‘পাপা ডোন্ট প্রিচ’
সন্তানের সঙ্গে মা-বাবার সম্পর্কটা কেমন হবে? তাঁরা কি হবেন গুরুগম্ভীর, মাঝেমধ্যে উপদেশ দেবেন, এটা করো, ওটা কোরো না—এমনটা বলবেন। কথা না শুনলে সন্তানকে অবাধ্য বলবেন? নাকি সন্তানের সঙ্গে মিশবেন বন্ধুর মতো। ভালোবেসে কাছে টেনে নেবেন, সন্তানের সমস্যাগুলো বোঝার চেষ্টা করবেন।বাবাকে উপদেশ না দেওয়ার পরামর্শ দিয়ে ম্যাডোনা গেয়েছিলেন ‘পাপা ডোন্ট প্রিচ’ শিরোনামে বিখ্যাত গানটি। সে সময় গানটি সমালোচনার ঝড় তুলেছিল যুক্তরাষ্ট্রসহ বিশ্বের অনেক দেশে। তবে এ যুগের বাবাদের কেমন হওয়া উচিত—সে ব্যাপারে রইল কিছু পরামর্শ।বাবা হতে পারেন বন্ধু: সন্তানকে খুব বেশি শাসন বা উপদেশবাণী দিলে সন্তানেরা বাবাকে বেশ ভয় পায়। এতে অনেক বিষয়ই সন্তানেরা বাবার সঙ্গে শেয়ার করেন না। এতে সন্তানেরা অনেক সময় জটিল সমস্যার মুখোমুখি হয়, যার সমাধান তারা কখনোই পায় না। সব সময় মাথায় রাখতে হবে, বর্তমান সময়ে সন্তানেরা তাদের সমমনাদের নিয়ে বিভিন্ন চাপে থাকে। এ ধরনের চাপ শুধু শৃঙ্খলার মাধ্যমে কমানো সম্ভব নয়। সন্তানদের সঙ্গে বন্ধুসুলভ আচরণ করেই এই চাপ কমানো যেতে পারে। নেশা, বেপরোয়া গাড়ি চালনা, সেক্স বা পড়াশোনা নিয়ে সন্তানেরা ঝামেলায় পড়তে পারে। প্রতিটি বাবার উচিত এসব ব্যাপারে তাদের সঙ্গে খোলামেলা আলোচনা করা। তাহলে সন্তানেরা নির্ভয়ে এসব ঝামেলা এড়াতে পারে। আর বাবার সঙ্গেও সম্পর্কটা হয় বেশ মধুর।সন্তানের ওপর আস্থা রাখুন: মা-বাবার ওপর সন্তানদের আস্থা বাড়ানোর সহজ উপায় হলো মা-বাবাকেও সন্তানদের কাজের ওপর আস্থা রাখতে হবে। সন্তান যদি বুঝতে পারে, তাদের কাজের ওপর মা-বাবার আস্থা আছে, তাহলে তারাও মা-বাবার ওপর ভরসা করতে দ্বিধাবোধ করবে না। স্টুডেন্ট কাউন্সিলর টি এস রাও বলেছেন, অনেক সময় মা-বাবা তাঁদের তরুণ সন্তানকে ছোট বাচ্চাদের মতো মনে করেন। অনেক সন্তানই এ বিষয়টাকে মেনে নিতে পারে না। তারা চায় মা-বাবা যেন কিছু দায়িত্ব তাদের ওপর ছেড়ে দেন। অবশ্য এ ক্ষেত্রে সন্তানদের বিশ্বাস করা ও তাদেরকে কোনো বিষয়ে আশকারা দেওয়ার মধ্যে ভারসাম্য বজায় রাখতে হবে।আপনার স্বপ্ন সন্তানদের ওপর চাপিয়ে দেবেন না: সন্তানকে নিয়ে আপনি যে স্বপ্ন দেখেন, সেটা আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে পারে। কিন্তু এটাই একমাত্র ও এটা ছাড়া আর কোনো স্বপ্ন দেখা যাবে না—এ ধরনের কোনো চাপ তাদের দেওয়া যাবে না। সন্তানদের নিশ্চিত করতে হবে যে আপনিও তার স্বপ্নের বিষয়টি বোঝেন ও তাতে সম্মতি আছে। সন্তানের নিজের স্বপ্নটাকে ভেঙে দেবেন না। ধরুন আপনি স্বপ্ন দেখেন, আপনার সন্তান বড় হয়ে চিকিত্সক হবে। কিন্তু আপনার সন্তান স্বপ্ন দেখে সে বড় হয়ে প্রকৌশলী হবে। এমন ক্ষেত্রে সন্তানকে বোঝাতে হবে। যদি সন্তান তার নিজের সিদ্ধান্তে অটল থাকে, তাহলে তার স্বপ্নটাকেই মূল্যায়ন করতে হবে। এতে ভালো ফলাফল আশা করা যায়। মনে রাখবেন, নিজের সম্পর্কে যে স্বপ্ন দেখে সে ছোট নয়। নিজেকে বুঝেই হয়তো আপনার সন্তান স্বপ্নটা দেখছে। তাই তার স্বপ্নের মতো করেই তার যত্ন নিতে হবে।স্বাধীনতা দিতে হবে সন্তানদের: ছুটির দিনে সন্তানেরা মা-বাবার সঙ্গে কাটাবে, এমন ধারণা বা চিন্তা-চেতনায় পরিবর্তন এসেছে। ছুটির দিনে সন্তানও চাইতে পারে তার বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়ার, সময় কাটানোর। এ ক্ষেত্রে সন্তানদের ভুল বুঝবেন না। ক্ষেত্র বিশেষে তাদের এই চাওয়াগুলোকেও সমর্থন করতে হবে। সন্তানদের প্রতি ভালোবাসার প্রকাশ ঘটাতে হবে: আপনি যে সন্তানদের ভালোবাসেন, আদর করেন—তাদের সেটা বোঝাতে হবে। সন্তানদের বোঝাতে হবে তাদের কোন কাজটা ভালো, আর কোন কাজটা খারাপ। তাদের প্রতিটা কাজের সামনে থাকার চেষ্টা করুন। সন্তানদের কাজকর্মে মা-বাবার সমর্থন থাকাটা তাদের জন্যই খুব জরুরি। এতে সন্তানদের আত্মবিশ্বাসটা বেড়ে যাবে বহুগুণ। টি এস রাও বলেছেন, অনেক সন্তানই তাদের বাবার সঙ্গে খোলামেলাভাবে মিশতে বিব্রত বোধ করে। এ ক্ষেত্রে বাবাদের উচিত শৃঙ্খলা ও সন্তানদের প্রতি ভালোবাসার মধ্যে একটি ভারসাম্য তৈরি করা। দ্য টাইমস অব ইন্ডিয়া অবলম্বনে।