‘পানি থাকি বাঁচি, না প্যাট বাঁচাই’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘চার দিন থাকি ছাওয়া-পাওয়া নিয়া পানি আছি। কাইয়ো খোঁজ নিবার আসিল না। হু হু করি পানি বারবার নাগছে। আর তো থাকপার পাই না। উজানোত যাম সেই বুদ্ধি নাই। আল্লায় জানে, হামার কপালোত কী আছে।’ ছেলেমেয়েদের নিয়ে এক বুক পানির ওপর চকিতে বসে কথাগুলো বলছিলেন কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কাটগীরাই চরের নছিয়া খাতুন (৪৫)। সকাল থেকে তাঁরা কিছুই খাননি। ছেলেমেয়েরা কান্নাকাটি করছিল।নছিয়া খাতুনের স্বামী সোহরাব ফকীর (৬৫) পেশায় দিনমজুর। গলাসম পানির মধ্যে হেঁটে এসে জানান, ১৫ দিন কোনো কাজ নেই। ঘরে যা ছিল সব শেষ। তিনি বলেন, ‘এক ছেলে ও চার মেয়ে নিয়ে অ্যালা পানি থাকি বাঁচি, না প্যাট বাঁচাই।’ বড় মেয়ে ছকিনা জানায়, প্লাস্টিকের বোতলে নদীর পানি ভরে সেই পানি এখন পান করতে হচ্ছে। চরের নলকূপগুলো পানিতে ডুবে আছে। এ অবস্থা শুধু এ পরিবারটির নয়, দুধকুমার ও গঙ্গাধর নদনদীর মধ্যবর্তী চরগুলোর শত শত পরিবারের। এসব চরের ঘড়বাড়িতে চার-পাঁচ ফুট পানি উঠেছে। সামর্থ্যবান কয়েকটি পরিবার নিরাপদ আশ্রয়ে চলে যেতে পারলেও অধিকাংশই পানিতেই বসবাস করছে। ছোট ছোট শিশুরা দিন-রাত ঘরের মধ্যে পানিতে থেকে অতিষ্ঠ হয়ে উঠেছে। গত কয়েক দিনের বৃষ্টিপাত, পানি বৃদ্ধি, ঝড় ও বজ্রপাতে তারা ঘুমাতে পারছে না। সে সঙ্গে রয়েছে পোকামাকড়ের আক্রমণ।বুধবার সরেজমিনে দেখা যায়, চারদিকে পানি আর পানি। দ্রুত উজানের পানি বৃদ্ধি পাচ্ছে। মানুষ ঘড়বাড়ি সরানোর সময় পাচ্ছে না। পাটতোলা চরের শতাধিক বাড়ির অধিকাংশ লোকজন নিরাপদ আশ্রয়ে চলে গেছে। একটি ছোট নৌকায় দুটি পরিবার গবাদিপশুসহ চলে যাচ্ছিল। তাঁদের একজন আকতার হোসেন বলেন, যে হারে পানি বাড়ছে রাতের মধ্যে টিনের চাল চুইয়ে যাবে। নুন খাওয়া ১ নম্বর ওয়ার্ডের সদস্য আ. রহিম জানান, তাঁর ওয়ার্ডের এক হাজার ১০০ বাড়িতে পানি উঠেছে। নুন খাওয়া কালীগঞ্জ সড়কের কয়েকটি স্থান ধসে গেছে। ভিতরবন্দ ইউনিয়ন থেকে নুন খাওয়া যাতায়াতের প্রধান সড়কের দুটি স্থানে সেতু দেবে যাওয়ায় মানুষ দুর্ভোগ পোহাচ্ছে। নুন খাওয়ার সঙ্গে নাগেশ্বরী উপজেলার সড়ক-যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন। নুন খাওয়া ইউপির চেয়ারম্যান শাহজালাল উদ্দিন মোল্লা জানান, ইউনিয়নের ২০ হাজার মানুষের মধ্যে ১৬ হাজার পানিবন্দী। রাস্তাঘাট তলিয়ে গেছে। নুন খাওয়া বাজার, ইউনিয়ন পরিষদ ভাঙনের মুখে রয়েছে। পানিবন্দী মানুষ বিভিন্ন বিদ্যালয়ে ও উঁচু স্থানে আশ্রয় নিয়েছে।