‘পাখির মতো উড়তে চাই’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটা সময় ঢাকার শিশুপার্কে শুধু একটি স্কেটিং রিং ছিল। তখন স্কেটিং করার জন্য অনেক শিশু পার্কে যেত। দীর্ঘদিন ধরে শিশুপার্কের সেই স্কেটিং রিংটি বন্ধ। তবু বন্ধ নেই স্কেটিং চর্চা। কেননা নগরে রয়েছে স্কেটিং ক্লাব। তবে এটি যে নগরে খুব বেশি জনপ্রিয় তা নয়। ঢাকার অল্পকিছু ছেলেমেয়েকেই শুধু গুলশান, বনানী, ধানমন্ডির পথে স্কেটিং করতে দেখা যায়।যাঁরা স্কেটিংয়ের হাতেখড়ি নেন, তাঁদের অনেকেই পথঘাটে অনুশীলন চালিয়ে নিচ্ছেন। এ ক্ষেত্রে জাতীয় সংসদ ভবনের পাশের সড়কটি খুব জনপ্রিয়। কেউ কেউ আবার রমনা উদ্যানে স্কেটিং অনুশীলন করেন। তেমনি একটি দল আছে ঢাকার মগবাজারের ম্যাগনোলিয়া ইন্টারন্যাশনাল স্কুলে। এতে ১৩ জন শিক্ষার্থী। প্রশিক্ষকের দায়িত্বে আছেন তাদের স্কুলেরই শিক্ষক মিনান আরা। দীর্ঘদিন ধরে তারা রমনা উদ্যানে স্কেটিং অনুশীলন করছে। সাপ্তাহিক ছুটি তো বটেই অন্যান্য ছুটির দিনও তারা রমনা উদ্যানে হাজির হয়।রমনা উদ্যানে প্রাতর্ভ্রমণকারীরা সাতসকালে স্কেটিং অনুশীলনরত শিশুদের দেখে থমকে দাঁড়ান। এমনি একজন বলেন, ‘যে বয়সে দুই পায়ে হাঁটাই কষ্টসাধ্য, সে বয়সে কী করে এইটুকুন ছেলেমেয়েরা স্কেটিংয়ের মতো কঠিন খেলাটি খেলে যাচ্ছে!’এ বিষয়ে প্রশিক্ষক মিনান আরা জানান, ইচ্ছাশক্তি ও মনের জোর থাকলে যে কেউ স্কেটিং করতে পারে। এমনকি বয়স্করাও করতে পারেন।মিনান আরা আরও জানান, স্কেটিংয়েরও বিভিন্ন প্রকারভেদ রয়েছে। যেমন, রোলার স্কেটিং, আইস স্কেটিং, স্পিড স্কেটিং, ফিঙ্গার স্কেটিং, টো-স্কেটিং, রোড ও ইন-লাইন স্কেটিং। মূলত ইন-লাইন স্কেটিংয়ের চর্চা করে থাকে ম্যাগনোলিয়া স্কুলের শিক্ষার্থীরা। ইন-লাইন স্কেটিং, রোলার ব্রেড স্কেটিং নামেই বেশি পরিচিত। যা কি না ঠিক রোলার স্কেটের অনুরূপ। ইন-লাইন স্কেটিংয়ের জুতায় দুই থেকে পাঁচটি হুইল থাকে এক সারিতে। এ জন্যই এর নাম হয়েছে ইন-লাইন স্কেটিং। ঢাকায় যাঁরা স্কেটিং চর্চা করে থাকেন, তাঁদের প্রায় সবাই ইন-লাইন স্কেটিংয়ের ভক্ত।ম্যাগনোলিয়া স্কুলের কেজি ওয়ানের শিক্ষার্থী ইভানা দলের সবচেয়ে ছোট স্কেটার। স্কেটিং কেন করো? এমন প্রশ্নে তার সহাস্য উত্তর, ‘পাখির মতো উড়তে চাই তাই স্কেটিং করি।’