‘পাণ্ডুলিপি এখনো লেখা হয়নি’
বলছেন সভেন গোরান এরিকসন এবার বিশ্বকাপে থাকারই কথা ছিল না তাঁর। মেক্সিকোর কোচ ছিলেন। কিন্তু বাছাইপর্বে তেমন ক্যারিশমা না দেখাতে পারায় চাকরি হারান। গত দুই বিশ্বকাপে ইংল্যান্ডের কোচের দায়িত্ব পালন করা সভেন-গোরান এরিকসন হয়তো দর্শক হিসেবেই বিশ্বকাপ দেখার প্রস্তুতি নিচ্ছিলেন। হুট করে মাস দুয়েক আগে আইভরিকোস্টের কোচ হয়ে গেলেন। সুইড এই কোচ আসছেন টানা তৃতীয় বিশ্বকাপে, দ্রগবাদের নিয়ে। কথা বলেছেন তিনি ওয়ার্ল্ড সকার-এর সঙ্গে হুট করে আইভরিকোস্টের কোচ হয়ে গেলেন, কীভাবে?এরিকসন: আইভরিকোস্ট ফুটবল ফেডারেশনের সভাপতি জ্যাক আনুমার সঙ্গে আমার দেখা হয়েছিল লন্ডনে, দক্ষিণ কোরিয়ার সঙ্গে ওদের প্রীতি ম্যাচের সময়। তখনই তিনি জিজ্ঞেস করেছিলেন কোনো ক্লাবের সঙ্গে আমার চুক্তি আছে কি না। আমি জানালাম, না নেই। এর কদিন পর তিনি আমার সঙ্গে যোগাযোগ করে জানতে চাইলেন, আমি তাদের দলের দায়িত্ব বিশ্বকাপে নিতে পারব কি না। জানালাম, আমি রাজি। এটা নিয়ে ভাবতে মোটেও সময় লাগেনি আমার। কেন?এরিকসন: আইভরিকোস্টের কোচের কাজটা আমার কাছে খুবই লোভনীয় মনে হয়েছে। ওদের ফুটবল-ঐতিহ্য সুদীর্ঘ। তরুণ প্রতিভা উপহার দেওয়ার পরিসংখ্যানটির দিকে তাকান। কত দুর্দান্ত সব আইভরিয়ান খেলোয়াড়। দিদিয়ের দ্রগবার মাপের স্ট্রাইকার তো খুব কমই আছে। আরও অনেকেই আছে যাদের সেরাদের তালিকায় রাখা যায়। তোরে ভাইরা, সলোমন কালু, এমানুয়েল এবু, অরুণা দিনদান, দিদিয়ের জোকোরা এবং আরও অনেকেই আছে। এমন অনেকে আছে, শুধু কয়েকজনকে বেছে নেওয়া মুশকিল। তা ছাড়া বিশ্বকাপে কোচ হিসেবে কাজ করার সুযোগ পেলে সেটা তো হাতছাড়া করার প্রশ্নই আসে না। ইংল্যান্ডের হয়ে আমি দুবার বিশ্বকাপে গেছি। চ্যালেঞ্জটা এখনো আমাকে রোমাঞ্চিত করে, উদ্দীপ্ত করে। কিন্তু দলকে প্রস্তুত করার জন্য যথেষ্ট সময় তো আপনি পাননি।এরিকসন: সত্যি বলতে কী, এটা আমার জন্য একটা দুশ্চিন্তা। মাত্র সপ্তাহ তিনেকের সময় আমরা হাতে পেয়েছি। অবশ্য বিশ্বকাপের বাকি দলগুলোরও এই একই সমস্যা। আইভরিকোস্টের গ্রুপটাকে তো এবারের ‘মৃত্যুকূপ’ বলা হচ্ছে।এরিকসন: আমি বিষয়টি এভাবে দেখি না। অবশ্যই এটা কঠিন একটা গ্রুপ। বিশ্বকাপে ব্রাজিল সব সময়ই ফেবারিট। পর্তুগালও ইউরোপের সেরা দলগুলোর একটি। রোনালদোর মতো খেলোয়াড় আছে ওদের, যে একাই পার্থক্য গড়ে দিতে পারে। কিন্তু আইভরিকোস্ট ফেলনা নয়। দ্বিতীয় রাউন্ডে যাওয়ার চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার মতো প্রতিভা আমাদের আছে। এটাই আমাদের প্রাথমিক লক্ষ্য। মনে পড়ছে, ২০০২ বিশ্বকাপে আর্জেন্টিনা, সুইডেন ও নাইজেরিয়ার সঙ্গে একই গ্রুপে ইংল্যান্ড পড়েছিল বলে সেটিকে ‘গ্রুপ অব ডেথ’ বলা হচ্ছিল। ইংল্যান্ড পেরিয়ে গিয়েছিল, আর্জেন্টিনাই পারেনি। এবারকার পাণ্ডুলিপি এখনো লেখা হয়নি। দ্রগবার সেরা ফর্ম নিয়ে দক্ষিণ আফ্রিকায় পৌঁছানো কতটা জরুরি?এরিকসন: ফুটবল কিন্তু একটা দলগত খেলা। ব্যক্তিগত খেলা আর দলগত প্রচেষ্টার একটা সম্মিলন দরকার হয়। তবে এমন খেলোয়াড়ও থাকতে হয়, যারা দলে বাড়তি মাত্রা যোগ করে। দ্রগবা সেই খেলোয়াড়দের একজন। ওর ক্যারিশমা আছে, ভালো নেতা এবং ইউরোপের সেরা স্ট্রাইকারদের একজন হিসেবে নিজেকে প্রতিষ্ঠিতও করেছে। আমি আশাবাদী, একাধিক গোল করে, মাঠে এবং মাঠের বাইরে প্রভাব রেখে দ্রগবা আমাদের নেতৃত্ব দেবে। এবার ফেবারিট কারা?এরিকসন: স্পেন, গত দুই বছরেরও বেশি সময় ধরে যারা দুর্দান্ত খেলছে। স্পেন ছাড়া আমি সেসব দলগুলোর কথা বলব, যাদের বিশ্বকাপ জেতার ইতিহাস আছে। ব্রাজিল, আর্জেন্টিনা, ইতালি, জার্মানি এবং অবশ্যই ইংল্যান্ড। আর হিসাবের বাইরে থাকছে কারা? এরিকসন: আমার মনে হয়, এবারের আসরটি হবে আফ্রিকানদের। তারা এমন একটা কন্ডিশনে খেলবে, যেটি তাদের হাতের তালুর মতো চেনা। আর তা ছাড়া এটি আফ্রিকার প্রথম বিশ্বকাপ বলে আফ্রিকান দেশগুলোও ভালো কিছু করার জন্য দৃঢ়প্রতিজ্ঞা নিয়ে ঝাঁপাবে। কমপক্ষে দুই থেকে তিনটি দলকে আমি নকআউট পর্বে দেখতে পাচ্ছি। আশা করি, তাদের একটি হবে আইভরিকোস্ট।