাঁর পরিবার সযত্নে থাকতে পারবেন। কিন্তু তিনি এতে রাজি হননি।তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের জন্য আমার অনেক শ্রদ্ধা ও ভালোবাসা আছে। সিআইএর সঙ্গে কাজ করতে পেরে আমি গর্বিত।’তিনি দাবি করেন, আটক করার সময় আইএসআই তাঁর ব্যাংক হিসাব লুট করে তাঁকে দেউলিয়া করে দিয়েছে। তিনি আরও বলেন, ‘আমার অবস্থা খুব খারাপ। এখন আমার আর্থিক, আইনি ও কূটনৈতিক সহায়তা দরকার।’ পাকিস্তানে অবস্থান করা আল-কায়েদার সাবেক প্রধান ওসামা বিন লাদেনকে খুঁজে পেতে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএকে সহায়তা করেন আফ্রিদি। এই অপরাধে পাকিস্তানের একটি আদালত তাঁকে ৩৩ বছরের কারাদণ্ড দিয়েছেন।