‘পানির দামে’ কাঁঠাল!
‘লউকা ভাইসাব লউকা! পানির দামে লউকা...!’ শ্রীমঙ্গলের ফল ব্যবসায়ী বাদশা মিয়া একটি কাঁঠাল হাতে নিয়ে ক্রেতার দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছিলেন।‘পানির দাম’ কথাটার ব্যাখ্যা জানতে চাওয়ায় বাদশা হাতের কাঁঠালটি উঁচিয়ে ধরে বলেন, ‘ই কাঁঠল গেলবার ১০০ টেখার নিচে আমরাও কিনতে পারছি না। ই ফিরা ৫০ টেখায় বেচরাম!’দাম কম কেন—এমন প্রশ্নে তাঁর জবাব, ‘গাঁওত ইলেকশন লাগছে। মানুষ বিজি অইযাওয়ায় দাম কমি গেছে!’বাদশা মিয়ার সঙ্গে কথা হচ্ছিল গতকাল বুধবার কদমতলী হাটে। সিলেটের মৌসুমি ফলের বৃহত্তম হাট এটি। এ হাটে গিয়ে দেখা যায়, ‘পানির দাম’ হওয়ায় তুলনামূলক বিক্রিও বেড়ে গেছে। কাঁঠালের বাগানমালিক থেকে শুরু করে খুচরা ও পাইকারি ব্যবসায়ীদের ভাষ্য, ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের জন্য কাঁঠালের দাম এবার অন্য যেকোনো মৌসুমের চেয়ে কম।কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, সিলেট অঞ্চলের জৈন্তাপুর উপজেলার হরিপুর, বিয়ানীবাজার ও গোয়াইনঘাট এবং মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও জুড়ী এলাকার পাহাড়-টিলায় উৎপাদিত কাঁঠাল হাটে ‘পাইড়া’ (পাহাড়ি) ও ‘বাগানের’ কাঁঠাল নামে আলাদাভাবে সমাদৃত হয়। প্রতিবছর এসব কাঁঠাল জ্যৈষ্ঠ মাসের মধ্যবর্তী সময় থেকে স্থানীয় হাটগুলোতে ওঠে। স্থানীয়ভাবে উৎপাদিত কাঁঠাল বিক্রির মূল মৌসুম হচ্ছে এই সময়।হরিপুরের রফিকুল ইসলাম কদমতলীর হাটে ২০০টি কাঁঠাল নিয়ে এবারই প্রথম এসেছেন। হরিপুরের একটি টিলায় তাঁর কাঁঠালের বাগানে ১১০টি গাছ আছে। স্থানীয় হাটে গত এক সপ্তাহে তিনি বাগানের তিন ভাগের এক ভাগ কাঁঠালও কাঙ্ক্ষিত দামে বেচতে পারেননি। কদমতলীর হাটে এসেছিলেন খুচরা দামে বেচতে। কিন্তু ক্রেতা না পাওয়ায় পাইকারি দরে বিক্রি করে বাড়ি ফেরেন তিনি।কদমতলীর আড়ত ব্যবসায়ীরা জানান, এবার কাঁঠালের উৎপাদন বেশি হয়েছে। এ জন্য হাটে উঠছে প্রচুর কাঁঠাল। কিন্তু নির্বাচনের কারণে ক্রেতার সংখ্যাও কম হচ্ছে। ‘গাওত ইলেকশন ছাড়া কোনো মাত নাই। কাঁঠল কিননেরও মানুষের টাইম নাই! এর লাগি টাউনও আইছি।’ বলছিলেন শ্রীমঙ্গলের ব্যবসায়ী ইসমাইল মিয়া। কদমতলী হাটে কথা হচ্ছিল তাঁর সঙ্গে। গতবার এই সময়ে যে কাঁঠালটি ১০০ টাকা বা ১২৫ টাকায় বিক্রি হয়েছে, এবার সেটি বিকোচ্ছে ৫০ টাকায়। গতকালও এ রকম দামেই কাঁঠাল বিক্রি হয়েছে বলে জানালেন তিনি।তবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেটের উপপরিচালক জয়দেব রায় প্রথম আলোকে বলেন, আবহাওয়া অনুকূল থাকায় এবার গতবারের তুলনায় কাঁঠাল উৎপাদন বেশি হয়েছে। এ জন্য একেক হাটে একেক রকম দাম। দামের এই তারতম্য থাকেই। ইউপি নির্বাচনের কারণে বেচাবিক্রিতে কিছুটা মন্দা থাকায় ব্যবসায়ীরা শহরের হাটে কাঁঠাল তুলে ক্ষতি পোষাচ্ছেন। এতে সামগ্রিকভাবে ক্ষতির আশঙ্কা নেই।