পাতানো খেলা নিয়ে ফুটবল অঙ্গনে মহা শোরগোল। মাত্রই আগের মৌসুমে খেলোয়াড়ি জীবন শেষ করা আরিফ খান জয় এর আগেও পাতানো খেলা কম দেখেননি। জাতীয় দলের সাবেক অধিনায়কের জবানিতে সেই অভিজ্ঞতারই বয়ান শুনেছেন তো, পাতানো খেলার শাস্তি হিসেবে বাফুফের বাংলাদেশ লিগ কমিটি কিছু সুপারিশ দিয়েছে...আরিফ খান জয়: শুনেছি। আমার প্রথম কথা, পাতানো খেলা ফুটবলের জন্য ক্যানসার। এটিকে ঝেঁটিয়ে বিদায় করতে হবে। কিন্তু দুটি ক্লাবকে আর্থিক জরিমানা বা দু-একজন কর্মকর্তাকে নিষিদ্ধ করে পাতানো খেলা বন্ধ করা যাবে না। কেন বন্ধ করা যাবে না?জয়: একটি ক্লাবকে ২০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এই টাকা তারা গেট মানি থেকে কেটে দেবে, এটা ফেডারেশন আর ক্লাবই জানবে। কিন্তু ভবিষ্যতে পাতানো খেলা বন্ধ করতে এটা কতটুকু ভূমিকা রাখবে, প্রশ্নসাপেক্ষ। এটা তো স্বীকার করবেন, পাতানো খেলার ব্যাপারটা নিয়ে এবার অন্তত নাড়াচাড়া হচ্ছে?জয়: তা হয়তো হচ্ছে। কিন্তু আমার মনে হয় ফেডারেশনের আরও গভীরে ভাবতে হবে। জরিমানাতেই শেষ নয়। পাতানো খেলা বন্ধ না হলে ফুটবলের আরও ক্ষতি হবে এবং এর অংশীদার আমরা সবাই হব। পাতানো খেলে তো ক্লাব। তাহলে সব দায় ক্লাবেরই?জয়: যেহেতু আমাদের জাতীয় দল পাতানো খেলেছে বলে অভিযোগ নেই, সুতরাং পাতানো খেলার সব দায় ক্লাবগুলোর ওপরই বর্তায়। ফুটবলকে বাঁচাতে ক্লাবগুলোকে এই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে। ফুটবলে দর্শক না আসার অন্যতম কারণ এই পাতানো ম্যাচ। আপনি তো দীর্ঘদিন ঘরোয়া ফুটবলে খেলেছেন। পাতানো খেলার ব্যাপারে আপনার নিজের প্রত্যক্ষ অভিজ্ঞতা কেমন?জয়: বিস্তারিত বলব না। তবে একটা উদাহরণ দিতে চাই। এবং সেটা চট্টগ্রামের মাঠে। ঘটনাটা ১৯৯৮ বা ১৯৯৯ সালের। চট্টগ্রামে একটা টুর্নামেন্টের ফাইনালে স্থানীয় আবাহনী-মোহামেডান ম্যাচটা নির্লজ্জ পাতানো হয়েছিল। সেই পাতানো খেলার আমিই তো রাজসাক্ষী। বলেন কী, আপনি রাজসাক্ষী?জয়: হ্যাঁ, ঘটনা সত্য। বৃষ্টির জন্য ম্যাচটা পরিত্যক্ত হওয়ার পরদিন কাদা মাঠে পাতানো হলো। এমনই যে, পাতানো পেনাল্টি ঠেকিয়ে দিয়ে দুই দলকে যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করা হলো। সেদিন এমএ আজিজ স্টেডিয়ামে প্রায় ৩০-৪০ হাজার দর্শক ছিল, তারা ক্ষুব্ধ হয়ে কর্মকর্তাদের ওপর হামলা পর্যন্ত করেছিল। তারপর উদ্ধার পেয়েছিলেন কীভাবে?জয়: কোনো রকমে দর্শকদের হাত থেকে নিজেদের বাঁচিয়ে আমরা মাঠ ছাড়ি। আমি ছিলাম মোহামেডানের খেলোয়াড়। সেদিন আমার কার্ড ছিল, আমি ছিলাম মাঠের বাইরে। তাই বাইরে বসে আরও ভালোভাবে টের পেয়েছিলাম ম্যাচটা কতটা নির্লজ্জভাবে পাতানো হয়েছিল। সেই যে দর্শক মুখ ফিরিয়ে নিল চট্টগ্রামের ফুটবল থেকে, আর আসেনি। ঢাকায় এ রকম দু-একটা অভিজ্ঞতা কি বলা যায়?জয়: বললে তো অনেক কিছুই বলা যায়। কিন্তু অনেক ক্লাবের বিপক্ষে যাবে। আমি আবাহনী, মোহামেডান, মুক্তিযোদ্ধা, ব্রাদার্স সব বড় দলেই খেলেছি। এখন বললে কেউ কেউ বিব্রত হবেন। তবে একটা কথা উঁচু গলায় বলব, পাতানো খেলার স্বাদ নেয়নি, এমন ক্লাবের সংখ্যা কম আছে। এর মধ্যে চ্যাম্পিয়ন হওয়া সব ক্লাবও আছে। এমন কি হয়েছে যে কোনো খেলোয়াড় পাতানো ম্যাচ শুনেও খেলতে চাননি, না চাইলে খেলোয়াড়েরা এর দায় এড়াবেন কী করে?জয়: খেলোয়াড়েরা ম্যাচ পাতায় না। তারা ক্লাবের কাছে সব সময়ই জিম্মি। ক্লাব না চাইলে কি এ দেশে তিন বছর ফুটবল বন্ধ থাকে, পুল বাইন্ডিংস হয়! ক্লাবই তো সব। সুতরাং আগে ক্লাবের মানসিকতা বদলাতে হবে।