‘পাট আইনা ঘুরতে ঘুরতে শেষ হইয়া গেলাম’
‘আমাগো এখন মরণদশা। হাটে পাট আইনা ঘুরতে ঘুরতে শেষ হইয়া গেলাম। পাট কেউ কিনতে চায় না। আমরা এখন কোথায় যাব?’ হাটে পাট এনে বিক্রি করতে না পেরে এভাবেই কষ্টের কথা জানালেন ফরিদপুরের মধুখালী উপজেলার কামালদিয়া গ্রামের আ. আলিম মোল্লা।দেশের বৃহত্তর পাট উৎপাদন এলাকা ফরিদপুর। জেলার অন্যতম বড় পাটের হাট মধুখালী বাজারে গিয়ে দেখা যায়, শত শত বিক্রেতা পাট নিয়ে এসেছেন, কিন্তু ক্রেতা পাচ্ছেন না। কোনো কোনো ব্যবসায়ী কিনতে চাইলেও যে দাম বলছেন, তাতে বিক্রি করতে পারছেন না চাষিরা। তাই একটু বেশি দামের আশায় এ আড়ত থেকে ও আড়তে ঘুরতে ঘুরতে চাষিদের গলদঘর্ম অবস্থা।মধুখালী উপজেলার মৃধাপুর গ্রামের কৃষক মো. ওয়াজেদ আলী মোল্লা বলেন, ‘এই পাটের ওপরই ভরসা। পাট বেচে গরু কোরবানি দিতে চাইছিলাম। কিন্তু পাটের দাম নাই। কেউ কিনতেও চায় না।’গাজনার শ্রীরামপুর গ্রামের মো. মোয়াজ্জেম হোসেন বলেন, ‘দুই হাট আগেও পাট বিক্রি করেছি এক হাজার ৯০০ টাকা মণ। এখন তা এক হাজার ৪০০ টাকায় নেমে এসেছে।’পাটের চাহিদা নেই কেন জানতে চাইলে বাজারের ব্যবসায়ী মধূসুদন পোদ্দার প্রথম আলোকে বলেন, ‘খুলনায় পাটকল থেকে আমাদের বলা হচ্ছে সুতার কদর আর আগের মতো নেই। সুতা বিক্রি হচ্ছে না। তাই পাটের চাহিদাও নেই।’ফরিদপুর সদরের খলিলপুর বাজারের পাট ক্রেতা রনক এন্টারপ্রাইজের আবদুস সামাদ বলেন, বাংলাদেশ জুট মিল করপোরেশন (বিজেএমসি) এ মৌসুমের শুরুতেও দুই হাজার ২০০ টাকা মণ দরে পাট কিনেছে। কিন্তু দাম কমাতে কমাতে এখন এক হাজার ৫০০ টাকায় নামিয়ে এনেছে।পাট অধিদপ্তর ফরিদপুরের মুখ্য পরিদর্শক (সিআই) তারিকুল ইসলাম জানান, পাট লাগিয়ে কৃষকেরা যেমন ধরা খেয়েছেন, একইভাবে ধরা খাচ্ছেন ব্যবসায়ীরাও। প্রতিদিন পাটের দাম কমছে। আজ যে দামে পাট কেনা হচ্ছে, আগামীকাল তার চেয়ে দাম কমে যাচ্ছে। বিজেএমসি পাট ক্রয়ের জন্য এক মাস ধরে টাকা দিচ্ছে না।