‘যানজটে ভিজে সারা গা...!’ নচিকেতার নগরজীবনমুখী একটি গানের এ কথার সঙ্গে ট্রাফিক পুলিশের কর্মব্যস্ততার ছবি চোখে ভেসে ওঠে। রোদ-বৃষ্টি-ঝড়ে কত না কঠিন আর কত না কষ্টের এ কাজ! যেন ‘কঠিনেরে ভালোবাসিলাম’ বলে চাকরিজীবনের শুরুতেই এমন দায়িত্বে ব্রতী হয়েছেন ১০ জন নারী পুলিশ। রাস্তায় নেমে ট্রাফিকের দায়িত্ব পালন করছেন তাঁরা। প্রায় দুই সপ্তাহ ধরে চলছে এ কর্মযজ্ঞ। ‘পারব কি না ভাবছিলাম, এখন মনে হচ্ছে পারবই।’ এই হচ্ছে মাঠে কাজ করার অভিজ্ঞতায় তাঁদের প্রতিক্রিয়া। যেদিন শুরুসিলেট নগরের নাইওরপুল মোড়। চারটি রাস্তার মিলনস্থল। দিনমান ব্যস্ততা। যেদিন শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকে, সেদিন এ ব্যস্ততা কয়েক গুণ বেড়ে যায়। শিক্ষার্থীদের সঙ্গে অভিভাবকদের আসা-যাওয়া চার রাস্তার মোড়কে আরও ব্যস্ত করে তোলে। সেদিন নাইওরপুল মোড় দিয়ে যাতায়াতকারীদের মধ্যে ছিল ঔৎসুক্য। হাতের ইশারায় যানবাহনের ঠায় দাঁড়িয়ে থাকার মধ্যে যেন একধরনের প্রথম দেখার আনন্দ। কারণ রাস্তায় যানবাহন আর মানুষজন সামাল দিতে কর্তব্যরত পুরুষ ট্রাফিক পুলিশের সঙ্গে সমান দায়িত্ব নিয়ে নারী ট্রাফিক পুলিশও ছিলেন ব্যস্ত। সেদিন ছিল ১৪ মার্চ। সিলেটে প্রথমবারের মতো রাস্তায় নামে নারী ট্রাফিক পুলিশ। সরকারি ছুটির দিন ব্যতীত প্রতিদিন সকালে ও দুপুরে শিক্ষাপ্রতিষ্ঠানকেন্দ্রিক যানজট মোকাবিলায় নারী ট্রাফিক পুলিশ কাজ করছে পুরুষ ট্রাফিক পুলিশের সঙ্গী হয়ে।প্রথম পর্যায়ে পরীক্ষামূলকভাবে ১০ জনের একটি দল সকাল আটটা থেকে বেলা দুইটা পর্যন্ত নগরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পাশে নাইওরপুল, কুমারপাড়া, মীরের ময়দান ও জিন্দাবাজার এলাকায় দায়িত্ব পালন করছে। এই ১০ জনকে পাঁচটি দলে ভাগ করে জিন্দাবাজার এলাকার সরকারি অগ্রগামী বালিকা বিদ্যালয়, নয়াসড়ক এলাকার খাজাঞ্চীবাড়ি ইন্টারন্যাশনাল স্কুল, শাহী ঈদগাহ এলাকার স্কলার্স হোম, মীরের ময়দান এলাকার ব্লু-বার্ড স্কুল অ্যান্ড কলেজ ও কুমারপাড়া এলাকার গ্রামার স্কুলের আশপাশে দায়িত্ব বণ্টন করে দেওয়া হয়েছে। এত দিনের চিরচেনা ট্রাফিক পুলিশের পাশাপাশি রাস্তায় নারী ট্রাফিক পুলিশের প্রায় দুই সপ্তাহের এ দায়িত্ব পালনে ইতিবাচক সাড়া পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশের ট্রাফিক বিভাগ। সময়ের পরিপ্রেক্ষিতে সূচনাসিলেটে ট্রাফিক পুলিশে লোকবল অন্যান্য মহানগরের চেয়ে তুলনামূলক কম। ট্রাফিক সার্জেন্টের ২০টি পদের মধ্যে ১২টি পদ শূন্য। তিনজন ট্রাফিক পরিদর্শক পদের মধ্যে মাত্র একজন কর্মরত আছেন। আর ২০০ ট্রাফিক কনস্টেবল পদের মধ্যে ১০৬টি পদই শূন্য। যানজট পরিস্থিতি নিয়ন্ত্রণে রাস্তায় দায়িত্ব পালনের ৮৪ জন পুরুষ ট্রাফিক পুলিশের সঙ্গে গত ১৪ মার্চ থেকে যুক্ত হলেন ১০ জন নারী ট্রাফিক পুলিশ। ট্রাফিক বিভাগ জানায়, যানজট পরিস্থিতি পর্যবেক্ষণ করে দেখা গেছে, নগরের চারটি এলাকায় মূলত শিক্ষাপ্রতিষ্ঠানকেন্দ্রিক যানজট সৃষ্টি হয়। এতে শিক্ষার্থীদের অভিভাবক হিসেবে নারীরা বেশি থাকায় রাস্তা পারাপারসহ নানা রকম অসুবিধার মুখে পড়তে হয়। এ পরিস্থিতি কাটিয়ে নগরের যানজট নিয়ন্ত্রণে রাখতে পরীক্ষামূলকভাবে ১০ জন নারী ট্রাফিকের একটি দল ওই চার এলাকায় দায়িত্ব পালন শুরু করেছে। শুরুর দিন দুপুরবেলা নাইওরপুল মোড়ে কর্তব্যরত অবস্থায় ইফফাত আরা ও রুমানা মমতাজ তাঁদের প্রথম দিনের দায়িত্ব পালনের প্রতিক্রিয়া জানান আবেগে আপ্লুত স্বরে। ইফফাত আরা (১৯) বলেন, ‘আমি যানজট নিয়ন্ত্রণে ভালো প্রশিক্ষণ নিয়েছি। এখন প্রশিক্ষণটা কাজে লাগানোর সুযোগ পেলাম।’ মমতাজ বলেন, ‘কাজে নামার আগে মনে হয়েছিল কঠিন কাজ। এখন দেখছি কঠিন কাজটা অনেকখানি সহজ হয়ে গেছে। ভালোই লাগছে।’সিলেট মহানগর পুলিশের (এসএমপি) উপকমিশনার আহসান হাবীব সিলেটের ট্রাফিক ব্যবস্থাপনার বিষয়টি তত্ত্বাবধান করেন। পরীক্ষামূলক হলেও প্রথমবারের মতো নারী পুলিশের ট্রাফিক ব্যবস্থাপনায় মাঠপর্যায়ের দায়িত্বে তিনি সন্তোষ প্রকাশ করেন। আহসান হাবীব প্রথম আলোকে বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের সঙ্গে সাধারণত নারী অভিভাবকেরা বেশি যাতায়াত করেন। ব্যস্ত নগর, যানবাহনও বেশি। এ অবস্থায় পথ চলতে নারী ও শিশু-কিশোরেরা বেশি দুর্ভোগে পড়ে। পরীক্ষামূলক হলেও এ উদ্যোগ সফলতা পাচ্ছে।’ তিনি জানান, পরীক্ষামূলক এ উদ্যোগ থেকে সুবিধা-অসুবিধাগুলো পর্যালোচনা করে পরিপূর্ণভাবে এ ব্যবস্থা কার্যকর করা হবে।প্রথম তাঁরা...‘রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে এ কাজ করা বড় কঠিন। মনোবল ছিল। শুরুতে পারব কি না ভাবছিলাম, এখন মনে হচ্ছে পারবই।’ নগরের শাহী ঈদগাহ এলাকায় স্কলার্স হোমের শিক্ষার্থীদের রাস্তা পারাপারের ওপর নজর রেখে কথা বলছিলেন ববিতা রানী দেব। মৌলভীবাজারের কুলাউড়ায় তাঁর বাড়ি। পরিবারে তিনি দ্বিতীয় সন্তান। বাবা নেই। মা, বড় বোন আর ছোট ভাইকে নিয়ে ববিতার পরিবার। গত ২৫ ফেব্রুয়ারি ববিতা পুলিশের কনস্টেবল পদে চাকরি নিয়েছেন। মৌলভীবাজার সরকারি কলেজের ছাত্রী ছিলেন তিনি। পলিটিক্যাল স্টাডিজ ছিল তাঁর বিষয়। চাকরি হওয়ায় ববিতা এখন প্রাইভেট শিক্ষাপ্রতিষ্ঠানে গ্র্যাজুয়েশন করবেন বলে স্থির করেছেন। চাকরিজীবনের প্রথম কর্মস্থল সিলেট এবং ট্রাফিক ব্যবস্থাপনায় প্রথম দায়িত্ব পাওয়ায় নিজেকে গর্বিত মনে করেন ববিতা। বললেন, ‘আমাদের দিয়ে একটি কাজের শুভ-সূচনা হয়েছে, তাতে আরও বেশি ভালো লাগছে!’ মা দীপ্তি রানী চেয়েছিলেন, ববিতা আইন বিষয়ে পড়াশোনা করবেন। এখন পুলিশে চাকরি হওয়ায় সে চাওয়া পূর্ণ না হলেও তিনি চাইছেন, ববিতা চাকরিতে থেকেও উচ্চশিক্ষায় শিক্ষিত হোন। ববিতা জানালেন, মায়ের ইচ্ছে পূরণ করবেন তিনি। নতুন একটি দায়িত্ব পালনের অভিজ্ঞতায় ববিতা দৃঢ় কণ্ঠে বলেন, ‘আমরা মেয়েরা মাঠে কাজ করায় কিছু বাড়তি দায়িত্ব মানবিকভাবে চলে আসে। সেগুলোও আমরা সানন্দে করে থাকি। যেমন, শিক্ষার্থীদের নারী অভিভাবকেরা পরিবেশ-পরিস্থিতি গল্পচ্ছলে বর্ণনা করেন। তাতে আমি অন্তত মনে করি, পুলিশ ও জনগণের মধ্যে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ার কথা বলা হয়ে থাকে, তার একটা হাতেখড়িও হয়ে যচ্ছে।’ ববিতার মতো অন্যদের প্রতিক্রিয়াও অভিন্ন। লাকি খাতুন, ইফফাত আরা, মমতাজ, জুলেখা খাতুন, বীথি পারভীন, আসমানী খাতুন, শিরিন বেগম, শহিদা আক্তার ও রূপা আক্তার মিলে তাঁরা প্রথম ১০ জন। সিলেটের মাটিতে প্রথম নারী ট্রাফিক পুলিশ হিসেবে মাঠে কাজ করার অভিজ্ঞতা তাঁদের। এ শুধু অভিজ্ঞতা নয়, প্রথম শুভ-সূচনাকারীর কৃতিত্বও। ট্রাফিক পুলিশের নিয়ন্ত্রণ দপ্তরে কর্তব্যরত কনস্টেবল মিন্টু কুমার বর্মণ এভাবেই জানালেন নারী সহকর্মীদের প্রসঙ্গে তাঁর মতামত। তিনি বলেন, ‘আমরা নিজেরাও তো দেখছি, ওরা পুরুষ সদস্যদের সঙ্গে সমানতালে পাল্লা দিয়ে দায়িত্ব পালন করছে।’ ঔৎসুক্য যেন উত্ত্যক্ত করার পর্যায়ে না যায়শিক্ষাপ্রতিষ্ঠানকেন্দ্রিক যানজট মোকাবিলায় ট্রাফিক পুলিশ প্রশাসনের এটি একটি ভালো উদ্যোগ বলে অভিহিত করেন ব্লু-বার্ড স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ বেগম সুলতানা। তিনি বলেন, ‘ট্রাফিক পুলিশ বিভাগ একটি ভালো উদ্যোগ নিয়েছে। আমি কয়েক দিন তাদের কাজ পর্যবেক্ষণ করে দেখেছি, তারা খুবই ভালো করছে।’ নারী ট্রাফিক পুলিশ সমাজের জন্য ইতিবাচক বলে মন্তব্য করেন সরকারি অগ্রগামী বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মান্নান। তিনি বলেন, ‘আমরা প্রতিষ্ঠানের সকলেই আন্তরিকভাবে তাদের সহযোগিতা করছি। কাজও খারাপ করছে না তারা। তার পরও তো নারী। এ জন্য কর্তৃপক্ষকে বাড়তি খেয়াল রাখতে হবে।’ সিলেট সরকারি মহিলা কলেজের সহযোগী অধ্যাপক অরুণ পাল তাঁদের শিক্ষাপ্রতিষ্ঠানের আশাপাশে নারী ট্রাফিক পুলিশ দেওয়ার দাবি জানিয়ে বলেন, ‘পুরুষদের পাশাপাশি নারীরা কাজ করবে এটাই স্বাভাবিক। নারীরা কোনোভাবেই পুরুষদের চেয়ে পিছিয়ে নেই। নারী ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন এখন আরেকটি দৃষ্টান্ত।’ সিলেটে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল সমর্থিত নাগরিক সংগঠন সচেতন নাগরিক কমিটির (সনাক) আহ্বায়ক ফারুক মাহমুদ চৌধুরী বলেন, ‘সিলেটে পুলিশ কিংবা ট্রাফিক পুলিশ হিসেবে নারীদের কর্মতৎপরতায় সাধারণ মানুষের মধ্যে কিছুটা অতি-উৎসুক দৃষ্টি দেখা দেয়। হয়তো নতুন বলে এমন হচ্ছে। কিন্তু এ ধরনের অতি-ঔৎসুক্য কাজে ব্যাঘাত ঘটায়। এ ঔৎসুক্য যেন উত্ত্যক্ত করার পর্যায়ে না যায় সেদিকটি বিশেষ নজরে রাখতে হবে।’ সিলেটের প্রেক্ষাপট বিবেচনায় মহানগর পুলিশের এ উদ্যোগকে একটি সাহসী উদ্যোগ আখ্যায়িত করে বাংলাদেশ মহিলা পরিষদ সিলেটের সভানেত্রী খুশি চৌধুরী বলেন, ‘রাস্তাঘাটে প্রায়ই দেখা যায়, নারীরা রাস্তা পারাপারে নানা রকম বিড়ম্বনার মুখে পড়ে। এ সময় যদি রাস্তায় নারী ট্রাফিক পুলিশ থাকে, তাহলে তাদের জন্য বিশেষ সুবিধা হয়। দেরিতে হলেও সিলেটে এ ব্যবস্থা চালু করায় আমরা পুলিশ বিভাগকে ধন্যবাদ জানাই। আমরা চাই, নারীরা পুরুষের পাশাপাশি সমানভাবে এগিয়ে আসুক।’